img

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

প্রকাশিত :  ১১:৩৮, ১০ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:৫৯, ১০ জুলাই ২০২৬

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার শহরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও ঝালাওয়ান প্যানেলের সভাপতি শফিকুর রহমান মেঙ্গালের বাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১৭ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। তবে হামলায় অক্ষত রয়েছেন মেঙ্গাল।

গত বুধবার (৮ জুলাই) দুপুরে খুজদার শহরের শাহজাদ টাউন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। খবর দ্য ডনের।

স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী শফিকুর রহমান মেঙ্গালের বাড়ির প্রধান ফটকে আঘাত হানে। এতে ফটক, সীমানাপ্রাচীর এবং ভবনের বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়। প্রথম বিস্ফোরণের পর পরই আরও কয়েকটি বিস্ফোরণের শব্দে পুরো খুজদার শহর প্রকম্পিত হয়। আশপাশের ভবনগুলোর দরজা-জানালার কাচ ভেঙে যায়। হামলার পর নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে তিন ঘণ্টার বেশি সময় ধরে গোলাগুলি চলে। এ সময় রকেট লঞ্চার, গ্রেনেডসহ বিভিন্ন ভারী অস্ত্র ব্যবহার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে মেঙ্গালের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরাও রয়েছেন। এ ছাড়া বন্দুকযুদ্ধে পাঁচ হামলাকারী, যার মধ্যে কয়েকজন আত্মঘাতী হামলাকারীও ছিল, নিহত হয়েছে।

ঝালাওয়ান প্যানেলের মুখপাত্র ও সাধারণ সম্পাদক নাদিমুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরণ ও পরবর্তী গোলাগুলিতে এক ডজনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে।

তিনি বলেন, ‘শফিক মেঙ্গাল হামলায় অক্ষত রয়েছেন এবং নিরাপদে আছেন। তবে বিস্ফোরণ ও গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন।’

পুলিশ জানিয়েছে, আত্মঘাতী হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। আহতদের খুজদার টিচিং হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। হামলার পর দুই হাসপাতালেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। পাশাপাশি খুজদার শহরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

আন্তর্জাতিক এর আরও খবর

img

৪ ঘণ্টা পর বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত :  ০৫:৪৩, ১৪ নভেম্বর ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা ৩৬ মিনিটে রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দেওয়ার পর  রাত ৮টা ১৫ মিনিটে আবার আকাশসীমা খুলে দেওয়া হয়। অর্থাৎ, প্রায় ৪ ঘণ্টারও বেশি সময় পর দেশটির আকাশসীমায় বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।

রয়টার্স ও বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ডাফি জানান, দেশজুড়ে রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা দেখা দিয়েছিল। রাউটার থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে শুরু করলে এফএএ উড্ডয়ন বন্ধের নির্দেশ জারি করে। তার ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অকার্যকর হয়ে পড়ে এবং সেখান থেকে পাওয়া তথ্যে অসংগতি দেখা দেয়।

ডাফি বলেন, স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা আবার খুলে দেয়া হয়েছে। এফএএর নিয়ন্ত্রণকেন্দ্র ও টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল (ট্র্যাকন) কার্যক্রমও সচল রয়েছে। তবে বিকেলের ঘটনায় সৃষ্ট জটিলতা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। এর প্রভাব আগামী কয়েক দিন বিমান চলাচলে থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে চলতি সপ্তাহান্তের ফ্লাইটগুলোও পর্যালোচনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অত্যন্ত পুরোনো বলে জানান তিনি। বলেন, রাউটারগুলো অতিরিক্ত তথ্যের চাপে অস্থিতিশীল হয়ে পড়েছিল। এ ব্যবস্থা আধুনিক করতে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানান তিনি। বর্তমানে দেশটির কংগ্রেসের উভয় কক্ষই রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে।

এদিকে, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন সাংবাদিকদের জানান, দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের পেছনে কোনো সাইবার হামলা ছিল না। সাম্প্রতিক দিনগুলোতে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় দেখা দেওয়া বিভ্রাটের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।

এর আগে তিনটি সূত্র জানায়, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সমস্যার সঙ্গে এই বিভ্রাটের সম্পর্ক রয়েছে। তবে ডাফি বলেন, এ ঘটনায় যোগাযোগব্যবস্থা বা রাডার সক্ষমতা পুরোপুরি অচল হয়ে পড়েনি।

বিভ্রাটের কারণে হাজার হাজার ফ্লাইটের চলাচল বন্ধ হয়ে যায় এবং হাজার হাজার যাত্রী আটকে পড়েন। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনার ভোগান্তিতে পড়েন অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাথি আইজারম্যান-বোরাম। তিনি জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে গতকাল তার ফ্লাইট বাতিল হয়েছিল। আজ দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের কারণে আবারও বাতিল হয় ফ্লাইটটি।

আন্তর্জাতিক এর আরও খবর