img

দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

প্রকাশিত :  ০৫:২৪, ১৪ নভেম্বর ২০২৬

দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে । এবার ভরিতে একলাফে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। এতে টানা ৫ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ১২ হাজার ৭১ টাকা।

আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে টানা পঞ্চমবারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

তবে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকা দরে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) দেশের বাজারে টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওইদিন ভরিতে ২ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

অর্থনীতি এর আরও খবর

img

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মহাপরিকল্পনা

প্রকাশিত :  ০৬:৩৯, ১৪ নভেম্বর ২০২৬

বিনিয়োগ বৃদ্ধি, শিল্পের সম্প্রসারণ ও রপ্তানি আয় বাড়ানোর মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতির আকার ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা দূর করা, দক্ষ জনশক্তি গড়ে তোলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।

একই সঙ্গে পাটকল পুনরুজ্জীবন, কৃষক ও নিম্ন আয়ের পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং ব্যাংকিং খাতে সংস্কারের উদ্যোগও রয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট দলিলে সরকারের এ রূপান্তর পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ানো এবং বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির মধ্যে কার্যকর সংযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক উৎপাদন ও রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে কাজ করছে সরকার।

এ জন্য ব্যবসার ব্যয় কমানো, অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ শিথিল, অর্থায়ন সহজ করা এবং পরিবহনব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বাজেটের লক্ষ্য অনুযায়ী, আগামী অর্থবছরগুলোতে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধারাবাহিক নিম্নগতি দেখা গেছে। ২০০৫-০৬ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৭৮ শতাংশ।

২০২৪-২৫ অর্থবছরে সেটি কমে দাঁড়ায় ৩ দশমিক ৪৯ শতাংশে। কাঠামোগত দুর্বলতা, উচ্চ সুদহার, দুর্নীতি, জ্বালানি সংকট ও দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতিকে এ পরিস্থিতির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ১১ দশমিক ৬৬ শতাংশে পৌঁছেছিল।

২০৩০-৩১ অর্থবছরের মধ্যে প্রবৃদ্ধি ৮ দশমিক ৫ শতাংশে উন্নীত করার পাশাপাশি মূল্যস্ফীতি ৫ শতাংশে নামানোর লক্ষ্য রয়েছে। ওই সময় জিডিপির ২ দশমিক ৭ শতাংশ বিদেশি বিনিয়োগ এবং মোট বিনিয়োগ ৪০ শতাংশে উন্নীত করার পরিকল্পনাও করা হয়েছে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে তিন পর্যায়ের ‘থ্রি-আর’ কৌশল নেওয়া হয়েছে। প্রথম এক বছরে অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সুরক্ষা ও সরকারি সেবার উন্নয়নে কাজ হবে। পরে তিন বছরে রাজস্ব আদায় বাড়ানো, ব্যাংক খাতের সংস্কার, বেসরকারি বিনিয়োগ এবং রপ্তানি বহুমুখীকরণে জোর দেওয়া হবে। শেষ পাঁচ বছরে প্রযুক্তিগত সক্ষমতা, ডিজিটাল রূপান্তর, দক্ষতা উন্নয়ন ও বৈশ্বিক বাজারের সঙ্গে অর্থনীতির সংযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

শিল্প খাতে পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থান তৈরির উদ্যোগও এগোচ্ছে। বিজেএমসির ইজারা দেওয়া ১৭টি পাটকলের মধ্যে নয়টিতে উৎপাদন শুরু হয়েছে। এতে কাজ পেয়েছেন প্রায় ৯ হাজার ৫০০ মানুষ। আরো তিনটি কারখানা চালুর প্রস্তুতি চলছে। পুরো উদ্যোগে নতুন করে ৫০ হাজার থেকে ৬০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে ইজারা চুক্তির ফলে ৬১৯ কোটি টাকা বিনিয়োগ এবং বছরে এক হাজার ১৭৫ কোটি টাকা রাজস্ব আয়ের সুযোগ তৈরি হয়েছে।

সামাজিক সহায়তার অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রস্তুতি চলছে। এতে যুক্ত হবেন প্রায় ৭২ হাজার স্বেচ্ছাসেবক। ফার্মার কার্ডের আওতায় আগামী অর্থবছরে ৪৩ লাখ কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে। দীর্ঘ মেয়াদে সুবিধা পাবেন ২ কোটি ৪০ লাখ ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষক। যোগ্য প্রত্যেকে বছরে ২ হাজার ৫০০ টাকা সহায়তা পাবেন।

এ ছাড়া চার বছরে ১৪ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন বা পুনঃখননের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে ছয় মাসে ৩৭৭ কিলোমিটার কাজ শেষ হয়েছে। ধর্মীয় সেবাদানকারীদের সহায়তা কর্মসূচিতে আগামী অর্থবছরে প্রায় ৬০ হাজার মানুষকে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

জ্বালানি খাতে প্রায় ১৫০টি গ্যাসকূপ উন্নয়ন, এলএনজি টার্মিনালের সক্ষমতা বাড়ানো এবং সৌরবিদ্যুতের প্রসারে প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে করছাড়, স্বল্প সুদের ঋণ এবং উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় বিক্রির সুযোগ রাখার প্রস্তাব রয়েছে।

পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ানো, আমদানি নিয়ন্ত্রণ এবং মুদ্রা ও রাজস্বনীতির সমন্বয় উন্নত করার পরিকল্পনা রয়েছে। সড়ক, সেতু ও রেল যোগাযোগের উন্নয়ন এবং পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়ানোর বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকারের প্রত্যাশা, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে, উৎপাদন বাড়বে এবং নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে। এর মধ্য দিয়ে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে পৌঁছাতে চায় সরকার।

অর্থনীতি এর আরও খবর