img

স্বামী-সন্তান কানাডায়, পল্লবীর ফ্ল্যাটে মিললো নারীর অর্ধগলিত মরদেহ

প্রকাশিত :  ০৮:২৪, ০৪ জুন ২০২৬

স্বামী-সন্তান কানাডায়, পল্লবীর ফ্ল্যাটে মিললো নারীর অর্ধগলিত মরদেহ

রাজধানী মিরপুরের পল্লবী এলাকার একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল বুধবার (৩ জুন) রাতে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সেলিনা আফরোজ দীর্ঘদিন ধরে পল্লবীর সেকশন-৬ এলাকার একটি ফ্ল্যাটে একা বসবাস করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে ভাতিজা আশফাকুর রহমানের সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে কথা বলেন সেলিনা আফরোজ। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তার মৃত্যু হয়েছে।

সেলিনা আফরোজ ছিলেন মৃত খলিলুর রহমান ও আফিয়া রহমানের মেয়ে। পারিবারিক সূত্রে পাওয়া ফ্ল্যাটটিতে তিনি একাই বসবাস করতেন।

পুলিশ আরও জানিয়েছে, তার স্বামী মোবিনুল হক এবং দুই সন্তান বর্তমানে কানাডায় বসবাস করেন। একসময় সেলিনা আফরোজও পরিবারের সঙ্গে কানাডায় ছিলেন। তবে পারিবারিক বিরোধের জেরে প্রায় ১২ বছর আগে দেশে ফিরে এসে পল্লবীর ওই বাসায় একা থাকতে শুরু করেন।

উল্লেখ্য, সম্প্রতি একই এলাকায় আরেক প্রবীণ নারীর গলিত মরদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরপর এমন দুটি ঘটনায় একাকী বসবাসকারী প্রবীণ ব্যক্তিদের নিরাপত্তা ও খোঁজখবর রাখার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ এর আরও খবর

img

রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

প্রকাশিত :  ১৫:৩১, ০৪ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:১৫, ০৪ জুন ২০২৬

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । আগামী রোববার (৭ জুন) থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।

নতুন সময়সূচির আওতায় মেট্রোরেলে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। ফলে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছাড়বে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১০টা ৩০ মিনিটে।

বর্তমানে উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি কার্যকর হলে উভয় প্রান্ত থেকে শেষ ট্রেন ২০ মিনিট পরে ছেড়ে যাবে। 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে একটি অতিরিক্ত ট্রিপ চালু করা হচ্ছে, যার ফলে রাতের সেবার সময়ও বাড়ানো হচ্ছে। নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে। আগামী ৭ তারিখ থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।

দেশের প্রথম মেট্রোরেল ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা উত্তর-আগারগাঁও অংশে চলাচল শুরু করে। পরে ধাপে ধাপে নতুন স্টেশন চালু করা হয়। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হলে উত্তরা-মতিঝিল রুটে পূর্ণাঙ্গ যাত্রীসেবা শুরু হয়। বর্তমানে কমলাপুর স্টেশনের নির্মাণকাজ চলমান রয়েছে। এটি চালু হলে এমআরটি লাইন-৬-এর সম্পূর্ণ রুট চালু হবে।