img

জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর মিথ‍্যা মামলার রায়ের বিরুদ্ধে যুক্তরাজ্যে জাসদের প্রতিবাদ সভা

প্রকাশিত :  ০৭:১২, ০২ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:৪১, ০২ জুলাই ২০২৬

জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর মিথ‍্যা মামলার রায়ের বিরুদ্ধে যুক্তরাজ্যে জাসদের প্রতিবাদ  সভা

গত ৩০শে জুন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি, সাবেক মন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা জননেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে নেক্কারজনক মিথ্যা মামলায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত যে রায় ঘোষণা করা হয়েছে, তাঁর প্রতিবাদে যুক্তরাজ‍্য জাসদের উদ্যোগে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভা কক্ষে আজ ১লা জুলাই এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় । সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য জাসদের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হারুনুর রশীদ এবং পরিচালনা করেন যুক্তরাজ্য জাসদের সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু । 

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মিথ্যা মামলায় সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিহিংসামূলক এই রায়ের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান । 

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগষ্টে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর ড. ইউনুস সরকার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতকে উল্টে দেয়। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত সেই আদালতে বীরমুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর বিচার করাটাই একটি প্রহসন। 

তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জনাব হাসানুল হক ইনুর অগ্রণী ও বলিষ্ঠ ভূমিকার জন্যই তাঁর উপর এই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে। 

জনাব হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলায় আনীত ২০২৪ সালের ৫ আগষ্ট কুষ্টিয়ায় ৬ জন হত্যা, ২০২৪ এর জুলাই-আগষ্টে দেশের বিভিন্ন স্থানে সংঘঠিত হত্যাকান্ডের ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’র যে দায় ও অভিযোগসহ যে ৮টি অভিযোগ আনা হয়েছিল সে অভিযোগগুলো আদালতের রায়েও প্রমাণিত হয়নি।  তাঁর বিরুদ্ধে ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’র দায় দেয়া হলেও তিনি ঐ সময় মন্ত্রী, বা এমপি, বা রাষ্ট্রীয়, বা সরকারী, বা প্রশাসনিক কোনো দায়িত্ব বা পদে ছিলেন না। ঐ সময় পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ রাষ্ট্রীয় কোনো আইনশৃংখলা রক্ষা বা নিরাপত্তা বাহিনীর উপর তাঁর কোনই নিয়ন্ত্রণ ছিল না। সরকার পক্ষ কুষ্টিয়ায় ৬ জনের হত্যাকান্ডের সাথে জনাব হাসানুল হক ইনুর সামান্যতম সংশ্লিষ্টতাও প্রমাণ করতে ব্যার্থ হয়েছে। 

তিনি আরো বলেন, সাজানো আদালতে বিচারের নামে প্রহসনে জনাব হাসানুল হক ইনু নিকৃষ্টতম অবিচার ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেন। তিনি তাঁর বক্তব্যে হাসানুল হক ইনুর প্রতি অবিচার ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হিংসাত্মক রাজনীতির বিরুদ্ধে দেশ ও বিদেশের বিবেকবান মানুষ এবং মানবাধিকারে বিশ্বাসী সকল দেশ, সরকার, সংস্থার প্রতি প্রতিবাদ করার আহ্বান জানান। 

প্রতিবাদ সভায় যুক্তরাজ‍্য জাসদের আরও যারা বক্তব্য রাখেন তারা হলেন, যুক্তরাজ্য জাসদের সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা ড. আবু মুস্তফা, সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য আলাউদ্দিন আহমদ মুক্তা, অর্থ বিষয়ক সম্পাদক রেদওয়ান খাঁন, প্রচার যোগাযোগ সম্পাদক এমরান আহমদ, সিলেট জেলা জাসদ ও যুক্তরাজ্য জাসদের সদস্য মোঃ কামরান আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা বিলকিস মনসুর এবং যুক্তরাজ্য নারীজোট নেত্রী রেহানা বেগম । তারা তাদের বক্তব্যে জননেতা হাসানুল হক ইনুর প্রতি নিকৃষ্টতম অবিচার ও রাজনৈতিক প্রতিহিংসামূলক এই রায়ের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং এই রায় প্রত্যাখ্যান করেন । যুক্তরাজ্য জাসদ নেতৃবৃন্দ জননেতা হাসানুল হক ইনুকে অতি দ্রুত নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান । 

প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে আরও যারা বক্তব্য রাখেন তারা হলেন যথাক্রমে, বিশিষ্ট কমিউনিটি নেতা এবং টাওয়ার হ‍্যামলেট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর সেলিম উল্লাহ, বিশিষ্ট কলামিষ্ট ও কমিউনিটি ব্যক্তিত্ব নুর মনি, ঘাতক দালাল নির্মূল কমিটির ইউরোপিয়ান ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক ড. আনসার আহমদ উল্লাহ, কমিউনিটি নেতা জামাল খাঁন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল কাদির মুরাদ, কমিউনিটি ব্যক্তিত্ব শেখ দবীর, সৈয়দ গোলাব আলী, আব্দুস সাত্তার, হাজী জিলু খাঁন, তানভির হোসেন ( বি এস এস, ইউ কে), আজাদ মিয়া, আব্দুল করিম নাদিম, নাহিদ হোসেন এবং নুসরাত জাহান মৈত্রী প্রমুখ ।

-প্রেস বিজ্ঞপ্তি


কমিউনিটি এর আরও খবর

img

বৃটিশ-বাংলাদেশীদের ৫০ বছরের জীবন-সংগ্রাম নিয়ে বিশেষ নাটক “উই স্টেইড” মঞ্চায়ন হবে শনিবার

প্রকাশিত :  ১২:০৭, ০২ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৫২, ০২ জুলাই ২০২৬

লন্ডন ২ জুলাই ২০২৬ : কমিউনিটি সংগঠন ইস্টএন্ড কানেকশন-এর উদ্যোগে আগামী ৪ জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের টয়েনবী হলে মঞ্চায়ন হতে যাচ্ছে বিশেষ নাটক “উই স্টেইড”। ড. মোহাম্মদ আহমদ উল্লাহ রচিত একটি গল্পে নাট্যরূপ দিয়েছেন ড. ক্যানান সালিহ । এই নাটকে বৃটিশ-বাংলাদেশীদের ৫০ বছরের (১৯৫০-২০০০) জীবন-সংগ্রাম স্বপ্ন ও সাফল্যের কাহিনী তুলে ধরা হয়েছে ।

মূলত: কমিউনিটি সংগঠন ইস্টএন্ড কানেকশন যুক্তরাজ্যের ন্যাশনাল লটারি ফান্ডের অর্থায়নে বৃটিশ-বাংলাদেশীদের ৫০ বছরের জীবন সংগ্রামের ইতিহাস সংরক্ষণে ‘স্টোরিজ অব স্ট্রাগলস অ্যান্ড স্ট্রাইডস’ -শীর্ষক একটি প্রজেক্ট গ্রহণ করে । এই প্রজেক্টের অধীনে শনিবার ‘উই স্টেইড” নাটকটি মঞ্চায়ন হবে । এছাড়া একই প্রজেক্টের অধীনে বৃটেনে বাংলাদেশি কমিউনিটির আন্দোলন-সংগ্রাম, বর্ণবাদ-বিরোধী লড়াই এবং কমিউনিটি গঠনের ইতিহাস সংরক্ষণের জন্য একটি ইতিহাসগ্রন্থ প্রকাশিত করবে । ৭শ’ পৃষ্ঠার বইটি আগামী ১৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে ।

প্রকাশিতব্য গ্রন্থের জন্য তথ্য সংগ্রহের লক্ষ্যে ১২ জন নারি-পুরুষকে নিয়োগ করা হয়েছে । তাদেরকে মৌখিক ইতিহাস সংগ্রহ, গবেষণা, পরিসংখ্যান বিশ্লেষণ ও ঐতিহাসিক তথ্য উপস্থাপনের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে । তাঁরা প্রবীণ কমিউনিটি নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক এবং বাংলাদেশি কমিউনিটির সংগ্রামে সহায়তাকারী অ-বাংলাদেশি ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণে কাজ করছেন ।

ইস্ট এন্ড কানেকশন-এর সেক্রেটারি বদরুল আলম বলেন, ৭০ ও ৮০-এর দশকে পূর্ব লন্ডনের বাংলাদেশিরা ভয়াবহ বর্ণবাদী হামলা, দারিদ্র্য, নিম্নমানের আবাসন, শিক্ষাবঞ্চনা ও সামাজিক বৈষম্যের মুখোমুখি হয়েছিলেন । এসব প্রতিকূলতার বিরুদ্ধে সুসংগঠিত আন্দোলন, সামাজিক উদ্যোগ এবং রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে তারা বর্তমানের বহুসাংস্কৃতিক টাওয়ার হ্যামলেটস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন । কিন্তু সেই ইতিহাসের বড় অংশ এখনও যথাযথভাবে সংরক্ষিত হয়নি । সময়ের সঙ্গে সঙ্গে সেই সময়ের প্রত্যক্ষ সাক্ষীদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে । ফলে তাদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ সংরক্ষণের জন্য আমরা এই প্রজেক্ট গ্রহণ করেছি।

ইস্ট এন্ড কানেকশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, “হেরিটেজ ফান্ডের অনুদান পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত । এই ব্যতিক্রমধর্মী ও গুরুত্বপূর্ণ ঐতিহ্য সংরক্ষণে গৃহিত প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় আছি । তিনি বলেন, “ইস্ট এন্ড কানেকশন একটি তৃণমূলভিত্তিক কমিউনিটি সংগঠন । আমরা স্থানীয় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন, অনুপ্রেরণা এবং সামাজিকভাবে এগিয়ে নিতে কাজ করি । এই প্রকল্পে আর্থিক সহায়তার জন্য হেরিটেজ ফান্ড এবং ন্যাশনাল লটারির প্রতি আমরা কৃতজ্ঞ।




কমিউনিটি এর আরও খবর