img

লন্ডনে বর্ণবাদী হামলার শিকার হয়েছিলেন শ্রীমঙ্গলের আহমেদ ইকবাল

প্রকাশিত :  ০৯:২৭, ২৫ নভেম্বর ২০২৬

লন্ডনে বর্ণবাদী হামলার শিকার হয়েছিলেন শ্রীমঙ্গলের  আহমেদ ইকবাল

লন্ডনে বর্ণবাদের হামলার শিকার হয়ে খুন হয়েছিলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সোনার সন্তান আহমেদ ইকবাল শেফা। 
পিতা আলহাজ্ব হাবিব, উল্লামাতা আলহাজ্ব ফাতেমা বেগম, গ্রাম লইয়ারকুল, বাসা সবুজ কুটির, কোর্ট রোড শ্রীমঙ্গল শহর।
জন্ম ১৯৭৩ইং, মৃত্যু ১৭/৯/১৯৮৬ ইং। শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের আলহাজ্ব হাবিব উল্লার তৃতীয় ছেলে আহমেদ ইকবাল। বাবা মায়ের সাথে যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে বসবাস করতেন।  ম্যানচেস্টার বার্নেজ হাইস্কুলের ছাত্র ছিলেন। ১৯৮৬ সালের ১৭ সেপ্টেম্বর বর্ণবাদের শিকার হয়ে  কৃষ্ণাঙ্গ ছাত্রের হাতে মাত্র ১৩ বছর বয়সে  স্কুল মাঠে খুন হন। এই হত্যাকাণ্ড নিয়ে তখন সারা যুক্তরাজ্যব্যাপী সেখানকার  বসবাসরত বাঙ্গালীরা আন্দোলন করেন। সেই সময়কার  বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ নিহত  আহমেদ ইকবালের পরিবারকে শোক জানিয়েছিলেন এবং স্থানীয়  ম্যানচেস্টার সিটি কাউন্সিল তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিলেন।

আহমেদ ইকবাল লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন।  বই পড়া, সৃজনশীল লেখা পছন্দ করতেন এবং খেলাধুলায় খুবই পারদর্শী ছিলেন। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ১৯৯৯ সালে আহমেদ ইকবালের স্মৃতিকে অমর করে রাখার জন্য তার নামানুসারে \"আহমেদ ইকবাল উল্লা রেস রিলেশনস রিসার্চ সেন্টার \"লাইব্রেরী প্রতিষ্ঠা করেন। কমলগঞ্জ উপজেলার বনগাঁ গ্রামে তার নামানুসারে আহমেদ ইকবাল মেমোরিয়াল হাইস্কুল প্রতিষ্ঠা করেছেন তার পরিবার। অকালে ঝরে যাওয়া বাংলাদেশের সোনার সন্তান আহমেদ ইকবালকে ম্যানচেস্টার কবরস্থানে সমাহিত করা হয়েছে।

কমিউনিটি এর আরও খবর

img

প্রবীণদের জন্য ভ্রমণ কর্মসূচি চালু করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

প্রকাশিত :  ১১:৩০, ২৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:৩৭, ২৫ নভেম্বর ২০২৬

রাশিয়া লেন ডে সেন্টারের সেবাগ্রহীতারা ক্যানারি ওয়ার্ফে বিকেলের চা-আড্ডায় অংশ নিয়ে আনন্দঘন সময় কাটান।

প্রবীণ বাসিন্দাদের একাকীত্ব কমানো, মানসিক সুস্থতা বৃদ্ধি এবং সমাজের সঙ্গে আরও সম্পৃক্ত রাখতে নতুন একটি ভ্রমণ কর্মসূচি চালুর প্রস্তাব করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

‘বিনোস’ নামের প্রস্তাবিত কর্মসূচির আওতায় সারা বছর বিভিন্ন সময়ে প্রবীণদের জন্য সমুদ্রসৈকত, পার্ক ও উদ্যান, জাদুঘর, আর্ট গ্যালারি এবং বিভিন্ন সাংস্কৃতিক স্থানে ভ্রমণের আয়োজন করা হবে।

কাউন্সিল এ কর্মসূচির জন্য ৫০ হাজার পাউন্ড বিনিয়োগ করেছে। প্রকল্পটি এমন সময়ে নেওয়া হয়েছে, যখন অনেক প্রবীণ বাসিন্দা আর্থিক কষ্টের মুখোমুখি।

 তথ্য অনুযায়ী, প্রবীণদের আয়সংক্রান্ত বঞ্চনার ক্ষেত্রে টাওয়ার হ্যামলেটস বর্তমানে ইংল্যান্ডের সবচেয়ে বঞ্চিত লোকাল অথরিটি এলাকা। এখানে ৬১ শতাংশ প্রবীণ বাসিন্দা আয়-বঞ্চিত পরিবারে বসবাস করেন।

পরিবহন, বিনোদন ও বিভিন্ন স্থানে প্রবেশমূল্যের ব্যয় বেড়ে যাওয়ায় অনেকের জন্য সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছে।

প্রস্তাব অনুযায়ী, স্বেচ্ছাসেবী, কমিউনিটি ও ধর্মীয় সংগঠনগুলোকে ভ্রমণ ও বিনোদনমূলক কর্মসূচি আয়োজনের জন্য ফান্ড আবেদন করতে আহ্বান জানানো হবে। এতে বারার বিভিন্ন কমিউনিটির প্রবীণদের কাছে পৌঁছানো সহজ হবে। এছাড়া কাউন্সিল নিজস্ব উদ্যোগে কিছু ভ্রমণ আয়োজনের জন্য ১০ হাজার পাউন্ড ব্যয় করবে।

বিশেষ সহায়তা চলাচলে অসুবিধা কিংবা অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন রয়েছে এমন প্রবীণদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হবে।

‘বিনোস’ কর্মসূচি কাউন্সিলের দারিদ্র্য ও বৈষম্য মোকাবিলার বৃহত্তর উদ্যোগের অংশ। সম্প্রতি আর্থিক সংকটে থাকা বাসিন্দাদের সহায়তা, পারিবারিক আয় বৃদ্ধি এবং কমিউনিটির সক্ষমতা জোরদারে ৭ মিলিয়ন পাউন্ডের একটি বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে কাউন্সিল।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন,“বয়স বাড়া কখনোই কাউকে তার কমিউনিটি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কারণ হতে পারে না। অনেক প্রবীণ বাসিন্দা বাইরে বের হওয়া ও আনন্দদায়ক কর্মকাণ্ডে অংশ নেওয়ার ক্ষেত্রে নানা বাধার মুখে পড়েন। সমুদ্রতীরে যাওয়া, জাদুঘর ঘুরে দেখা কিংবা অন্যদের সঙ্গে সময় কাটানোর মতো সাধারণ বিষয়ও অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়ায়।”

মেয়র বলেন, “বিনোস কর্মসূচি নতুন সুযোগ, বন্ধুত্ব এবং স্মৃতি তৈরির একটি উদ্যোগ। এটি দারিদ্র্য মোকাবিলা, সুস্থতা বৃদ্ধি এবং বাসিন্দাদের আরও সুখী, স্বাস্থ্যকর ও সামাজিকভাবে সংযুক্ত জীবন নিশ্চিত করার প্রতিশ্রুতির আরেকটি উদাহরণ।”

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র এবং ক্যাবিনেট মেম্বার ফর ট্যাকলিং ইনইকুয়ালিটি এন্ড দ্য কস্ট অব লিভিং, কাউন্সিলার মাইয়ুম তালুকদার বলেন,“দারিদ্র্য ও একাকীত্ব প্রায়ই একসঙ্গে চলে। আমরা জানি, অনেক প্রবীণ সীমিত আয়ে জীবনযাপন করেন এবং খরচের কারণে সামাজিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এই কর্মসূচি শুধু ভ্রমণের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানসিক সুস্থতা উন্নত করা, সামাজিক বিচ্ছিন্নতা কমানো এবং মানুষের মধ্যে গুরুত্বপূর্ণ সামাজিক বন্ধন গড়ে তুলতে সহায়তা করবে।”

তিনি আরও বলেন, “আমাদের বৃহত্তর দারিদ্র্যবিরোধী কার্যক্রমের পাশাপাশি এটি জীবনের প্রতিটি পর্যায়ে বাসিন্দাদের পাশে থাকার অঙ্গীকারেরই প্রতিফলন।”

কাউন্সিলের দারিদ্র্যবিরোধী উদ্যোগের আওতায় পরিচালিত গবেষণা ও তথ্য-উপাত্তের ভিত্তিতে এই কর্মসূচি তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে, প্রবীণদের আর্থিক সংকট, স্বাস্থ্যগত সমস্যা এবং সামাজিক একাকীত্বের মধ্যে ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে।

আফটারনুন টি আয়োজনে অংশ নেওয়া এক বাসিন্দা বলেন, “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দিনগুলো খুব সহজেই নিঃসঙ্গ হয়ে যেতে পারে, বিশেষ করে যখন পরিবারের সদস্যরা দূরে থাকেন বা আগের মতো চলাফেরা করা সম্ভব হয় না। একটি ভ্রমণ মানুষকে অপেক্ষা করার মতো আনন্দের কিছু দেয়, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এটি মানুষের সঙ্গ পাওয়ার সুযোগ করে দেয়। বাড়িতে একা থাকার পরিবর্তে বাইরে বের হতে পেরে আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলাম।”

যারা ‘বিনোস’ কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী অথবা এমন কাউকে চেনেন যিনি এতে অংশগ্রহণ করতে চান, তারা [email protected] ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে পারেন।

End

কমিউনিটি এর আরও খবর