img

শ্রীমঙ্গলের জানকী ছড়ায় দুর্লভ প্রজাতির পাখি ব্রাউন ফিশ ওউল

প্রকাশিত :  ১৯:০৬, ১৫ মে ২০২৫

শ্রীমঙ্গলের জানকী ছড়ায় দুর্লভ প্রজাতির পাখি ব্রাউন ফিশ ওউল

সংগ্রাম দত্ত: চারিদিকে সবুজ গাছপালা, চা বাগান,  বন জঙ্গল, হাওর, পাহাড়, হ্রদ ও চায়ের রাজধানী বলে দেশ-বিদেশে খ্যাত শ্রীমঙ্গল উপজেলার জানকী ছড়ায় বিরল প্রজাতির ব্রাউন ফিশ  ওউলকে ক্যামেরা বন্দি করেন প্রকৃতিপ্রেমী তারিক হাসান।

মঙ্গলবার ( ১৩ মে) বিকেলের দিকে হঠাৎ করে নামা ঝড়বৃষ্টির মধ্যে শ্রীমঙ্গলের জানকী ছড়া এলাকার এক গাছে দেখা যায় এক বিরল প্রজাতির প্যাঁচা—ব্রাউন ফিশ ওউল (Brown Fish Owl)। প্রকৃতির সেই দুর্লভ মুহূর্তটি ক্যামেরায় ধারণ করেন প্রকৃতি ও পাখিপ্রেমী আলোকচিত্রী তারিক হাসান।

ছবিতে দেখা যায়, গা ভেজা ডালের উপর বসে থাকা প্যাঁচাটি ডানা মেলার প্রস্তুতিতে, চোখে তার তীক্ষ্ণ দৃষ্টি আর দেহভঙ্গিমায় রাজকীয় স্থৈর্য। ঘন সবুজের ভেতরে বাদামী পালকে মোড়া এই নিশাচর পাখিটি যেন এক অনুপম দৃশ্যের অবতারণা করে।

ছবির কবি আলোকচিত্রী তারিক হাসান দীর্ঘদিন ধরে প্রাকৃতিক জীববৈচিত্র্য নিয়ে কাজ করছেন। তার lens-এর ফ্রেমে এই ধরনের দৃশ্য ধরা পড়া শুধুই ভাগ্যের বিষয় নয়, বরং তার ধৈর্য, নিষ্ঠা ও গভীর পর্যবেক্ষণের ফল।

 ব্রাউন ফিশ ওউল বাংলাদেশের পাহাড়ি ও বনাঞ্চলে মাঝে মধ্যে দেখা গেলেও এত কাছ থেকে এবং এমন আবহাওয়ায় দেখা যাওয়া বেশ বিরল ঘটনা। এই প্যাঁচাটি সাধারণত নদী বা ছড়ার ধারে থাকে এবং মূলত মাছ ও ছোট স্তন্যপায়ী খেয়ে থাকে।

আলোকচিত্রী তারিক হাসান শুধু ছবির শিল্পী নন, তিনি প্রকৃতির এক নিবেদিত গবেষক। তার lens-এর মাধ্যমে আমরা যে সৌন্দর্য দেখি, তার পেছনে রয়েছে সময়ের বিনিয়োগ, মনের গভীরতা, আর প্রকৃতির প্রতি এক নিঃস্বার্থ ভালোবাসা। 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকৃতিপ্রেমীদের মাঝে বেশ উৎসাহ তৈরি হয়েছে। অনেকেই এই অসাধারণ ছবির জন্য তারেক হাসানকে অভিনন্দন জানিয়েছেন।

শ্রীমঙ্গলের স্থানীয় সাংবাদিক ঝলক দত্ত তথ্য উপাত্ত দিয়ে প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন।

অন্যদিকে প্রকৃতির এমন নীরব অথচ নান্দনিক সৌন্দর্য ধরে রাখার জন্য তারিক হাসানের ভূমিকাকে সাধুবাদ জানাচ্ছে শ্রীমঙ্গলের সচেতন মহল।


সিলেটের খবর এর আরও খবর

img

মৌলভীবাজারে শুক্লা সিনহার রহস্যজনক মৃত্যু ঘিরে শোক, আতঙ্ক ও নানা প্রশ্ন

প্রকাশিত :  ১০:৩৫, ১৪ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:৫০, ১৪ মে ২০২৬

সংগ্রাম দত্ত: দেশের অন্যতম পর্যটন জেলা শহর মৌলভীবাজারের ব্যস্ততার মাঝেও মুসলিম কোয়ার্টার এলাকার একটি বহুতল ভবন বুধবার (১৩ মে ) রাতের পর থেকে যেন নিস্তব্ধ হয়ে আছে। ছয় তলার একটি ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে শুক্লা সিনহা (২৪) নামে এক তরুণীর মরদেহ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে শোক, আতঙ্ক ও চাঞ্চল্য।

নিহত শুক্লা সিনহা কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের রঞ্জিত সিংহের মেয়ে। চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে তিনি মৌলভীবাজার শহরে একাই বসবাস করতেন। শহরের মুসলিম কোয়ার্টার এলাকার মোছাম্মদ ইয়াফা খানম চৌধুরী ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন তিনি। পাশাপাশি শহরের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মে ) দুপুরের পর থেকে শুক্লার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছিল না। মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে শুক্লার মা পরিচিতজনদের মাধ্যমে মেয়ের খোঁজ নেওয়ার অনুরোধ জানান।

খোঁজ নিতে গিয়ে প্রতিবেশীরা দেখতে পান, ফ্ল্যাটের দরজা ভেতর থেকে আটকানো। দীর্ঘ সময় ডাকাডাকির পরও কোনো সাড়া না মেলায় সন্দেহের সৃষ্টি হয়। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে তারা দেখতে পান, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলছে শুক্লা সিনহার নিথর দেহ। মুহূর্তেই চারপাশে নেমে আসে আতঙ্ক ও শোকের আবহ।

খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

শুক্লার সহকর্মীদের ভাষ্য, তিনি ছিলেন শান্ত, ভদ্র ও দায়িত্বশীল একজন মানুষ। নিয়মিত কর্মস্থলে যেতেন এবং সবার সঙ্গে আন্তরিক আচরণ করতেন। হঠাৎ এমন মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না কেউই।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই একাকী নগরজীবন, মানসিক চাপ ও তরুণ কর্মজীবী নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন।

সবুজ পাহাড় আর চা-বাগানের শান্ত পরিবেশে ঘেরা মৌলভীবাজারে এক তরুণীর এমন মর্মান্তিক মৃত্যু এখন শুধু একটি ঘটনার নাম নয়—এটি হয়ে উঠেছে অসংখ্য প্রশ্ন, শোক আর অজানা রহস্যের প্রতিচ্ছবি।





সিলেটের খবর এর আরও খবর