img

৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা, আর্থিক প্রতিবেদন অনুমোদনের প্রস্তুতি

প্রকাশিত :  ০৮:১০, ১১ নভেম্বর ২০২৬

৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা, আর্থিক প্রতিবেদন অনুমোদনের প্রস্তুতি

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি তাদের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। এর মধ্যে চারটি কোম্পানি ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করবে। অন্যদিকে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ ২০২৬ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য সভা আহ্বান করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন্স, ২০১৫-এর ১৬(১) ও ১৯(১) বিধি অনুযায়ী কোম্পানিগুলো বোর্ড সভার এ তথ্য জানিয়েছে। ডিএসই সূত্রে বিষয়টি জানা গেছে।

কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ ও সময় নিচে তুলে ধরা হলো—

১২ নভেম্বর

স্টাইলক্রাফ্ট লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে দুপুর ২টা ৪৫ মিনিটে। সভায় ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

১৪ নভেম্বর

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা বসবে সকাল ১১টায়। সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

১৫ নভেম্বর

আফতাব অটোমোবাইলস লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকেল ৩টা ৩০ মিনিটে।

নাভানা সিএনজি লিমিটেড: একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

উভয় কোম্পানির সভায় ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

১৮ নভেম্বর

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি: কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়। সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

এ ছাড়া একই সভায় ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিক, ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক এবং ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

বোর্ড সভাগুলোর সিদ্ধান্তের ওপর ভিত্তি করে কোম্পানিগুলোর সর্বশেষ আর্থিক অবস্থান, আয়-ব্যয় ও মুনাফার চিত্র সম্পর্কে ধারণা পাবেন বিনিয়োগকারীরা।

img

রমজানে মূল্যবৃদ্ধি ঠেকাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত :  ০৯:০৬, ১১ নভেম্বর ২০২৬

পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে ১০টি পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে (ইউসেন্স) আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধায় আমদানিকারকরা পণ্য হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

নতুন নির্দেশনার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানি করা যাবে। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে এসব পণ্য আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, প্রতিবছর রমজানে যেসব ভোগ্যপণ্যের চাহিদা বেশি থাকে, সেগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানিকারকরা যাতে আগেভাগে পণ্য আমদানির উদ্যোগ নিতে পারেন, সে জন্য ব্যাংকগুলোকে ৯০ দিন পর্যন্ত বায়ার্স ক্রেডিট বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ আমদানির বিপরীতে ৯০ দিন পর মূল্য পরিশোধ করা যাবে।মানচিত্র দেখুন

তিনি বলেন, ‘আমরা চাই না রমজানকে কেন্দ্র করে মানুষের ওপর দ্রব্যমূল্যের বাড়তি চাপ তৈরি হোক। সাধারণ মানুষ যেন তুলনামূলক সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে জন্যই মূলত এই সার্কুলার জারি করা হয়েছে। আমদানিকারকরা এখন থেকেই উদ্যোগ নিলে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।’

আরিফ হোসেন খান আরও বলেন, পণ্যের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি তৈরি হলে দাম বেড়ে যায়। তাই রমজানের আগেই আমদানির সুযোগ দেওয়া হয়েছে। আমদানিকারকরা পর্যাপ্ত পরিমাণে পণ্য আনতে পারলে বাজারে ঘাটতি তৈরি হবে না এবং মূল্যবৃদ্ধির চাপও কমানো সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, রমজানে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে আমদানিকারকরা পণ্য আমদানির সময় পুরো মূল্য পরিশোধ না করে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে তা পরিশোধ করতে পারবেন।মানচিত্র দেখুন

সার্কুলারে আরও বলা হয়, গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নং-৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে রমজান সামনে রেখে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য আমদানিতে এ সুবিধা সম্প্রসারণ করা হয়েছে।

এ বিষয়ে আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। পাশাপাশি অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে তাদের সংশ্লিষ্ট গ্রাহকদের নতুন নির্দেশনা সম্পর্কে অবহিত করতে বলা হয়েছে।

 

অর্থনীতি এর আরও খবর