img

দেশের তিন জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

প্রকাশিত :  ০৬:৩৮, ৩১ মে ২০২৬

দেশের তিন জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের উপকূলীয় তিন জেলা নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ রোববার (৩১ মে) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্ট নদীবন্দর ও নৌযানগুলোকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

বাংলাদেশ এর আরও খবর

img

নেত্রকোনায় বাসচাপায় মা-মেয়েসহ অটোরিকশার তিন যাত্রী নিহত

প্রকাশিত :  ০৮:৪৬, ৩১ মে ২০২৬

যাত্রীবাহী বাসের চাপায় নেত্রকোনায় মা-মেয়েসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 

আজ রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা–ময়মনসিংহ সড়কের চল্লিশা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী মহুয়া পরিবহণের একটি বাস চল্লিশা বাইপাস মোড়ে পৌঁছালে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহতরা হলেন- সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং অন্য এক শিশু। আহতদের মধ্যে নূর জাহানের স্বামী আইনুল হকও রয়েছেন।

আহতদের প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এ দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী ঘটনাস্থলে গিয়ে সেখানে স্পিড ব্রেকার ও গোলচত্বর নির্মাণের আশ্বাস দেন। এরপর স্থানীয়রা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।