img

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ধ্বংসের হুমকি ট্রাম্পের, কী আছে সেখানে

প্রকাশিত :  ১১:৪৪, ১৪ জুলাই ২০২৬

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ধ্বংসের হুমকি ট্রাম্পের, কী আছে সেখানে

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ধ্বংস করে দেবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি তেহরানকে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন দেশটির ওপর সামনের দিনগুলোতে আরও জোরালো আঘাত হানবে।

আমেরিকান টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য হিউ হিউইট শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার ট্রাম্প বলেন, ‘আমরা পিকঅ্যাক্স মাউন্টেন ধ্বংস করতে যাচ্ছি। ইরানিদের প্রস্তুত থাকতে বলুন।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা (পিকঅ্যাক্স মাউন্টেন) গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সেখানে আমরা কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না। পারমাণবিক পরিস্থিতি নিয়ে তারা খুব একটা ভালো অবস্থানে নেই। আমরা যখনই এ বিষয়ে কিছু জানতে পারি, তখনই তা উড়িয়ে দিই। তাই তারা এ নিয়ে কথা বলতে পছন্দ করে না। তবে আমরা সম্ভবত খুব শিগগিরই পিকঅ্যাক্স-এ একটি বড় আঘাত হানব।’

‘পিকঅ্যাক্স মাউন্টেন’ মূলত একটি অত্যন্ত সুরক্ষিত সামরিক ঘাঁটি। এটি নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত। এর ভেতরে মাটির গভীরে দুটি টানেল কমপ্লেক্স বা সুড়ঙ্গ আছে। যা যুক্তরাষ্ট্রের বাঙ্কার ব্লাস্টার বোমার নাগালের বাইরে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই পক্ষের মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র উপসাগরীয় এলাকায় ইরানি পণ্যবাহী জাহাজের ওপর ফের অবরোধ আরোপ করতে যাচ্ছে। নির্দিষ্ট ফি’র বিনিময়ে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা হবে।

‘হিউ হিউইট শো’-তে সোমবার ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমরা তাদের ওপর খুব শক্ত আঘাত হানতে যাচ্ছি এবং আগামীকালও তাদের ওপর তীব্র হামলা চালানো হবে। আর এটি ঠেকানোর মতো ক্ষমতা তাদের নেই।’


আন্তর্জাতিক এর আরও খবর

img

হুয়াংয়ের পর এনভিডিয়ার সিইও পদে কে? দৌড়ে নাম তিন ইসরায়েলির

প্রকাশিত :  ০৫:১৯, ১৬ নভেম্বর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর তাঁর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিন ইসরায়েলি প্রযুক্তি নির্বাহীর নাম আলোচনায় এসেছে। তাঁরা হলেন এনভিডিয়ার প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইকেল কাগান, মেলানক্সের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক সিইও এয়াল ওয়াল্ডম্যান এবং অ্যাপলের প্রধান হার্ডওয়্যার কর্মকর্তা জনি সরুজি।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ১২ নভেম্বর পদত্যাগের ঘোষণা দেন হুয়াং। তিন দশকের বেশি সময় ধরে এনভিডিয়ার নেতৃত্ব দেওয়া এই প্রধান নির্বাহীর পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। স্থায়ী উত্তরসূরি নিয়োগের আগপর্যন্ত প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন সিইও করা হয়েছে।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, নতুন সিইও নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভেতরের ও বাইরের—দুই ধরনের প্রার্থীকেই বিবেচনা করা হবে। এর মধ্যেই ইসরায়েলি সংবাদমাধ্যমে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজনের নাম উঠে এসেছে।

মাইকেল কাগান বর্তমানে এনভিডিয়ার প্রধান প্রযুক্তি কর্মকর্তা। তিনি ১৯৯৯ সালে এয়াল ওয়াল্ডম্যানের সঙ্গে মেলানক্স প্রতিষ্ঠা করেন। ২০২০ সালে প্রায় ৬৯০ কোটি ডলারে মেলানক্স কিনে নেয় এনভিডিয়া। এরপর প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হন কাগান।

এনভিডিয়ায় কাগানের দায়িত্বের মধ্যে রয়েছে এমন প্রযুক্তির উন্নয়ন, যার মাধ্যমে বড় ডেটা সেন্টারে হাজার হাজার প্রসেসর একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে।

এয়াল ওয়াল্ডম্যানও মেলানক্সের সহপ্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কাছে বিক্রি হওয়ার আগে তিনি এর প্রধান নির্বাহী ছিলেন। তবে কাগানের মতো তিনি বর্তমানে এনভিডিয়ার ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত নন। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, উত্তরসূরি নিয়ে আলোচনায় তাঁর নামও রয়েছে।

অন্যদিকে, জনি সরুজি বর্তমানে অ্যাপলের প্রধান হার্ডওয়্যার কর্মকর্তা। অ্যাপলের নিজস্ব চিপ তৈরির উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। ২০০৮ সালে অ্যাপলে যোগ দেওয়ার পর তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের প্রসেসর তৈরির কাজের নেতৃত্ব দেন। ইন্টেলের প্রসেসর থেকে অ্যাপলের নিজস্ব সিলিকন চিপে যাওয়ার প্রক্রিয়াতেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

হুয়াংয়ের পদত্যাগ ঘিরে বিতর্ক

হুয়াংয়ের পদত্যাগের আগে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। এর মধ্যে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার কথিত সম্পর্কের বিষয়টিও ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ওই নারীকে চীনের হয়ে কাজ করা গোয়েন্দা সম্পদ হিসেবে সন্দেহ করছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। তবে গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে চীন।

কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে স্ত্রীকে অবিশ্বস্ত করার বিষয়টি স্বীকার করে ক্ষমা চান হুয়াং। পরে এনভিডিয়া জানায়, তিনি বিদেশি কোনো গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রতিষ্ঠানটি।

মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংয়ের পদত্যাগের আগে তার অবস্থান নিয়ে পরিচালনা পর্ষদেও আলোচনা চলছিল। তবে ব্যক্তিগত সম্পর্কসংক্রান্ত অভিযোগই তার পদত্যাগের কারণ—এমন কোনো কথা প্রকাশ্যে জানায়নি এনভিডিয়া। একইভাবে, প্রতিষ্ঠানের গোপন তথ্য বা জাতীয় নিরাপত্তাসংক্রান্ত কোনো তথ্য ফাঁস হয়েছে, এমন প্রমাণও পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

হুয়াংয়ের পদত্যাগের পর নেতৃত্বের পরিবর্তনের মুখে পড়েছে এনভিডিয়া। বিশ্বজুড়ে এআই প্রযুক্তির প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির চিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে চীনের বাজারে ব্যবসা এবং যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণনীতির কারণে প্রতিষ্ঠানটির ওপর আন্তর্জাতিক চাপও বাড়ছে।

সূত্র: মিডল ইস্ট আই, জেরুজালেম পোস্ট ও ওয়াইনেট।

আন্তর্জাতিক এর আরও খবর