এসএসসিতে জিপিএ-৫ পেলেই মিলবে না ‘ফ্রি ল্যাপটপ’, যেভাবে নির্বাচিত হবেন শিক্ষার্থীরা
এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করা শিক্ষার্থীদের ল্যাপটপ উপহার দেবে সরকার। তবে শুধু জিপিএ-৫ পেলেই এ সুবিধা পাওয়া যাবে না। দেশের ১১টি শিক্ষা বোর্ডে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রথম ধাপে ১ হাজার ১০০ জনকে নির্বাচন করা হবে। পাশাপাশি মেধাতালিকার ১০০তম অবস্থানে নম্বর সমান হওয়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ রাখা হয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে এ উপহার দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বাসসের প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়। প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ উদ্যোগ নিয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, শিক্ষাব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী করার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হবে। সরকারের ক্রয়পদ্ধতি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপ কেনা হবে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
যেভাবে নির্বাচিত হবেন শিক্ষার্থীরা
শিক্ষা বোর্ডভিত্তিক মেধাক্রমের ভিত্তিতে ল্যাপটপের জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড- মোট ১১টি বোর্ড থেকে ১০০ জন করে শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হবেন।
ঢাকা শিক্ষা বোর্ডের কাঠামো অনুযায়ী, শুধু জিপিএ-৫ নয়, বরং পরীক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। প্রতিটি বোর্ডের নির্বাচিত ১০০ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫০ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ শতাংশ শিক্ষার্থী রাখা হয়েছে।
সাধারণ শিক্ষা বোর্ডের অন্য আটটিতেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভাগ ও পরীক্ষার ধরন বিবেচনায় কিছুটা ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বোর্ড থেকে ১০০ জন করে সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী বাছাই করা হয়েছে। সব বোর্ডের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সমান নম্বর পেলেও সুযোগ
প্রাথমিকভাবে ১১টি বোর্ড থেকে ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে মেধাতালিকার ১০০তম অবস্থানে একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাদের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। এ জন্য অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। ফলে সব মিলিয়ে সর্বোচ্চ ১ হাজার ৫০০ শিক্ষার্থী এ সুবিধা পেতে পারেন।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রাথমিক পর্যায়ে ১১টি বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ কার্যক্রমের পরিসর আরও বাড়ানো হবে।
কত টাকা ব্যয় হবে, কবে মিলবে ল্যাপটপ
শিক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণে সরকারের আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হতে পারে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতিও পাওয়া গেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী ও উৎসাহিত করতে সরকার এ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে উচ্চশিক্ষার ক্ষেত্রেও শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষতা বাড়াতে পারবেন।
অন্যদিকে, কর্মসূচির পরিচালক প্রফেসর মো. ফিরোজ আলম জানান, ল্যাপটপগুলো যেন আধুনিক ও মানসম্মত কনফিগারেশনের হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা বোর্ডগুলো নিজস্ব তথ্যভাণ্ডার যাচাই করে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত করবে।
ভবিষ্যতে এইচএসসি পরীক্ষায়ও কৃতী শিক্ষার্থীদের জন্য এ ধরনের প্রণোদনা চালুর পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



















