img

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রকাশিত :  ১০:০৫, ২১ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে তিনি শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।


জাতীয় এর আরও খবর

img

সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ: পরওয়ার

প্রকাশিত :  ১১:২৭, ২১ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ শনিবার (২১ নভেম্বর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ এখন জঙ্গি কার্যক্রমে লিপ্ত। সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি আদায় করতে পারবে না তারা।’

জুলাই সনদকে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের মূলমন্ত্র উল্লেখ করে তিনি বলেন, ‘গণ-ভোটের রায় না মেনে সরকার ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে। সরকার গণভোট মেনে নিলে রাজপথে লড়াই করে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকিয়ে দেবে জামায়াত।’

সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, ‘জুলাই সনদ ও গণ-ভোটের রায় বাস্তবায়ন হলে ফ্যাসিবাদবিরোধী ঐক্য পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।’

যারা নাশকতা চালাবে, তাদের বিরুদ্ধে এ দেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি

জাতীয় এর আরও খবর