‘আপা, আপনার সঙ্গে কথা বলতে চাই’, হাসিনাকে সাবেক মন্ত্রী নাহিদ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন- এমন একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত ৬ নভেম্বর দুপুর ১টা ২৪ মিনিটে শেখ হাসিনার হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠান নুরুল ইসলাম নাহিদ। সেখানে তিনি লেখেন, ‘আপা, আমার সালাম নেবেন। আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদে রাখুন। আপনার সঙ্গে কথা বলতে চাই। নুরুল ইসলাম নাহিদ।’
তবে শেখ হাসিনা ওই বার্তাটি সিন করেননি। পরে একই দিন রাত ১০টা ৮ মিনিটে তাকে ফোন করেন নাহিদ। পরদিন ৭ নভেম্বর সকাল ১০টা ৪ মিনিটেও আবার ফোন দেন তিনি। কিন্তু কোনো কলই রিসিভ করেননি শেখ হাসিনা।
তবে এই স্ক্রিনশটটি আসল কিনা- সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত করেনি।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, তারা নুরুল ইসলাম নাহিদের মোবাইল ফোনটি ফরেনসিকে পাঠাবেন। তখন এ বিষয়ে সঠিক তথ্য জানা যাবে।
এর আগে, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন নুরুল ইসলাম নাহিদ। ১৯৯৪ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এরপর সপ্তম, নবম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান নুরুল ইসলাম নাহিদ।
এদিকে, গত ১২ অক্টোবর নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব নেওয়ার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে নুরুল ইসলাম নাহিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তার স্ত্রীর নামে পাওয়া গেছে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদ।



















