img

বাংলাদেশের ইনিংস থামল ৪১৩ রানে

প্রকাশিত :  ১০:০৮, ০৯ মে ২০২৬

বাংলাদেশের ইনিংস থামল ৪১৩ রানে

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দেখানো পথেই বড় সংগ্রহ নিয়ে প্রথম ইনিংস শেষ করল বাংলাদেশ। মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তবে পাকিস্তানি বোলারদের অপেক্ষা বাড়িয়ে বাংলাদেশের ইনিংস কিছুটা লম্বা করেছেন তাসকিন আহমেদ। তার ১৯ বলে ২৮ রানের ক্যামিওতে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪১৩ রান করেছে। যদিও আগেরদিন ৪ উইকেটে ৩০১ করা স্বাগতিকদের আজকের (শনিবার) ব্যাটিংটা ঠিক মানানসই ছিল না। এদিন টিকল কেবল ৩২.১ ওভার।

দ্বিতীয় দিনের দেড় সেশনে বাংলাদেশ ১১২ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়েছে। ৩৯তম জন্মদিনে মুশফিকের ২৯তম টেস্ট হাফসেঞ্চুরি ছাড়া আর কেউই বলার মতো রান পাননি। মুশফিক ১৭৯ বলে ৮টি চারের বাউন্ডারিতে ৭১ রানে আউট হওয়ার আগে লিটন দাস ৩৩ রান করেন। এরপর তাসকিনের ৩ চার ও এক ছক্কায় ২৮ রানের ক্যামিও ইনিংসেই বলতে গেলে চারশর বৈতরণী পার হয়েছে বাংলাদেশ।

পাকিস্তানের পেসার মুহাম্মদ আব্বাস ষষ্ঠবারের মতো টেস্টে ফাইফার (৫ উইকেট) পেয়েছেন। ৩৪ ওভারে ৯২ রান খরচ করেন ডানহাতি এই পেসার। আরেক পেসার শাহিন শাহ আফ্রিদি ৩১.১ ওভারে ১১৩ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছেন। মিরপুরে কিছুটা পেসবান্ধব উইকেটে প্রথম দিন বেশ ভালোভাবে আব্বাস-শাহিনদের সামলায় বাংলাদেশের ব্যাটাররা। আজ মুশফিক কেবল তেমন কিছু দেখাতে পেরেছেন। ফলে তাকে খেলতে হয়েছে ধীরগতির ইনিংস।

এর আগে আজ দিনের খেলা শুরুর পর চতুর্থ ওভারে শাহিন আফ্রিদির বলে মুশফিক সিঙ্গেল নিয়ে হাফসেঞ্চুরি করেছেন। ভালো শুরু পেয়েছেন অপর সঙ্গী লিটন দাসও। টানা তিনটি চার হাঁকান আফ্রিদির এক ওভারে। যদিও টিকতে পারেননি বেশিক্ষণ। স্লিপে একবার জীবন পেলেও মুহাম্মদ আব্বাসের বলে বিলাসী শট খেলার চেষ্টায় ৬৭ বলে ৩৩ রানে তালুবন্দী হয়েছেন লিটন। এরপর একটি করে চার-ছক্কায় ১০ রান করে ইমাম-উল-হককে ক্যাচ শিখিয়ে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। তিনিও আব্বাসের শিকার।

পাকিস্তানি এই পেসারের বলে পুল করতে গিয়ে তাইজুল ২৩ বলে ১৭ রানে ক্যাচ দিয়েছেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। অল্প সময়ের ব্যবধানে মুশফিক-এবাদত ফিরে যাওয়ায় বাংলাদেশের ইনিংস আরও লম্বা না হওয়ার শঙ্কা তৈরি হয়। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে মুশফিকের সেঞ্চুরির আশা জাগলেও, ফেরার পর তৃতীয় বলেই শাহিন আফ্রিদির দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান। কিছুটা ভেতরের দিকে ঢুকে ভেঙে দেয় মিস্টার ডিফেন্ডেবলের স্টাম্প। এর আগে ফিফটি করেই বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪২টি পঞ্চাশোর্ধ টেস্ট ইনিংস খেলার রেকর্ড গড়েন মুশফিক।

পরের ওভারেই এবাদত ১০ বলে রানের খাতা না খুলতেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। শেষদিকে ৩৯ বলে ২৯ রানের জুটি গড়েন তাসকিন-নাহিদ রানা। এর মধ্যে রানার ৪ রান বাদে বাকিটা হয়েছে তাসকিনের মারমুখো ব্যাটে। ইনিংসে পাকিস্তানের সেরা বোলার আব্বাসকে ছক্কা হাঁকিয়ে তিনি দলীয় রান চারশ পার করেন। শাহিনের বলে আউট হওয়ার আগে করেন ২৮ রান। 

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন যারা

প্রকাশিত :  ০৫:৩৯, ১৮ জুন ২০২৬

বিশ্বকাপে ৬৮ বছর পর বিরল এক ঘটনার সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব, যেখানে একদিনে অনুষ্ঠিত চারটি ম্যাচই ড্রয়ে শেষ হয়। তবে পরদিনই বদলে যায় সেই চিত্র। গোলশূন্যতা ও সমতার ধারার পরিবর্তে মাঠে দেখা যায় আক্রমণাত্মক ফুটবলের ঝলক, আর একের পর এক ম্যাচে বয়ে যায় গোলের বন্যা।
ফুটবল বিশ্বের বর্তমান তিন মহাতারকা—লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের পর জোড়া গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনও। চার তারকাই নিজেদের দলকে জয় এনে দিয়েছেন। এদের মধ্যে একমাত্র মেসি হ্যাটট্রিক করেছেন।

ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই গোল করে ম্যাচের নায়ক হন কেইন। ২০১৮ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এই ফরোয়ার্ড বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১০-এ নিয়ে গিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে গ্যারি লিনেকারের পাশে নাম লেখান। ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার আবারও প্রমাণ করলেন, বড় মঞ্চে তিনি কতটা কার্যকর।

দিনের সবচেয়ে বড় আলোচনার জন্ম দেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচকে স্মরণীয় করে রাখেন তিনি। বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখান এই তারকা।

৩৯তম জন্মদিনের এক সপ্তাহ আগে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ডও গড়েন মেসি। একই সঙ্গে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৬-তে পৌঁছে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেন তিনি।

দীর্ঘ ২৬ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ের হয়ে দুর্দান্ত সূচনা করেছেন আর্লিং হালান্ড। ইরাকের বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচেই জোড়া গোল করে দলকে ৪-১ ব্যবধানে জয় এনে দেন ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন। আন্তর্জাতিক ফুটবলে নিজের ৫৭তম গোল করে হালান্ড জানিয়ে দিলেন, নরওয়ে এবার শুধু অংশগ্রহণ করতেই আসেনি, শিরোপার লড়াইয়েও নিজেদের শক্ত অবস্থান জানান দিতে প্রস্তুত।

গ্রুপ ‘আই’-এর আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্রান্সকে জয় এনে দেন কিলিয়ান এমবাপ্পে। গত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা প্রথম ম্যাচেই দেখিয়েছেন নিজের পরিচিত ধার। দুরন্ত গতি ও নিখুঁত ফিনিশিংয়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে ভেঙে দিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

কাগজে কলমে বর্তমানে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন মেসি। তার ঝুলিতে রয়েছে তিন গোল। আর দুই গোল করে এই তালিকায় মেসির পরেই আছেন ফোলারিন বালোগান, কাই হাভার্টজ, ইয়াসিন আয়রি, হ্যারি কেইন, এলিজাহ জাস্ট, আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে অ্যাডিডাস গোল্ডেন বুট প্রদান করা হয়। একাধিক খেলোয়াড় সমান সংখ্যক গোল করলে প্রথমে বিবেচনায় নেওয়া হয় অ্যাসিস্টের সংখ্যা। এরপরও সমতা থাকলে টুর্নামেন্টে কে কম সময় মাঠে ছিলেন, সেই হিসাবেই নির্ধারিত হয় চূড়ান্ত অবস্থান।