img

বিদেশে বসে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন প্রবাসী কর্মীরা

প্রকাশিত :  ১৮:৩৭, ০২ অক্টোবর ২০২৪

বিদেশে বসে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন প্রবাসী কর্মীরা

প্রবাসী কর্মীরা বিদেশে বসে যাতে স্বজনদের বিপদে-আপদে পাশে দাঁড়াতে পারেন সে লক্ষ্যে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো প্রবাসীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে। দেশে তাদের মনোনীত ব্যক্তি বা স্বজনরা এই ঋণের টাকা গ্রহণ করতে পারবেন।

চিকিৎসা ব্যয়, গৃহ নির্মাণ ব্যয় বা অন্য যেকোনো প্রয়োজনেই এই ঋণের টাকা খরচ করা যাবে।  বিদেশে বসেই রেমিটেন্স পাঠিয়ে সেই ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন প্রবাসীরা।

ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বাড়াতে প্রবাসী কর্মীদের এই ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, নিয়মিত ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন- এমন অনিবাসী বাংলাদেশিরা এই ঋণ সুবিধা পাবেন। রেমিট্যান্স পাঠানোর প্রবণতার ওপর ভিত্তি করে ওই প্রবাসীর ঋণ মঞ্জুর করবে বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যাংক। চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দিতে পারবে ব্যাংকগুলো।

ব্যাংকের প্রচলিত হারে ওই ঋণের সুদ দিতে হবে। এই ঋণ ছাড়ের ক্ষেত্রে ব্যাংকগুলোকে সব ধরনের নিয়মাচার মেনে চলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত তথ্যে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ২৪০ কোটি ৪৮ লাখ (২ দশমিক ৪০ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন।


img

দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ

প্রকাশিত :  ০৬:৫২, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফের দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। আজ সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

এর আগে গত ১২ সেপ্টেম্বর সবশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভালো মানের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী, মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

বাজুস আরও জানিয়েছে, পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ থাকবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।



অর্থনীতি এর আরও খবর