img

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

প্রকাশিত :  ১৪:৫৮, ০২ জুন ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আজ (২ জুন) জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে ড. খলিলুর রহমান বিজয়ী হন।

১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন। 

আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ৮১তম অধিবেশনে বৈশ্বিক এই ফোরামের নেতৃত্ব দেবে বাংলাদেশ। 

প্রসঙ্গত, নিউ ইয়র্ক সময় সকাল ১০টায় ইউএনএইচকিউর জেনারেল অ্যাসেম্বলি হলে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত হওয়ার লড়াইয়ে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং সাইপ্রাসের বহুপাক্ষিকতা-বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকুরিস। 

এই নির্বাচনে জয়ের মধ্য দিয়ে খলিলুর রহমান এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের  সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন খলিলুর রহমান। 

জাতীয় এর আরও খবর

img

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ০৭:৪৩, ১৩ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন । শনিবার সকাল পৌনে ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। 

১৯৭৯ সালের ৪ ডিসেম্বর ‘পাতলী খাল’ খনন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ ৪৭ বছর পর জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই খালটি পুনঃখননের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। 

এর আগে, প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। সেখান থেকে তিনি জুলাই গণ-অভ্যুত্থানে কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পেকুয়ার বাড়িতে বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৪টায় চকরিয়া বাস টার্মিনালে আয়োজিত বিএনপির রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে কক্সবাজার শহরে সুধী সমাবেশে অংশ নিয়ে মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন তিনি। রাত ১০টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপির দলীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর সফর সফল করতে জোর প্রস্তুতির পাশাপাশি সফরের নির্ধারিত কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সমন্বিতভাবে কাজ করছেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুধু পুলিশ নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যদের পাশাপাশি জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ), গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি), বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব দপ্ত‌র সমন্বিতভাবে কাজ করছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরগুলো সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সফরসূচিতে থাকা উদ্বোধন, পরিদর্শন ও মতবিনিময় কর্মসূচিগুলো সফল ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রমও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।


জাতীয় এর আরও খবর