img

গোপালগঞ্জের আরো এক থানায় আগুন

প্রকাশিত :  ০৭:৩৮, ১৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের আরো এক থানায় আগুন

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া পুলিশের গাড়ি ও থানায় জব্দ করে রাখা গাড়িসহ অন্তত ১০টি যানবাহনে পুড়িয়েছেন তারা। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর করে আগুন দেন দলটির নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে পুলিশ সদস্যরা কেউ ছিলেন না। আজ সকালে নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালান। পরবর্তীতে থানা ভবন ও থানায় রাখা গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেন তারা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে আজ গোপালগঞ্জে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। গতকাল সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ করে রাখা হয়েছে। এতে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।

বাংলাদেশ এর আরও খবর

img

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

প্রকাশিত :  ১০:৩৮, ১৯ নভেম্বর ২০২৬

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৬ জনে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৩০ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৬৪ জন, রাজশাহীতে ২৩ জন, সিলেটে ১৮৩ জন, চট্টগ্রামে ২২৬ জন, বরিশালে ১২৯ জন, ময়মনসিংহে ৭৩ জন, খুলনায় ১১৮ জন এবং রংপুরে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৮৮১ জন।