img

সাংবাদিক ঝলক দত্তের স্ত্রী সেবা দত্ত আর নেই, শ্রীমঙ্গলে শোকের ছায়া

প্রকাশিত :  ১২:৪২, ১২ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:২০, ১২ নভেম্বর ২০২৬

সাংবাদিক ঝলক দত্তের স্ত্রী সেবা দত্ত আর নেই, শ্রীমঙ্গলে শোকের ছায়া

সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক ঝলক দত্তের সহধর্মিণী সেবা দত্ত (৪১) আর নেই। দীর্ঘদিন ধরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর মৃত্যুতে সাংবাদিক ঝলক দত্তের পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে সেবা দত্তের বয়স হয়েছিল ৪১ বছর। তিনি স্বামী সাংবাদিক ঝলক দত্ত, আগামী ১৮ নভেম্বর পাঁচ বছর পূর্ণ হতে যাওয়া একমাত্র কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মাত্র পাঁচ বছরে পা দিতে যাওয়া শিশুকন্যাটির মাথার ওপর থেকে মায়ের স্নেহের ছায়া সরে যাওয়া এবং দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারিয়ে ঝলক দত্তের এই শোক ও বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। তাঁর এই অকালপ্রয়াণে পরিবারটির জীবনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

সেবা দত্তের মৃত্যুতে শ্রীমঙ্গলের সাংবাদিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষক সমাজের প্রতিনিধিরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁরা সাংবাদিক ঝলক দত্তের বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং আনুষ্ঠানিকভাবে শোকবার্তা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

সহকর্মী ও শুভানুধ্যায়ীরা প্রয়াত সেবা দত্তের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন। একই সঙ্গে শোকাহত সাংবাদিক ঝলক দত্ত ও তাঁর পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করেছেন।

একজন জীবনসঙ্গীকে হারানোর বেদনার পাশাপাশি ছোট্ট কন্যাসন্তানকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন সাংবাদিক ঝলক দত্ত। এই দুঃসময়ে তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সহকর্মীরা।

সিলেটের খবর এর আরও খবর

img

সিলেটে সোনালী ব্যাংকের একাউন্ট থেকে আইনজীবীর ৩৫ লাখ টাকা লোপাট

প্রকাশিত :  ০৮:৪৭, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে সোনালী ব্যাংকের একটি হিসাব থেকে এক আইনজীবীর ৩৫ লাখ টাকা গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। ওই আইনজীবীর দাবি, তাঁর অজান্তেই ডিজিটাল লেনদেনের মাধ্যমে ব্যাংক হিসাব থেকে এই বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়া হয়েছে।

ভুক্তভোগী ড. দিলীপ কুমার দাশ চৌধুরী সিলেট জেলা বারের প্রবীন আইনজীবী ও শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ।

সোনালী ব্যাংকের সিলেট কোর্ট বিল্ডিং শাখার একাউন্ট থেকে এই বিপুল অংকের টাকা লোপাট হয়। দিলীপ কুমারের অভিযোগ, এই ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনও ব্যাংক কর্তৃপক্ষ বা পুলিশের কাছ থেকে তেমন সহযোগীতা পাননি তিনি।

দিলীপ কুমার জানান, নিজের জীবনের সব সঞ্চয় জমা রেখেছিলেন এই ব্যাংক একাউন্টে। সব হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

প্রতারণার বিষয়টি ধরা পড়ে গত সোমবার (৯ নভেম্বর)। এদিন, ২০ হাজা্র টাকার একটি চেক দিয়ে একজনকে ব্যাংকে পাঠান ড. দিলীপ। তবে ব্যাংক থেকে জানানো হয়- তার একাউন্টে কোন টাকা নেই।

পরে ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারেন, গত ২ থেকে ৯ নভেম্বর ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর মাধ্যমে তার একাউন্ট থেকে ৩৫ লাখ টাকা স্থানান্তর করা হয়েছে। কয়েকদফায় এই টাকা স্থানান্তর করা হয়।

ড. দিলীপ কুমার দাশ চৌধুরী বলেন, আমার ই-ওয়ালেট বা ডিজিটাল ব্যাংকিং অ্যাপস নেই। ডিজিটাল লেনদেন আমি কখনো করিনি। তিনি বলেন, আমার অজান্তেই আমার ব্যাংক একাউন্ট থেকে ৩৫ লাখ টাকা গায়েব হয়। টাকা স্থান্তরের কোন ম্যাসেজও আমার মোবাইলে আসেনি।

প্রবীণ এই আইনজীবী বলেন, এ ব্যাপারে আমি ব্যাংক কর্তৃপক্ষ ও কতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত টাকা উদ্ধারে তাদের কাছ থেকে কোন দৃশ্যমান পদক্ষেপ দেখিনি।

তিনি বলেন, কালকে পুলিশ এসেছিলো। তারা এসে বলছে- এটি ব্যাংকের বিষয়। আর ব্যাংক কর্তৃপক্ষ বলছে- তারা খতিয়ে দেখছে।

ড. দিলীপ বলেন, এই একাউন্টে আমার সঞ্চয়ের সব টাকা জমা ছিল। এই টাকা না পেলে আমি নিঃস্ব হয়ে যাব।

এ ব্যাপারে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার এজিএম মো. ওয়ারিসুল ইসলাম বলেন, এই অভিযোগ পেয়েছি। এর সাথে যেহেতু আমার ব্যাংকের সুনামের বিষয় জড়িত তাই ব্র্যাঞ্চের পক্ষ থেকে তার টাকা উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করবো।

টাকা খোয়া যাওয়ার সাথে ব্যাংকের নিরাপত্তা ব্যববস্থায় কোন গাফিলতি আছে কী না তাও খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, টাকাগুলো কোন কোন একাউন্টে হস্তান্তর করা হয়েছে এবং এর সাথে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। লেনদেনের ডিজিটাল তথ্য সংগ্রহ, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা যাছাই বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সিলেটের খবর এর আরও খবর