img

রাষ্ট্রপতি নির্বাচন: ভোটার তালিকায় ৩৪৯ এমপি, আছেন আলোচিত এমপি গাজী নজরুলও

প্রকাশিত :  ১২:১৯, ০৭ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:২৬, ০৭ আগষ্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন: ভোটার তালিকায় ৩৪৯ এমপি, আছেন আলোচিত এমপি গাজী নজরুলও

আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন। এ নির্বাচনে নৈতিক স্খলনের অভিযোগে দল থেকে বহিষ্কৃত জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংসদ সদস্য হিসেবে তাঁর ভোটাধিকার বহাল থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে কোনো বাধা নেই।

নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রকাশিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা থেকে এই তথ্য জানা গেছে। জাতীয় সংসদ সচিবালয় থেকে পাওয়ার পর এই ভোটার তালিকা বৃহস্পতিবার রাতে গেজেট আকারে প্রকাশ করে ইসি। একই দিন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তপশিলও ঘোষণা করেন। 

গেজেট অনুযায়ী, ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। তাদের মধ্যে সংসদের সাধারণ আসনের সদস্য সংখ্যা ২৯৯ জন। আর সংরক্ষিত আসনের ৫০ জন। আইনি জটিলতায় উচ্চ আদালতের নির্দেশে বাতিল হওয়া চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য এই তালিকা থেকে বাদ পড়েছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেছেন।  

এদিকে, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নামও ভোটার তালিকায় থাকা প্রসঙ্গে ইসি কর্মকর্তারা বলেছেন, গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হলেও তিনি এখনও সংসদ সদস্য পদে আছেন। স্পিকারের কাছে জামায়াতের উত্থাপিত অভিযোগ এখনও নিষ্পত্তি হয়নি। কাজেই এখন পর্যন্ত যারা সংসদ সদস্য পদে রয়েছেন, আইন অনুযায়ী তারাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হবেন।

সম্প্রতি এক নারীর সঙ্গে গাজী নজরুলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জামায়াত তাঁকে দল থেকে বহিষ্কার করে। দল থেকে বহিষ্কারের পর নির্বাচন কমিশন ও স্পিকারকে গাজী নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিও দেয়। তবে চিঠির ভিত্তিতে এখনও তাঁর এমপি পদ শূন্য হওয়ার প্রক্রিয়া শুরু হয়নি। 

ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ করা হবে ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে ৫ টা পর্যন্ত। তবে একাধিক প্রার্থী না থাকলে একক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। সেক্ষেত্রে ভোটের প্রয়োজন পড়বে না।

২৪ জুলাই অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। 


প্রযুক্তিগত ত্রুটি

img

ইতালি বিমানবন্দরে ৭ ঘণ্টা ধরে আটকা ঢাকাগামী বিমান, ভেতর আড়াই শতাধিক যাত্রী

প্রকাশিত :  ১৬:৩৪, ০৭ আগষ্ট ২০২৬

প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমের একটি বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের একটি বিমান।

আজ শুক্রবার (৮ আগস্ট) নিয়মিত জ্বালানি নেওয়ার সময় ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

ফ্লাইটটিতে থাকা প্রায় ২৬০ জন যাত্রী এখনও উড়োজাহাজের ভেতরে রয়েছেন বলে জানিয়েছেন যাত্রীরা।

জানা গেছে, বিজি ৩০৬ ফ্লাইটটি গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ইতালিতে অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে এবং মেরামতের প্রয়োজন রয়েছে। 

স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত ফ্লাইটটি বিমানবন্দরেই অবস্থান করছিল। বিমানটি আবার কখন যাত্রা শুরু করবে, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

যাত্রীরা আরও জানান, ঢাকায় আসার আগে ইতালিতে জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটির নির্ধারিত বিরতি ছিল। তবে উড়োজাহাজের প্রযুক্তিগত সমস্যার প্রকৃত কারণ এবং ফ্লাইটে থাকা যাত্রীর সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। 

এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক প্রেস বার্তায় জানায়, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি৩০৬ (টরন্টো–রোম–ঢাকা) পরিচালনাকালে ইতালির রোম ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে।’

বিমান জানায়, ‘ত্রুটি সম্পূর্ণরূপে নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে বিজি৩০৬ রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে বিজি৩০৫ (ঢাকা–রোম–টরন্টো) ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হবে। রোমে অবস্থানরত বিজি৩০৬-এর যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে।’

এই অনাকাঙ্ক্ষিত বিলম্ব ও যাত্রীদের অসুবিধার দুঃখ প্রকাশ করেছে বিমান।

জাতীয় এর আরও খবর