img

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প

প্রকাশিত :  ০৬:৫৪, ২০ জুন ২০২৬

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার সরকারের ‘নিঃশর্ত উপহার’ হিসেবে দেওয়া একটি বোয়িং ৭৪৭-৮ বিমান উন্মোচন করেছেন। বিমানটি এখন থেকে প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ বহর এয়ার ফোর্স ওয়ানের অংশ হিসেবে ব্যবহৃত হবে।

বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, প্রায় ৪০ কোটি ডলার মূল্যের এই বিলাসবহুল জেটটির প্রয়োজনীয় পরিবর্তন ও আধুনিকায়নের কাজ সম্পন্ন হয়েছে।

শক্রবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘এই বিমানটিকে এমন এক উড়ন্ত হোয়াইট হাউসে রূপান্তর করা হয়েছে, যার বিলাসিতা আগে কেউ দেখেনি।’

মার্কিন বিমানবাহিনী জানায়, বিমানটি প্রেসিডেন্টের যাতায়াতে ব্যবহারের আগে পরীক্ষামূলক উড্ডয়ন বা কমিশনিং ফ্লাইট সম্পন্ন করবে। এসব পরীক্ষার মাধ্যমে বিমানটির নতুন সংযোজন ও পরিবর্তনগুলো যাচাই করা হবে।

বিমানটিতে নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ যোগাযোগ প্রযুক্তি, লজিস্টিক সহায়তা এবং আধুনিক প্রযুক্তিগত সক্ষমতায় বড় ধরনের উন্নয়ন আনা হয়েছে। বিমানবাহিনীর দাবি, পূর্বে ব্যবহৃত এই বিমানে সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা ঝুঁকি দূর করা হয়েছে।

বিমানের অভ্যন্তরীণ নকশায় খুব বেশি পরিবর্তন আনা হয়নি। তবে এর বাইরের অংশে নতুন করে লাল, সাদা, নীল ও সোনালি রঙের আকর্ষণীয় নকশা করা হয়েছে।

২০২৫ সালের মে মাসে কাতারের রাজপরিবার এই বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ বিমানটি মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে উপহার দেয়, যাতে এটি প্রেসিডেন্টের সরকারি বিমান বহরে ব্যবহার করা যায়।

তবে বিমানটি উপহার হিসেবে গ্রহণের বিষয়টি প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়। ট্রাম্পের কিছু সমর্থকসহ বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে যে, এত মূল্যবান উপহার গ্রহণ স্বার্থের সংঘাত তৈরি করতে পারে এবং এটি সাংবিধানিক প্রশ্নও উত্থাপন করতে পারে।

যদিও যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী সরকারি কর্মকর্তারা ৪৮০ ডলারের বেশি মূল্যের উপহার গ্রহণ করতে পারেন না তবুও হোয়াইট হাউস দাবি করেছে যে বিমানটি গ্রহণ সম্পূর্ণ বৈধ। পাশাপাশি ট্রাম্পের মেয়াদ শেষে এটি তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে হস্তান্তর করা হবে বলেও জানানো হয়েছে।

ট্রাম্প বিমানটির প্রশংসা করে বলেন, ‘বিমানটির নির্মাণশৈলী দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন না। এর কাঠ, উপকরণ এবং ইঞ্জিনের মান বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম।’

তিনি আরও বলেন, ‘এটি সত্যিই একটি সম্মানের বিষয়। এ জন্য আমি কাতারের আমিরকে ধন্যবাদ জানাই।\'

এর আগে এয়ার ফোর্স ওয়ানের বহরে ১৯৯০ সাল থেকে ব্যবহৃত দুটি বোয়িং ৭৪৭-২০০বি বিমান ছিল। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং জানিয়েছেন, পুরোনো বিমানগুলোর একটি ইতোমধ্যে অবসর নেওয়ার পথে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানটির ছবি শেয়ার করে লিখেছেন, ‘ভালো কাজ করেছ, বিশ্বস্ত সেবক।’ সঙ্গে যোগ করেছেন, ‘শেষ যাত্রা।’

মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, নতুন বিমানটি আপাতত অন্তর্বর্তীকালীন ভিত্তিতে ব্যবহার করা হবে। দীর্ঘমেয়াদে ব্যবহারের জন্য বোয়িংয়ের তৈরি দুটি নতুন ভিসি ২৫বি বিমান সরবরাহের অপেক্ষায় রয়েছে সরকার। তবে উৎপাদন জটিলতার কারণে ওই প্রকল্পে উল্লেখযোগ্য বিলম্ব হয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর

img

হরমুজ বন্ধের ঘোষণা আসার পর লেবাননে হামলা ‘বন্ধের নির্দেশ’ নেতানিয়াহুর

প্রকাশিত :  ১৮:২৯, ২০ জুন ২০২৬

ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ লেবাননের দক্ষিণাঞ্চলে দেশটির সামরিক বাহিনীকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে দখল করে রাখা এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো নির্দেশ দেওয়া হয়নি।

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২ এ খবর জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ তথ্যে জানিয়েছে, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটির কমপক্ষে ৪ হাজার ৫৭ জন মানুষ নিহত ও ১২ হাজার ১২১ জন আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের বেশির ভাগ দেশটির দক্ষিণাঞ্চলের বাসিন্দা।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে হরমুজ প্রণালিতে আজ শনিবার আবার নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে ইরান। দেশটির সামরিক কমান্ডের কেন্দ্রীয় সদর দপ্তর খাতাম আল-আনবিয়া এ সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছে, এটি ‘প্রথম পদক্ষেপ’ এবং আগ্রাসন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ)’ পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামীকাল রোববার সুইজারল্যান্ডের বার্গেনস্টকে দুই দেশের ‘টেকনিক্যাল পর্যায়ের’ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সঙ্গে এ আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও অংশ নেবেন।

১৪ দফার সমঝোতা স্মারকের প্রথম দফাতেই লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে। কিন্তু গত বুধবার স্মারকটি সই হওয়ার পরও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এ অবস্থায় সুইজারল্যান্ডের পরিকল্পিত আলোচনা বিলম্বিত হলো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে উচ্চপর্যায়ের একটি ইরানি প্রতিনিধিদল আজ সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শিগগিরই বৈঠকে যোগ দিতে রওনা হবেন বলে ইঙ্গিত দিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। দলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির পাশাপাশি জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা এবং তেল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।

আন্তর্জাতিক এর আরও খবর