img

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

প্রকাশিত :  ১০:৪১, ০৪ জুলাই ২০২৬

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

ইউক্রেনের টানা ড্রোন হামলার পর রাজধানী মস্কোর আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে ড্রোন অপারেটর নিয়োগের উদ্যোগ নিয়েছে রাশিয়া। এ লক্ষ্যে দেশটির অন্যতম বৃহৎ চাকরির ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপনে বলা হয়েছে, কমব্যাট আর্মি রিজার্ভ ফোর্স নামের একটি স্বেচ্ছাসেবী ইউনিটের জন্য ড্রোন অপারেটর নেওয়া হবে। এ পদে কাজ করতে পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই। আবেদনকারীদের শুধু মৌলিক প্রযুক্তিগত দক্ষতা এবং শেখার আগ্রহ থাকতে হবে।

নিয়োগপ্রাপ্তদের দায়িত্বের মধ্যে থাকবে ড্রোন উড্ডয়নের প্রস্তুতি, নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ, দিনে ও রাতে ড্রোন পরিচালনা এবং রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার।

মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার রুবল (প্রায় ১,৯৫০ মার্কিন ডলার)।

বিজ্ঞাপনটি ঠিক কবে প্রকাশ করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে সর্বশেষ ১ জুলাই এটি হালনাগাদ করা হয়েছে। এদিকে ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলা মোকাবিলায় রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন মস্কোসহ রাশিয়ার বিভিন্ন জ্বালানি ও সামরিক স্থাপনায় ড্রোন হামলা বাড়িয়েছে। এসব হামলার কারণে সীমান্তবর্তী অঞ্চলে হতাহত ও বিভিন্ন শিল্প স্থাপনায় ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটছে।

সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট


আন্তর্জাতিক এর আরও খবর

img

বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা

প্রকাশিত :  ১০:৫৩, ০৪ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:১৬, ০৪ জুলাই ২০২৬

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে লাখো মানুষ অংশ নিলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

জর্জটাউন ইউনিভার্সিটি অব কাতারের সহযোগী প্রফেসর পল মুসগ্রাভ সংবাদমাধ্যম আলজাজিরাকে শনিবার (৪ জুলাই) বলেছেন, কেন মোজতবা শেষ বিদায়ে নেই তা খুবই সহজবোধ্য।

তিনি বলেন, “ইরান ধরে নিয়েছে ইসরায়েল এই অন্তোষ্টিক্রিয়ায় নেতৃবৃন্দকে হত্যার জন্য দ্বিতীয়বারের মতো হামলা চালাতে পারে। অতীতে ইরান এমন জানাজাকে রাজনৈতিক নেতাদের হত্যার জন্য ব্যবহার করেছে।”

তবে তার মতে, দেশের শীর্ষ নেতার প্রকাশ্যে আসা উচিত। কারণ মোজতবাকে সর্বশেষ গত কয়েকমাস আগে দেখা গিয়েছিল।

তিনি আরও বলেছেন, “আমি মনে করি ইরানকে এমন একটি উপায় বের করতে হবে যেটি দেখাবে তাদের সুপ্রিম লিডার আড়ালে থাকা কোনো ব্যক্তি নয়। তিনি আসলে সেই ব্যক্তি যিনি দেশের সত্যিকার দায়িত্বে রয়েছেন। যদিও এ মুহূর্তে ইরানের নিরাপত্তার শঙ্কা থাকার বিষয়টি হয়ত সঠিক। কিন্তু তাদের আসলে সুপ্রিম লিডারকে প্রকাশ্যে আনতে হবে।”

গতকাল বিদেশি অতিথিদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে খামেনিকে শেষ বিদায় জানানোর প্রক্রিয়া শুরু হয়। আজ তার মরদেহবাহী কফিন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন তারা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন।

সূত্র: আলজাজিরা

আন্তর্জাতিক এর আরও খবর