img

হোয়াইটচ্যাপেলকে নিয়ে ভালোবাসার গান

প্রকাশিত :  ২১:১৫, ১৪ নভেম্বর ২০২৬

হোয়াইটচ্যাপেলকে নিয়ে ভালোবাসার গান

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে হোয়াইটচ্যাপেলের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের গল্পকে কেন্দ্র করে নতুন জনশিল্পকর্ম ‘এ লাভ সং ফর হোয়াইটচ্যাপেল’ উন্মোচন করা হয়েছে। শিল্পী আয়া হাইদার নির্মিত এই প্রকল্পে বিভিন্ন প্রজন্মের মানুষ একত্র হয়ে এলাকার স্মৃতি, ঐতিহ্য ও পরিচয়কে উদযাপন করেছেন।

প্রকল্পের অংশ হিসেবে সোয়ানলি স্কুলের শিক্ষার্থী এবং পূর্ব লন্ডনের প্রবীণদের সংগঠন ‘বো গিজার্স’-এর সদস্যরা একাধিক কর্মশালায় অংশ নেন। সেখানে তারা হোয়াইটচ্যাপেলকে ঘিরে নিজেদের অভিজ্ঞতা, অভিবাসনের গল্প, ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আলোচনা করেন। বয়স, পটভূমি ও পূর্ব লন্ডনের সঙ্গে সম্পর্কের ভিন্নতার কারণে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন। তবে এসব ভিন্নতার মাঝেও তারা খুঁজে পান অভিন্ন স্মৃতি, অনুভূতি ও অভিজ্ঞতার ছোঁয়া।

পরবর্তীতে তারা একটি আন্তঃপ্রজন্ম কর্মশালায় অংশ নেন, যার ভিত্তি ছিল ঐতিহ্যবাহী ‘ককনি নী‘জ আপ’ আয়োজন। সংগীতশিল্পী টম ক্যারাডাইন-এর সহায়তায় তারা গান ও গীতরচনা কর্মশালার মাধ্যমে নিজেদের স্মৃতি ও গল্পকে সুরের রূপ দেন। সেই অভিজ্ঞতা, স্মৃতি এবং কথোপকথনের ওপর ভিত্তি করেই তৈরি হয় ‘এ লাভ সং ফর হোয়াইটচ্যাপেল’।

গানটির কোরাসের কিছু পঙক্তি বর্তমানে হোয়াইটচ্যাপেল মার্কেটের পাশের একটি ভবনে আলোক প্রক্ষেপণের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে। বারার অন্যতম ব্যস্ত জনসমাগমপূর্ণ স্থানে অবস্থিত এই শিল্পকর্মটি বাসিন্দা, ক্রেতা, বাজার ব্যবসায়ী এবং দর্শনার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন। ৩০৭ হোয়াইটচ্যাপেল রোডে স্থাপিত এই শিল্পকর্ম অক্টোবর ২০২৭ পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

শিল্পী আয়া হাইদার বলেন, “এ লাভ সং ফর হোয়াইটচ্যাপেল’ প্রকল্পটি দুই প্রজন্মকে একত্রিত করেছে। তাদের পরিচয়, অভিবাসন এবং অন্তর্ভুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার একটি সুযোগ তৈরি করেছে। আমরা মতপার্থক্য দূর করার চেষ্টা করিনি; বরং একই জায়গাকে মানুষ কীভাবে ভিন্নভাবে অনুভব করে তা শুনেছি এবং সেসবের মধ্যে অপ্রত্যাশিত মিল খুঁজে পেয়েছি। এই গানটি বিভিন্ন কণ্ঠকে একত্রে ধারণ করেছে এবং হোয়াইটচ্যাপেলের বহুমাত্রিক ইতিহাস ও এখানকার মানুষের ঘরবাড়ির অনুভূতিকে উদযাপন করেছে।”

ইউপি প্রজেক্ট-এর ফাউন্ডার ও চীফ এক্সিকিউটিভ এমা আন্ডারহিল বলেন, “টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সঙ্গে অংশীদারিত্বে আয়া হাইদারের এই কাজ কিউরেট ও প্রযোজনা করতে পেরে আমরা গর্বিত। এই গুরুত্বপূর্ণ কমিশন বিভিন্ন কমিউনিটি ও প্রজন্মের মানুষকে একত্রিত করেছে এবং হোয়াইটচ্যাপেল রোডের জন্য একটি সুন্দর শিল্পকর্ম সৃষ্টি করেছে, যা স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের কাছে এলাকার পরিচয় ও বৈশিষ্ট্যকে তুলে ধরে।”

টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন, “হোয়াইটচ্যাপেল সবসময় এখানকার মানুষের দ্বারাই গড়ে উঠেছে, এবং এই অনুপ্রেরণাদায়ী শিল্পকর্মটি এলাকার বিশেষ বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরেছে। তরুণ ও প্রবীণ প্রজন্মকে একত্রিত করে এটি হোয়াইটচ্যাপেলের ইতিহাস, সংস্কৃতি ও বহুমুখী কণ্ঠকে উদযাপন করছে। আমি বাসিন্দা ও দর্শনার্থীদের হোয়াইটচ্যাপেল রোডে প্রদর্শিত আলোকচিত্রটি দেখতে এবং হোয়াইটচ্যাপেল গ্যালারিতে গিয়ে গানটি শোনার আহ্বান জানাই। এই অনন্য প্রকল্পটি বাস্তবায়নে যুক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ।”

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেইজার, কালচার এবং ট্যুরিজম বিষয়ক লিড মেম্বার কাউন্সিলার মিনার খাতুন  বলেন, “হোয়াইটচ্যাপেল আমাদের বারার একটি প্রাণবন্ত এলাক, যেখানে অবস্থিত আমাদের টাউন হল এবং পুরস্কারপ্রাপ্ত হোয়াইটচ্যাপেল মার্কেট। এখানে নানা পেশা, সংস্কৃতি ও পটভূমির মানুষের বসবাস, তাই এই এলাকার জন্য একটি ভালোবাসার গান প্রাপ্য ছিল। শিল্প ও সংস্কৃতি যে হোয়াইটচ্যাপেল রোডের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভূমিকা রাখছে, তা দেখে আমি আনন্দিত। এটি বিভিন্ন প্রজন্মকে একত্রিত করে এমন একটি সৃষ্টিশীল উদ্যোগ গড়ে তুলেছে, যা সবাই উপভোগ করতে পারবেন।”

শিল্পকর্মটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হোয়াইটচ্যাপেল রোড ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম-এর অংশ, যার মাধ্যমে এলাকার উন্নয়নের পাশাপাশি শিল্প, সংস্কৃতি এবং স্থানীয় ঐতিহ্য সংরক্ষণে বিনিয়োগ করা হচ্ছে।

দর্শনার্থীরা হোয়াইটচ্যাপেল গ্যালারিতে স্থাপিত বিশেষ লিসেনিং স্টেশনে গিয়ে সম্পূর্ণ ‘লাভ সং ফর হোয়াইটচ্যাপেল’ গানটি শুনতে পারবেন। প্রদর্শনীটি ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে।

প্রকল্পটির উদ্বোধন উপলক্ষে হোয়াইটচ্যাপেল গ্যালারিতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্পী আয়া হাইদার এবং হোয়াইটচ্যাপেল গ্যালারির অংশগ্রহণ বিষয়ক পরিচালক রিচার্ড মার্টিন প্রকল্পটির পেছনের গল্প ও ইতিহাস নিয়ে আলোচনা করেন। এছাড়া এমা আন্ডারহিল বক্তব্য দেন এবং টম ক্যারাডাইন সরাসরি গানটি পরিবেশন করেন। পরে অতিথিরা হোয়াইটচ্যাপেল মার্কেটের পাশে প্রদর্শিত আলোকশিল্পটি পরিদর্শন করেন।

শিল্পী আয়া হাইদার : আয়া হাইদার লন্ডনের স্লেড স্কুল অব ফাইন আর্ট থেকে ফাইন আর্টে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনার সময় তিনি যুক্তরাষ্ট্রের স্কুল অব দ্য আর্ট ইনস্টিটিউট অব শিকাগো-এ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেন। পরে তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে এনজিও ও ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার শিল্পকর্ম বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে। উল্লেখযোগ্য প্রদর্শনীর মধ্যে রয়েছে ম্যানচেস্টারের দ্য হুইটওয়ার্থ, কেমব্রিজের কেটলস ইয়ার্ড, লন্ডনের ক্রমওয়েল প্লেস, জার্মানির আর্ট বার্লিন কনটেম্পোরারি, দুবাইয়ের আর্ট দুবাই এবং আবুধাবি আর্ট।

আয়া হাইদার বিভিন্ন সামাজিক সম্পৃক্ততামূলক শিল্প প্রকল্পে কাজ করেছেন। তিনি টেট, ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম , শুব্বাক ফেস্টিভ্যালসহ নানা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তার শিল্পকর্ম ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম (লন্ডন), দ্য জামিল কালেকশন (দুবাই) এবং গুগেনহেইম (আবুধাবি)-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সংগ্রহে অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমানে তিনি লন্ডনে বসবাস ও কাজ করছেন।

ইউপি প্রজেক্ট : ইউপি প্রজেক্টস যুক্তরাজ্যের অন্যতম শীর্ষ জনশিল্প সংগঠন, যা সামাজিক সম্পৃক্ততাভিত্তিক জনশিল্প কমিশনিংয়ের জন্য পরিচিত। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের গ্যালারির বাইরে এনে জনপরিসরে এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি করে। দুই দশকেরও বেশি সময় ধরে ইউপি প্রজেক্টস এমন শিল্পকর্ম বাস্তবায়ন করে আসছে, যা স্থানীয় জনগণের অংশগ্রহণ, সামাজিক পরিবর্তন এবং বৈচিত্র্যময় কণ্ঠস্বরকে সামনে নিয়ে আসে। প্রতিষ্ঠানটি জনপরিসরে নতুন ও উদ্ভাবনী শিল্পচর্চা গড়ে তুলতে এবং উদীয়মান শিল্পীদের সুযোগ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


কমিউনিটি এর আরও খবর

img

গ্রেটার ম্যানচেস্টার যুবলীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে শোকসভা অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৩:৪৭, ১৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:২২, ১৩ নভেম্বর ২০২৬

জাতীয় চার নেতার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা, তাঁদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রত্যয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে জেল হত্যা দিবসের শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার লংসাইড বাংলাদেশ হাউসে গ্রেটার ম্যানচেস্টার যুবলীগের উদ্যোগে আয়োজিত এ শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক জহিরুল ইসলাম পাভেল। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ কাইয়ুম চৌধুরী।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় চার নেতার স্মরণে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সোরাবুর রহমান, ব্যারিস্টার ওয়াহিদুর রহমান বিশ্বাস টিপু, ওল্ডহাম আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ সাদেক আহমেদ, রুহুল আমিন চৌধুরী মামুন, জায়েদ ইকবাল মজুমদার, সিটি আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হান্নান, ম্যানচেস্টার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাওসুল ইমাম চৌধুরী সুজন, হাইড যুবলীগের সভাপতি ইকবাল সমুজ, ম্যানচেস্টার যুবলীগের সাবেক সভাপতি শামসু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন কাওসার এবং ম্যানচেস্টার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুল হক ওয়েসসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শোকসভায় বক্তারা বলেন, জাতীয় চার নেতা শুধু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেই নয়, মহান মুক্তিযুদ্ধ পরিচালনা এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাসেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁদের আদর্শ, দেশপ্রেম, রাজনৈতিক প্রজ্ঞা ও আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

কমিউনিটি এর আরও খবর