img

৬ নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীন হাসপাতালের অবহেলা স্পষ্ট: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত :  ১০:২৯, ০৪ জুন ২০২৬

৬ নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীন হাসপাতালের অবহেলা স্পষ্ট: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত প্রতিবেদনে হাসপাতালের অবহেলা স্পষ্ট হয়েছে। বন্ধ কক্ষে অক্সিজেন কম থাকায় শিশুদের প্রাণহানির বিষয়টি ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

এরআগে বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কাছে জমা দিয়েছে। এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর গঠিত কমিটি বৃহস্পতিবার (৪ জুন) তাদের প্রতিদেবন জমা দেবে। এদিন বিকাল ৪টায় স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের সামনে কথা বলবেন।

এর আগে গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পৃথকভাবে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়।

ঘটনার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও পৃথকভাবে ৩ সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এছাড়াও আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণ কোনো ত্রুটি বা অবহেলা ছিল কিনা, তা খতিয়ে দেখতে হাসপাতালটির নিজস্ব একটি তদন্ত কমিটি গঠন করে। তারা ইতোমধ্যেই তাদের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

জাতীয় এর আরও খবর

img

চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে পাঁচজনের মৃত্যু

প্রকাশিত :  ১৫:৩৪, ০৪ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:৫৮, ০৪ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রাঘাতে তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে (৪ জুন) বৃষ্টির সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

নিহতরা হলো সদরের আতাহার গ্রামের মো. রাব্বিলের ছেলে আবদুল্লাহ (১৭), শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের দুবাইপ্রবাসী আব্দুর রবের স্ত্রী মাহমুদা বেগম (১৯), একই ইউনিয়নের রানীবাড়ী বাজারপাড়া গ্রামের মো. কাশেমের মেয়ে সাদিয়া (১৬), শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামের মো. ফিটুর ছেলে মেসবাহুল ওরফে মেসবাবুল (১৪) এবং নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের লাহাবাড়ী গ্রামের আব্দুর রাকিবের স্ত্রী সুমিয়ারা বেগম (৪০)।

এ ঘটনায় আহত হয়েছেন নাচোলের লাহাবাড়ী গ্রামের জিয়াউর রহমান (৩৬)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বিভিন্ন এলাকায় কৃষিকাজ ও দৈনন্দিন কাজে বাইরে থাকা মানুষজন বজ্রাঘাতে আক্রান্ত হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বিকেলে বাড়ির পাশের মাঠে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে আহত হন আবদুল্লাহ। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বিকেলে আমবাগানে কাজ করার সময় মাহমুদা বেগম এবং একই সময়ে সাদিয়া বজ্রাঘাতে নিহত হন।

স্থানীয় ইউপি চেয়ারম্যানও বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে মোবারকপুর ইউনিয়নের শিকারপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে বজ্রাঘাতে কিশোর মেসবাবুল নিহত হয় বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে মাঠ থেকে ঘাস কেটে ফেরার পথে বজ্রাঘাতে সুমিয়ারা বেগম নিহত হন এবং জিয়াউর রহমান আহত হন। স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে।


জাতীয় এর আরও খবর