img

ভিনির যে রেকর্ডের কারণে বিশ্বকাপ শিরোপা নিজেদের ঘরে দেখছে ব্রাজিল

প্রকাশিত :  ০৮:২২, ২৫ জুন ২০২৬

ভিনির যে রেকর্ডের কারণে বিশ্বকাপ শিরোপা নিজেদের ঘরে দেখছে ব্রাজিল

ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত ফর্মে এগিয়ে চলছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচেই গোল করে এমন এক কীর্তি গড়েছেন এই তারকা উইঙ্গার, যা ব্রাজিল সমর্থকদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।

স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে প্রথমার্ধেই জোড়া গোল করেন ভিনিসিয়ুস। এর আগে মরক্কোর বিপক্ষে একটি এবং হাইতির বিপক্ষে একটি গোল করেছিলেন তিনি। ফলে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করার বিরল কীর্তি গড়লেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

আর এখানেই লুকিয়ে আছে ব্রাজিলের জন্য বড় এক ‘শুভসংকেত’।

এর আগে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে গোল করেছিলেন মাত্র চারজন ফুটবলার— জাইরজিনহো (১৯৭০), রোমারিও (১৯৯৪), রোনালদো ও রিভালদো (২০০২)। উল্লেখযোগ্য বিষয় হলো, এই চারটি আসরেই শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি জিতেছিল ব্রাজিল।

২৪ বছর পর সেই তালিকায় নাম লেখালেন ভিনিসিয়ুস জুনিয়র। ফলে পরিসংখ্যান বলছে, এমন কীর্তি গড়া ফুটবলারদের হাত ধরেই অতীতে বিশ্বকাপ জয়ের হাসি হেসেছে সেলেসাওরা।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি বিশ্বকাপ ম্যাচে ভিনিসিয়ুসের অবদান পাঁচ গোলে। করেছেন ৪টি গোল, সঙ্গে রয়েছে ১টি অ্যাসিস্ট। নকআউট পর্বের আগে এমন পারফরম্যান্সে ব্রাজিলের আক্রমণভাগ আরো ভয়ংকর হয়ে উঠেছে।

তবে পরিসংখ্যান যতই ব্রাজিলের পক্ষে কথা বলুক, শেষ পর্যন্ত সেই ইতিহাস পুনরাবৃত্তি করতে হলে ভিনিসিয়ুসদের একই ধারাবাহিকতা ধরে রাখতে হবে নকআউট পর্বেও। এখন দেখার বিষয়, অতীতের মতো এবারও কি এই রেকর্ড ব্রাজিলকে বিশ্বকাপ শিরোপার পথে নিয়ে যেতে পারে।

img

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

প্রকাশিত :  ০৯:৫০, ২৫ জুন ২০২৬

ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই। এই দুই দলের মুখোমুখি সংঘর্ষ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন কোটি কোটি ফুটবলপ্রেমী। আর সেই দ্বৈরথ যদি বিশ্বকাপের মঞ্চে হয়, তবে উত্তেজনা পৌঁছে যায় ভিন্ন উচ্চতায়। সবশেষ ১৯৯০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।

এরপর কেটে গেছে প্রায় ৩ যুগ, কিন্তু দেখা হয়নি ব্রাজিল-আর্জেন্টিনার। তবে ভক্তদের সেই অপেক্ষা শেষ হতে পারে এই বিশ্বকাপে। সমীকরণ মিলে গেলে চলমান বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা।

গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে ‘জে’ গ্রুগের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে তারা মাঠে নামবে জর্ডানের বিপক্ষে, সবঠিক থাকলে শেষ ম্যাচেও জয় নিশ্চিত হতে যাচ্ছে আলবিসেলেস্তাদের। দ্বিতীয় রাউন্ডে তারা খেলবে ‘এইচ’ গ্রুপের রানার্স আপদের বিপক্ষে। যেখানে এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ উরুগুয়ে।

অন্যদিকে বিশ্বকাপের শুরুটা ভালো করতে না পারলেও হাইতিকে হারিয়ে ‘সি’ গ্রুপে টেবিলে সিংহাসনে ফিরেছিল ব্রাজিল। শেষ ম্যাচে স্কটিশদের ৩-০ গোলে উড়িয়ে দিয়ে এবার গ্রুপ চ্যাম্পিয়ন হলো তারা। ফলে পরের রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে জাপান।

ফলে ব্রাজিল-আর্জেন্টিনা এই অবস্থানের থেকে যদি দ্বিতীয়, তৃতীয় ও কোয়ার্টার ফাইনালের বাঁধা পেরোতে পারে তাহলে সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল।

বিশ্বকাপে (মূল পর্ব) আর্জেন্টিনা ও ব্রাজিল সবশেষ ১৯৯০ সালের ২৪ জুন মুখোমুখি হয়েছিল। ইতালির তুরিনে অনুষ্ঠিত ১৯৯০ বিশ্বকাপের সেই হাইভোল্টেজ ‘রাউন্ড অব সিক্সটিন’ (দ্বিতীয় রাউন্ড) ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করেছিল আর্জেন্টিনা।

ম্যাচের ৮১তম মিনিটে ডিয়েগো ম্যারাডোনার দুর্দান্ত এক অ্যাসিস্ট থেকে আর্জেন্টিনার পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া। 

বিশ্বকাপে নকআউট পর্বে এটিই দুই দলের একমাত্র লড়াই। ফলে সেমিফাইনালে দেখালে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে যেতে চাইবে সেলেসাওরা। অন্যদিকে নিজেদের চতুর্থ শিরোপা জিততেও মরিয়া মেসির দল।


খেলাধূলা এর আরও খবর