img

আজ ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা

প্রকাশিত :  ০৩:২৫, ৩০ জানুয়ারী ২০২৬

আজ ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা  অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ-এই আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন দুই লাখ ৯০ হাজার ৯৫১ পরীক্ষার্থী।

পিএসসি জানিয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। ইতোমধ্যে ম্যাজিস্ট্রেট, কেন্দ্র পরিদর্শক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

পিএসসি জানিয়েছে, পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে অবশ্যই নিজ নিজ হলের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষা হলের মূল ফটক বন্ধ করে দেয়া হবে। এরপর কোনো অবস্থাতেই কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেয়া হবে না। পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি (এনালগ বা ডিজিটাল), মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না, চাবি ও কোনো ধরনের ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো প্রার্থীর কাছে এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

পিএসসি আরও জানিয়েছে, প্রতিটি কক্ষে সময় দেখার জন্য দেয়াল ঘড়ি সরবরাহ করা হবে। এ ছাড়া পরীক্ষার সময় প্রার্থীদের দুই কান দৃশ্যমান রাখতে হবে। কানে কোনো শ্রবণযন্ত্র বা আবরণ রাখা যাবে না।


img

ডুয়েটে ভিসি ইস্যুতে রণক্ষেত্র, শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে আহত ১৫

প্রকাশিত :  ১০:০৬, ১৭ মে ২০২৬

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা শুরু হয়। পরে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠে পুরো ক্যাম্পাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর জেলা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, গত বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। নিয়োগের প্রজ্ঞাপন জারি হলে ওইদিন রাতেই বিশ্ববিদ্যালয়ের ভেতর শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এ নিয়ে শিক্ষার্থীরা ওইদিন রাতেই বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা দেয়। 

এ ঘটনার পর রোববার সকালে শিক্ষার্থীরা ফের আন্দোলন শুরু করলে কিছু বহিরাগত লোকজন ভিসির পক্ষ নিয়ে ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। 

এদিকে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। এর শিক্ষা ব্যবস্থা, বাস্তবতা ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহিরাগত কাউকে না এনে প্রতিষ্ঠানের ভেতরে থাকা শিক্ষকদের মধ্য থেকে যোগ্য একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া প্রয়োজন। ডুয়েটের শিক্ষক প্রতিনিধিরা এটিই চাইছে। 

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন জানান, ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগ নিয়ে গত দুইদিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলমান রয়েছে। আজকে সকাল থেকেও সেটিই পুনরাবৃত্তি হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতিতে নিয়ন্ত্রণে তারা চেষ্টা করছেন। 

শিক্ষা এর আরও খবর