img

ইরানের বন্দর আব্বাস, বুশেহর ও কেশমে বিস্ফোরণের শব্দ

প্রকাশিত :  ০৫:৩৯, ৩০ জুলাই ২০২৬

ইরানের বন্দর আব্বাস, বুশেহর ও কেশমে বিস্ফোরণের শব্দ

ইরানে মার্কিন সামরিক হামলার পর দেশটির দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যম। তবে এসব বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

খুজেস্তান প্রদেশের উপ-নিরাপত্তা মন্ত্রীর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, আবাদান শহরের কয়েকটি স্থান মার্কিন বাহিনীর লক্ষ্যবস্তু হয়েছে।

একই সঙ্গে হরমুজগান প্রদেশের বন্দর আব্বাস শহরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আইআরআইবি। এছাড়া আবু মুসা, কিশ ও কেশম দ্বীপেও একই ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে হরমুজগান প্রদেশের সিরিক শহরে কোনো হামলার ঘটনা ঘটেনি বলে স্থানীয় এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যমটি।

এদিকে, ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত বুশেহর প্রদেশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আইআরআইবি।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, কেশম দ্বীপের শহর এলাকায় পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

অন্যদিকে প্রেস টিভির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পর দক্ষিণ ইরানের কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিস্তারিত বিবৃতি পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।


আন্তর্জাতিক এর আরও খবর

img

ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স

প্রকাশিত :  ০৫:২৩, ১৭ নভেম্বর ২০২৬

ইরানের সঙ্গে চলমান সংঘাতকে দীর্ঘস্থায়ী সামরিক যুদ্ধে পরিণত হতে দেবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ট্রাম্প প্রশাসন আরেকটি ‘চিরস্থায়ী যুদ্ধে’ জড়িয়ে পড়তে চায় না। এ সংঘাতে দীর্ঘমেয়াদি মার্কিন সামরিক উপস্থিতির দাবিও নাকচ করেছেন তিনি।

গতকাল সোমবার (১৭ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, সংঘাতের গতিপথ নিয়ে তার সঙ্গে ট্রাম্পের কোনো মতপার্থক্য নেই। প্রেসিডেন্ট যুদ্ধের অবসান ঘটাতে চান, একে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানে পরিণত করতে চান না।

ভ্যান্স বলেন, ‘আমার ধারণা, প্রেসিডেন্ট শেষ পর্যন্ত যে সিদ্ধান্তই নিন না কেন, এমন কিছু মানুষ থাকবেন, যারা আরও বেশি কিছু চাইবেন এবং যুদ্ধ অনির্দিষ্টকাল চালিয়ে যেতে বলবেন।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সম্পর্কে আমি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, এ বিষয়ে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই। তিনি শেষ পর্যন্ত যে সিদ্ধান্তই নিন বা যেভাবেই সংঘাতের অবসান ঘটান না কেন, একে চিরস্থায়ী যুদ্ধে পরিণত হতে দেবেন না।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত অব্যাহত থাকার পাশাপাশি এ যুদ্ধের ব্যয় ও স্থায়িত্ব নিয়ে বিতর্কও জোরালো হচ্ছে। এমন পরিস্থিতিতে ভ্যান্সের এই মন্তব্য সামনে এলো।

তিনি বলেন, ‘আমরা এটিকে ১০ বা ১৫ বছরের সামরিক দায়বদ্ধতায় পরিণত হতে দেব না। সত্যি বলতে, দুই বছরের জন্যও নয়।’

ভ্যান্সের অভিযোগ, সমালোচক ও পররাষ্ট্রনীতির কিছু সমর্থক যুক্তরাষ্ট্রকে অনির্দিষ্টকাল এই সংঘাতে জড়িয়ে রাখতে চান। তবে বিদেশে দীর্ঘস্থায়ী যুদ্ধে না জড়ানোর বিষয়ে ভোটারদের কাছে প্রশাসন স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান তিনি।

ভ্যান্স বলেন, ‘অনেক নব্য রক্ষণশীল ও অন্যরা আমাদের সেখানে চিরকাল রাখতে চাইলেও আমরা থাকব না। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এমনটা করব না।’

ট্রাম্প শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটিয়ে মার্কিন জনগণের জন্য ‘দারুণ ফলাফল’ নিশ্চিত করবেন বলেও আশা প্রকাশ করেন ভাইস প্রেসিডেন্ট।

ট্রাম্পের ‘ঢাল’ হতে প্রস্তুত ভ্যান্স

সাক্ষাৎকারে ইরান সংঘাত মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা এবং ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ওপর এর সম্ভাব্য রাজনৈতিক প্রভাব নিয়ে সমালোচনারও জবাব দেন ভ্যান্স।

যুদ্ধ নিয়ে তার সঙ্গে ট্রাম্পের মতপার্থক্য রয়েছে কি না, এমন প্রশ্নে তিনি তা নাকচ করেন। প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যেও এ বিষয়ে কোনো মতবিরোধ নেই বলে জানান তিনি।

তবে সংঘাতের কারণে রাজনৈতিক মূল্য দিতে হয়েছে বলে স্বীকার করেন ভ্যান্স। বিশেষ করে পেট্রোল ও জ্বালানির দাম বেড়ে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

ভ্যান্স বলেন, ‘রাজনৈতিকভাবে এর মূল্য দিতে হয়েছে, হ্যাঁ। প্রেসিডেন্ট নিজেও এ কথা স্পষ্টভাবে বলেছেন। পেট্রোলের দাম বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে এবং এর রাজনৈতিক মূল্য রয়েছে।’

ইরান-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক নিয়ে তাকে লক্ষ্য করে করা সমালোচনারও জবাব দেন ভাইস প্রেসিডেন্ট। তার ইঙ্গিত, ট্রাম্পকে আক্রমণ করার বিকল্প লক্ষ্য হিসেবে কিছু সমালোচক তাকে বেছে নিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য আমি সমালোচনার ঢাল হতে প্রস্তুত।

সূত্র : আনাদোলু এজেন্সি

আন্তর্জাতিক এর আরও খবর