img

অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে রাজি হতে বাধ্য করা হয়েছিল ফারহাকে?

প্রকাশিত :  ০৯:০৩, ১৫ অক্টোবর ২০২৫

অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে রাজি হতে বাধ্য করা হয়েছিল ফারহাকে?

বলিউড পরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খান জানালেন, নিজের প্রথম দিকের ক্যারিয়ারে এক অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে বাধ্য হয়েই অভিনয় করতে হয়েছিল তাকে।

প্রস্তুত ছিলেন না। এক অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে একরকম বাধ্য হয়েই রাজি হতে হয়েছিল ফারহা খানকে। সম্প্রতি নিজের ভ্লগে জানিয়েছেন পরিচালক তথা প্রযোজক।

বিভিন্ন তারকাদের বাড়িতে গিয়ে আড্ডা দেন ফারহা। সেটাই নিজের ভ্লগে তুলে ধরেন। সম্প্রতি গিয়েছিলেন গায়ক শানের বাড়িতে। সেখানে শানের সঙ্গে ১৯৯২ সালের ছবি ‘যো জিতা ওহি সিকন্দর’ নিয়ে আলোচনা করছিলেন ফারহা। সেই ছবিতে জুনিয়র নৃত্যশিল্পী হিসেবে ছিলেন ফারহা। কিন্তু প্রথমে সহ-পরিচালক হিসেবে এই ছবিতে যোগ দিয়েছিলেন।

ফারহা বলেন, “আমি আসলে সহ-পরিচালক হিসেবে যোগ দিই। তার পরে দেখা যায়, নৃত্যশিল্পীর অভাব রয়েছে। তখন আমি কোরিয়োগ্রাফিতে সাহায্য করতে শুরু করি। যখনই কোনও নৃত্যশিল্পী অনুপস্থিত থাকতেন, সেই জায়গায় আমাকে ঠেলে দেওয়া হত।”

এই ভাবেই অভিনেতা দীপক তিজোরির সঙ্গে একটি চুম্বন দৃশ্যে সম্মত হতে বাধ্য হন ফারহা। তিনি বলেন, “একটা দৃশ্য ছিল ছবিতে, যেখানে দীপক তিজোরি আমার গালে চুমু খাবেন। আসলে ওই দৃশ্যে যে মেয়েটির থাকার কথা ছিল, তিনি রাজি হননি। তাই আমাকে করতে হয়েছিল ওই দৃশ্যটি।”

এই শুনে হেসে ওঠেন শান। পারিশ্রমিক নিয়েও আলোচনা হয় তাঁদের মধ্যে। শান বলেন, সেই ছবির জন্য প্রতিদিন ১৫০ টাকা করে পেতেন। অন্যেরা পেতেন ৭৫ টাকা করে। এই শুনে চমকে ওঠেন ফারহা খান। তিনি বলেন, “আরে, তুমি পারিশ্রমিক পেয়েছিলে? আমি তো কোনও পারিশ্রমিকই পাইনি। কিন্তু ওই ছবিটা আমাকে যা যা দিয়েছে তা কোনও চেক দিতে পারত না। ওই ছবিটা আমার জীবন বদলে দিয়েছিল।”

img

স্বপ্নপূরণ হচ্ছে তাসনিয়া ফারিণের

প্রকাশিত :  ১৩:৫৩, ০৫ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৪:১৯, ০৫ ডিসেম্বর ২০২৫

ছোটপর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ অভিনয়ের পাশাপাশি সংগীতাঙ্গনেও প্রবেশ করেছেন। এবার নতুন করে গান গেয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। যদিও অভিনেত্রী এর আগে ২০২৪ সালে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। তার গাওয়া প্রথম গান ‘রঙে রঙে রঙিন হব’, ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রচার করা হয়েছিল। সেই গানটির সাফল্য তাকে আরও গাইতে অনুপ্রাণিত করেছে। তবে এবারের নতুন গান নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে ‘মন গলবে না’ গানটি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই গানে অন্য রকম এক ফারিণকে দেখা গেছে। পপ ধাঁচের গানটি নিয়ে অভিনেত্রীর মন্তব্য ঠিক এমন—‘আমার এই গানে ফিউশন ঘটাতে চেয়েছি। আশি ও নব্বইয়ের দশকের অনুভূতির সঙ্গে এই সময়টাকে মিলিয়ে কিছু একটা করতে চেয়েছি। সঙ্গে একটা গল্প রেখেছি। আবার শিল্পের সঙ্গে বাণিজ্যিক কিছু উপাদানও রয়েছে। আমি ও আমার টিম চেষ্টা করেছি আমাদের চিন্তাভাবনা তুলে ধরতে।

‘মন গলবে না’ গানটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এ আনন্দের মাঝেই নতুন খবর দিলেন অভিনেত্রী। সম্প্রতি রুপালি পর্দায় আসছেন বাংলার কিং শাকিব খানের নায়িকা হয়ে নিয়ে। একটি গণমাধ্যমে এমন কথাই জানিয়েছেন ফারিণ।

এর আগে মেরিল-প্রথম আলো অনুষ্ঠানে মঞ্চে পুরস্কার নিতে উঠেছিলেন শাকিব খান। উপস্থাপনায় ছিলেন তাসনিয়া ফারিণ ও আফরান নিশো। কথোপকথনের একপর্যায়ে শাকিব খানের সঙ্গে সিনেমায় কাজ করার কথা জানান ফারিণ। উপস্থিত দর্শকদের সামনে অভিনেত্রী বলেন, ‘ভাইয়া, আপনার পরের সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’

সেদিন শাকিব খান বলেছিলেন— ‘তোমার অডিশন লাগবে না।’ কয়েক মাসের মধ্যেই সেই কথা বাস্তবে রূপ নিল। ঘোষণা এসেছে— শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র তিন নায়িকার মধ্যে একজন হচ্ছেন— তাসনিয়া ফারিণ। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। সেই সিনেমায় তাসনিয়া ফারিণের চরিত্রটি একজন চিত্রনায়িকার। তবে এ নিয়ে এখনই কিছুই বলতে চাইলেন না অভিনেত্রী।

শুধু এটুকুই তিনি বললেন, শাকিব ভাইয়ের সঙ্গে সিনেমা করার আমারও খুব ইচ্ছা ছিল। সে কারণে আমি খুব খুশি। একটা ভালো সিনেমা দিয়েই তা হচ্ছে। চুক্তি সই করার পর শাকিব ভাইকে ফোন করেছিলাম, তিনি অভিনন্দন জানিয়েছেন।’ ফারিণ বলেন, ডিসেম্বরেই শুরু হচ্ছে ‘প্রিন্স’ সিনেমার শুটিং।

ফারিণ বলেন, ‘ফাতিমা' সিনেমা দিয়ে আমার বড়পর্দার জার্নি শুরু। মনে হচ্ছে, জার্নিটা ধাপে ধাপে দারুণ যাচ্ছে। 'ইনসাফ' সিনেমায় যা কিছু শিখেছি, সেসব অভিজ্ঞতা ‌প্রিন্স'–এ কাজে লাগবে। একই সঙ্গে যা যা দুর্বলতা ছিল, তা কাটিয়ে ওঠার চেষ্টা করব। নাচটা আরেকটু ভালোভাবে রপ্ত করতে চাই। এর বাইরে পুরোটাই মানসিক প্রস্তুতি।

উল্লেখ্য, ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায় অভিষেক হয় ধ্রুব হাসানের ‘ফাতিমা’ সিনেমার মধ্যে দিয়ে। এরপর কাজ করেছেন কলকাতার অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ এবং গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া বাংলাদেশি সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমাতে অভিনয় করেন।