img

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার, বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ১৩:০২, ৩০ জুলাই ২০২৬

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার, বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। আজ বুধবার মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় প্রদেশ নেগেরি সেম্বিলানের চেন্নাহ শহরে আয়োজিত এক জনসভায় এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বাংলাদেশ থেকে ৩ লাখের পাশাপাশি মালয়েশিয়া থেকেও ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার সম্মত হয়েছে উল্লেখ করে জনসভায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, “আমাদের নাগরিকরা বলতেন যে ‘রোহিঙ্গাদের ফেরত পাঠান, রোহিঙ্গাদের ফেরত পাঠান’, কিন্তু কোথায় আমরা তাদের ফেরত পাঠাতাম? মিয়ানমার তো তাদের গ্রহণ করতে রাজি ছিল না।”

“সম্প্রতি তারা মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে।”

“কীভাবে এটা সম্ভব হলো? সম্ভব হয়েছে এই কারণে যে আমরা তাদের সঙ্গে আলোচনা করেছিলাম। এ কারণেই মালয়েশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখা জরুরি। এসব ক্ষেত্রে সতর্ক কূটনীতি প্রয়োজন।”

২০১৭ সালের আগস্ট মাসে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন প্রদেশের বেশ কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা হামলা ঘটায় সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা)। সেই হামলার প্রতিক্রিয়ায় আরাকানের রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে ভয়াবহ অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী।

সেনা সদস্যদের নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগের মুখে টিকতে না পেরে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেন হাজার হাজার রোহিঙ্গা। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তাদেরকে কক্সবাজারের টেকনাফ জেলার কুতুপালংয়ে আশ্রয় দেওয়া হয়। পরে জাতিসংঘ ও অন্যান্য দাতা সংস্থার পক্ষ থেকে তাদেরকে খাদ্য ও অন্যান্য সহায়তা প্রদান শুরু হয়। তারপর থেকে এখন পর্যন্ত এই ব্যবস্থাই চলে আসছে। বর্তমানে কুতুপালং শরণার্থী শিবিরে বসবাস করছেন ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা।

মালয়েশিয়াতেও রোহিঙ্গা শরণার্থীদের একটি বড় কমিউনিটি রয়েছে। জাতিসংঘের তথ্য অনুসারে, মালয়েশিয়ায় বর্তমানে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় ১ লাখ ২৬ হাজার।

গতকাল চেন্নাহ’র জনসভায় মালয়েশিয়ার শরণার্থীদের দেশের আইন মেনে চলার নির্দেশ দেন আনোয়ার ইব্রাহিম। অন্যথা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, “আমি এর আগেও সতর্ক করেছি এবং আবারও করছি। গতকাল পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে কথা বলেছি এবং নির্দেশ দিয়েছি যে শরণার্থী শিবির এবং অনুমোদিত এলাকাগুলো ব্যতীত অন্য কোথাও যেন তাদের উপস্থিতি চোখে না পড়ে।”

“এটা মালয়েশিয়া। তারা আমাদের বিরক্ত করতে পারবে না। যদি করে, পুলিশ সেক্ষেত্রে পদক্ষেপ নেবে।”

সূত্র : দ্য স্টার

জাতীয় এর আরও খবর

img

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত :  ১৮:০৯, ২০ নভেম্বর ২০২৬

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলছেন, তাদের প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হ্যান্ডকাফ পরিয়ে কিংবা কঠোর নজরদারির মাধ্যমে দেশে আনা হয়। আজ শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। তার জায়গা কোথায়, তা বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে। দেশের আইনের শাসনব্যবস্থা দেখিয়ে দিয়েছে।

হুমায়ুন কবির বলেন, এ দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। যারা দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার চেষ্টা করছিল, তাদের অবশ্যই ধরা হবে এবং আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী দল ও পরিবার ধ্বংস করেছেন। এখানে যারা আছেন, তাদেরও ধ্বংস করা শুরু করেছেন। 

শুক্রবার ভোরে তার বাসায় আগুন দেওয়া প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আমার বাসার গেটে আগুন দিয়ে দৌড় দিয়েছে। একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের অবস্থা এমন হয়েছে—জয় বাংলা বলেই দৌড়, খোঁজ মেলে না। জয় বাংলা জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে। সন্ত্রাসীদের কীভাবে ডিল করতে হয়, এ দেশের মানুষ জানে, সরকারও জানে।

তিনি আরও বলেন, সরকার সহনশীলতা চর্চা করে, তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশে কোনো সন্ত্রাসীর স্থান নেই এবং আওয়ামী সন্ত্রাসীদের স্থানও বাংলাদেশে নেই উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে সরকার কঠোর অবস্থান নেবে।

সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের স্পষ্ট অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, কোনো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরবে না। এসব কর্মকাণ্ডের কারণে সরকার কোনো চাপে পড়ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, না, কোনো চাপে পড়েনি। সরকার কেন চাপে পড়বে?

তিনি বলেন, জয় বাংলা স্লোগান পালিয়ে যাওয়ার স্লোগান, তারা নিজেরাই আতঙ্কিত, কয় সেকেন্ডের মধ্যে পালিয়ে যায়। তারা হয় দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, না হয় ধরা খাবে।

জাতীয় এর আরও খবর