img

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব

প্রকাশিত :  ১২:৫৪, ০৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে মোট ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন বা ৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। আগের অর্থবছরের তুলনায় এবার রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে ৫ হাজার ২৬০ দশমিক ৫৮ মিলিয়ন ডলার।

আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে সংরক্ষিত আসন-১০-এর সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি’র তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

সংসদে উপস্থাপিত তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে একক দেশ হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৫ হাজার ৮৪৮ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার। এর আগের অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, যার পরিমাণ ছিল ৪ হাজার ৭৩৩ দশমিক ১৩ মিলিয়ন ডলার। তবে ২৫-২৬ অর্থবছরে দেশটি থেকে রেমিট্যান্স প্রবাহ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ১৩ দশমিক ১৫ মিলিয়ন ডলারে, যা শীর্ষ তালিকার পঞ্চম স্থানে নেমে গেছে।

প্রতিমন্ত্রী নুরুল হক আরও জানান, আলোচ্য ২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স এসেছে ৫ হাজার ৭১ দশমিক ৯৯ মিলিয়ন ডলার এবং মালয়েশিয়া থেকে এসেছে ৩ হাজার ৪০৩ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার।

img

নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানখেতে, স্ত্রীসহ পথচারী আহত

প্রকাশিত :  ০৭:৩৯, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তাঁর স্ত্রীকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে ধানক্ষেতে গিয়ে পড়েছে। এ ঘটনায় ফিরোজা বেগম (৫৫) নামে এক নারী পথচারী গুরুতর আহত হয়েছেন। তাঁকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখান থেকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওই পথচারী রাস্তা পারাপারের সময় তাঁকে বাঁচাতে গিয়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি সড়ক থেকে ছিটকে ধানক্ষেতে গিয়ে পড়ে। পরে পথচারী ও স্থানীয় লোকজন প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীকে উদ্ধার করেন।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে জয়পুরহাটে যাওয়ার পথে  বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বড় ব্রিজের পূর্বপাশে হরিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় প্রতিমন্ত্রী হাঁটু ও দুই পায়ে আঘাত পেয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাঁর স্ত্রী নাজমা বেগম অক্ষত রয়েছেন। প্রতিমন্ত্রীর গাড়ির চালকও আহত হয়েছেন।

জানা গেছে, আব্দুল বারী জয়পুরহাটে দুইদিনের সরকারি সফরে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তাঁকে কালাই পৌর শহরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই বাড়িতেই অবস্থান করছেন।

দুর্ঘটনার বিষয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ‌‘দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। রাস্তা থেকে গাড়িটি ফসলের মাঠে পড়ে গিয়ে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে। এতে হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছি।’

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, প্রতিমন্ত্রীর গাড়ি জয়পুরহাটে যাওয়ার পথে এক পথচারী রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করেছে। এ ঘটনায় তিনি সামান্য আঘাত পেয়েছেন।

তিনি জানান, ওই ঘটনায় এক নারী পথচারী গুরুতর আহত হয়েছেন। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে প্রতিমন্ত্রী তাঁর কালাইয়ের বাসায় রয়েছেন।

বাংলাদেশ এর আরও খবর