img

জীবনে আর কখনোই খাদ্যপণ্যের বিজ্ঞাপন করবেন না এজাজ

প্রকাশিত :  ১০:২২, ০১ ডিসেম্বর ২০২৫

জীবনে আর কখনোই খাদ্যপণ্যের বিজ্ঞাপন করবেন না এজাজ

পর্দার জনপ্রিয় মুখ ডা. এজাজুল ইসলাম। যিনি ডা. এজাজ নামেই বেশি পরিচিত। বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছেন তিনি। বিশেষ করে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বহু নাটক ও সিনেমায় তার চরিত্রগুলো এখনো দর্শকদের আনন্দ দেয়। সম্প্রতি এই অভিনেতা জানালেন বাজে এক অভিজ্ঞতার কথা। প্রকাশ করলেন ক্ষোভও।

খাঁটি-ঘি নামে একটি অনলাইন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে যুক্ত থাকার পর ভোক্তা অধিদপ্তরে তলব এবং গ্রাহকদের প্রতারণার অভিযোগে হতাশ হয়েছেন তিনি। শেষ পর্যন্ত স্পষ্ট জানিয়ে দিলেন, জীবনে আর কখনও খাদ্যপণ্যের কোনো বিজ্ঞাপন করবেন না।

একজন ক্ষতিগ্রস্ত ক্রেতা গণমাধ্যমকে জানান, অনলাইনে নানা বিজ্ঞাপন দেখেও তিনি ভরসা পাননি। কিন্তু ডা. এজাজকে ঘিয়ের প্রচার করতে দেখে বিশ্বাস করে কিনেছিলেন। পরে পণ্যের মান নিম্নমানের হওয়ায় প্রতারণার শিকার হন। এমন অভিযোগ দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এই পরিস্থিতিতে ভোক্তা অধিদপ্তরে ডেকে পাঠায় ডা. এজাজকে। তিনি আরও জানান, প্রতিষ্ঠানের একজন পরিচালক তাকে পণ্যের গায়ে বিএসটিআই লোগো দেখান। তাই তিনি ধরে নিয়েছিলেন, পণ্যটি পরীক্ষিত ও মানসম্মত।

যদি প্রতিষ্ঠানটি সত্যিই ভেজাল পণ্য দিয়ে থাকে, তবে ভোক্তা অধিদপ্তর যেন তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়- বললেন এজাজ। এ বিষয়ে তিনি ইতোমধ্যে লিখিত অভিযোগও জমা দিয়েছেন।

তবে অভিযোগ দায়েরের পরও বিজ্ঞাপনটি এখনো সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে। বিষয়টি বন্ধে প্রতিষ্ঠানটির সঙ্গে কথা বলেও কোনো ফল পাননি তিনি।

তিনি বলেন, বলেছি যে বিজ্ঞাপন বন্ধ করুন, মানুষকে আর প্রতারণা করবেন না। কিন্তু তারা শুনছে না। বিষয়টি ভোক্তা অধিদপ্তরকে জানিয়েছি।

সবশেষে নিজের সিদ্ধান্ত জানিয়ে ডা. এজাজ বলেন, ‘এই ঘটনার পর স্থির সিদ্ধান্ত নিয়েছি-জীবনে আর কখনই খাদ্যপণ্যের বিজ্ঞাপন করবো না। মানুষের ভরসাকে কেউ যেন আর ব্যবহার করতে না পারে।’


 

img

স্বপ্নপূরণ হচ্ছে তাসনিয়া ফারিণের

প্রকাশিত :  ১৩:৫৩, ০৫ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৪:১৯, ০৫ ডিসেম্বর ২০২৫

ছোটপর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ অভিনয়ের পাশাপাশি সংগীতাঙ্গনেও প্রবেশ করেছেন। এবার নতুন করে গান গেয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। যদিও অভিনেত্রী এর আগে ২০২৪ সালে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। তার গাওয়া প্রথম গান ‘রঙে রঙে রঙিন হব’, ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রচার করা হয়েছিল। সেই গানটির সাফল্য তাকে আরও গাইতে অনুপ্রাণিত করেছে। তবে এবারের নতুন গান নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে ‘মন গলবে না’ গানটি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই গানে অন্য রকম এক ফারিণকে দেখা গেছে। পপ ধাঁচের গানটি নিয়ে অভিনেত্রীর মন্তব্য ঠিক এমন—‘আমার এই গানে ফিউশন ঘটাতে চেয়েছি। আশি ও নব্বইয়ের দশকের অনুভূতির সঙ্গে এই সময়টাকে মিলিয়ে কিছু একটা করতে চেয়েছি। সঙ্গে একটা গল্প রেখেছি। আবার শিল্পের সঙ্গে বাণিজ্যিক কিছু উপাদানও রয়েছে। আমি ও আমার টিম চেষ্টা করেছি আমাদের চিন্তাভাবনা তুলে ধরতে।

‘মন গলবে না’ গানটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এ আনন্দের মাঝেই নতুন খবর দিলেন অভিনেত্রী। সম্প্রতি রুপালি পর্দায় আসছেন বাংলার কিং শাকিব খানের নায়িকা হয়ে নিয়ে। একটি গণমাধ্যমে এমন কথাই জানিয়েছেন ফারিণ।

এর আগে মেরিল-প্রথম আলো অনুষ্ঠানে মঞ্চে পুরস্কার নিতে উঠেছিলেন শাকিব খান। উপস্থাপনায় ছিলেন তাসনিয়া ফারিণ ও আফরান নিশো। কথোপকথনের একপর্যায়ে শাকিব খানের সঙ্গে সিনেমায় কাজ করার কথা জানান ফারিণ। উপস্থিত দর্শকদের সামনে অভিনেত্রী বলেন, ‘ভাইয়া, আপনার পরের সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’

সেদিন শাকিব খান বলেছিলেন— ‘তোমার অডিশন লাগবে না।’ কয়েক মাসের মধ্যেই সেই কথা বাস্তবে রূপ নিল। ঘোষণা এসেছে— শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র তিন নায়িকার মধ্যে একজন হচ্ছেন— তাসনিয়া ফারিণ। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। সেই সিনেমায় তাসনিয়া ফারিণের চরিত্রটি একজন চিত্রনায়িকার। তবে এ নিয়ে এখনই কিছুই বলতে চাইলেন না অভিনেত্রী।

শুধু এটুকুই তিনি বললেন, শাকিব ভাইয়ের সঙ্গে সিনেমা করার আমারও খুব ইচ্ছা ছিল। সে কারণে আমি খুব খুশি। একটা ভালো সিনেমা দিয়েই তা হচ্ছে। চুক্তি সই করার পর শাকিব ভাইকে ফোন করেছিলাম, তিনি অভিনন্দন জানিয়েছেন।’ ফারিণ বলেন, ডিসেম্বরেই শুরু হচ্ছে ‘প্রিন্স’ সিনেমার শুটিং।

ফারিণ বলেন, ‘ফাতিমা' সিনেমা দিয়ে আমার বড়পর্দার জার্নি শুরু। মনে হচ্ছে, জার্নিটা ধাপে ধাপে দারুণ যাচ্ছে। 'ইনসাফ' সিনেমায় যা কিছু শিখেছি, সেসব অভিজ্ঞতা ‌প্রিন্স'–এ কাজে লাগবে। একই সঙ্গে যা যা দুর্বলতা ছিল, তা কাটিয়ে ওঠার চেষ্টা করব। নাচটা আরেকটু ভালোভাবে রপ্ত করতে চাই। এর বাইরে পুরোটাই মানসিক প্রস্তুতি।

উল্লেখ্য, ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায় অভিষেক হয় ধ্রুব হাসানের ‘ফাতিমা’ সিনেমার মধ্যে দিয়ে। এরপর কাজ করেছেন কলকাতার অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ এবং গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া বাংলাদেশি সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমাতে অভিনয় করেন।