img

প্রথমবার পর্দায় অক্ষয়-রানি, আসছে ‘ওএমজি ৩’

প্রকাশিত :  ১৩:২০, ০৩ জানুয়ারী ২০২৬

প্রথমবার পর্দায় অক্ষয়-রানি, আসছে ‘ওএমজি ৩’

প্রায় দুই যুগের বেশি সময় ধরে দুজনেই কাজ করছেন বলিউডে, কিন্তু কেন জানি একসঙ্গে দেখা যায়নি এই দুই মেগাস্টার নায়ক-নায়িকাকে। অবশেষে জনপ্রিয় ‘ওহ মাই গড’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে একসঙ্গে পর্দায় আসতে চলেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি ও অভিনেতা অক্ষয় কুমার।

জল্পনা সত্যি হলে খিলাড়িখ্যাত অভিনেতার সঙ্গে এটিই রানি মুখার্জির প্রথম সিনেমা হতে চলেছে। নব্বইয়ের দশকের দুই তারকাকে প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে।

জানা গেছে, জনপ্রিয় ‘ওহ মাই গড’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সাম্প্রতিক সময়ে নিঃসন্দেহে এই কাস্টিং অন্যতম বড় হতে চলেছে। চলতি বছরের মাঝামাঝি শুটিংও শুরু হয়ে যাবে। পরিচালক অমিত রাই এমন এক গল্প নিয়ে আসছেন, যা আরও বড়, আরও সমসাময়িক ও আগের থেকেও বেশি করে মানুষের মনে গেঁথে যাবে।

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি। ফেব্রুয়ারিতে ‘মরদানি ৩’ নিয়ে বড়পর্দায় ফিরছেন রানি মুখার্জি। অন্যদিকে ‘ওহ মাই গড’-এর প্রথম সিনেমা মুক্তি পায় ২০১২ সালে। ২০২৩ সালে মুক্তি পায় ‘ওহ মাই গড-২’। দুটি সিনেমাই বেশ প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। তবে এবার ভক্ত-অনুরাগীরা অপেক্ষায় ‘ওহ মাই গড-৩’ সিনেমার।


img

শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে আটক অভিনেত্রী আয়েশা খান

প্রকাশিত :  ১৩:৩৭, ২৩ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:৪২, ২৩ জুলাই ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিতে গিয়ে মুম্বাইয়ের দাদার এলাকায় পুলিশের হাতে আটক হন অভিনেত্রী আয়েশা খান। পরে তাকে ওরলি থানায় নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম  এক ভিডিও বার্তায় তিনি নিজেই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিওতে তিনি বলেন, ‘এখন আমার হাত সত্যিই কাঁপছে। আমি শুধু শান্তভাবে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ আমাকে পুলিশের ভ্যানে তুলে আটক করা হয়েছে।’

আয়শার দাবি, তিনি বিক্ষোভ শুরু করেননি। এর আগেই তার ভাই এবং কয়েকজন পুরুষ বন্ধুকে পুলিশ আটক করে। সেসময়ে তিনি শুধু রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। 

আয়শার শেয়ার করা ভিডিওতে দেখা যায়, আর এক যুবক বলছেন, তার গণিতের পরীক্ষা রয়েছে। কোনো কারণ ছাড়াই তাকে আটক করা হয়েছে বলে তারও অভিযোগ। 

তিনি বলেন, যদি পরীক্ষা দিতে না পারেন, তা হলে বড় সমস্যায় পড়বেন। আর একটি ভিডিওতে দেখা যায়, আয়েশা পুলিশকর্মীদের জিজ্ঞেস করছেন, তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে সেই প্রশ্নের কোনও উত্তর তিনি পাননি। চার জন মহিলা পুলিশকর্মী জোর করে আয়শাকে ভ্যানে তুলছেন, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। 

সেই ভিডিওর সঙ্গে তিনি লেখেন, দুর্ভাগ্যজনকভাবে আমাকে ভ্যানে তুলতে চার জন মহিলা পুলিশকর্মী এসেছিলেন। কিন্তু আমি আবার একই প্রশ্ন করছি, কেন? আমি কি কোনও হইচই করেছি? আমি কি কোনও কথাবার্তা শুরু করেছিলাম? আমাকে কেন আটক করা হলো? শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য? আমি তো পাঁচ জনের দলের মধ্যেও ছিলাম না।

আয়শা পুরো ঘটনায় স্তম্ভিত হয়ে যান। তাকে ওরলি থানায় নিয়ে যাওয়া হয়। সেই ভিডিওতে তিনি পুরো ঘটনার বর্ণনা দেন। আয়শা জানান, তিনি তার ভাই এবং কয়েকজন বন্ধুর সঙ্গে নিট পরীক্ষার্থীদের সমর্থনে দাদারে বিক্ষোভে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছাতেই পুলিশ জানায়, ওই জায়গায় বিক্ষোভ করা যাবে না। এরপর তার ভাই এবং অন্য পুরুষ বন্ধুদের পুলিশের ভ্যানে তুলে আটক করা হয়।

আয়শার দাবি, তিনি তখন শুধু রাস্তায় দাঁড়িয়ে ভাবছিলেন, কী করবেন এবং কীভাবে তার ভাইয়ের খোঁজ পাবেন। সেই সময়ে প্রায় ১৫ জন পুলিশকর্মী এসে তাদের ভ্যানে উঠতে বলেন। তার অভিযোগ, জোর করে তাদের ভ্যানে তুলে ওরলি থানায় নিয়ে যাওয়া হয়।

তবে ভিডিওতে আয়শা ওরলি থানার পুলিশকর্মীদের প্রশংসাও করেন। প্রত্যেকে খুবই ভাল ব্যবহার করেছেন বলে জানান। যদিও তাঁকে কেন আটক করা হলো, সেই প্রশ্নের উত্তর এখনো তাঁর কাছে স্পষ্ট নয় বলেও দাবি করেন তিনি।