img

গ্রাহকের স্বর্ণ নিয়ে পালানো চাঁদপুরের সেই ব্যবসায়ী পটিয়ায় পরিবারসহ আটক

প্রকাশিত :  ০৮:০৪, ২৮ আগষ্ট ২০২৬

গ্রাহকের স্বর্ণ নিয়ে পালানো চাঁদপুরের সেই ব্যবসায়ী পটিয়ায় পরিবারসহ আটক

গ্রাহকদের স্বর্ণালংকার ও অর্থ আত্মসাৎ করে পরিবারসহ আত্মগোপনে যাওয়া চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোর পাঁচটার দিকে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালিয়ে স্ত্রী ও দুই সন্তানসহ তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ায় এই অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিরা হলেন—পিন্টু দাস, তার স্ত্রী রিমি দাস এবং দুই ছেলে প্রিয়ম দাস ও রূপম দাস। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাদের চাঁদপুরে নিয়ে আসার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে অভিযানকারী দল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিন্টু দাস চাঁদপুর শহরের কুমিল্লা সড়কের আখন্দ মার্কেটের নিচতলায় ‘এস কে শিল্পালয়’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন। তিনি সাধারণ মানুষের কাছ থেকে বাজারমূল্যের চেয়ে কম মূল্যে স্বর্ণালংকার বন্ধক রেখে নগদ অর্থ দিতেন। তবে বন্ধক রাখা এসব স্বর্ণের বিপরীতে পাওনা টাকা পরিশোধের পরও গ্রাহকদের অলংকার ফেরত না দিয়ে এবং বিভিন্ন সমিতি থেকে নেওয়া ঋণের চাপে তিনি পরিবারসহ হঠাৎ এলাকা ছেড়ে পালিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো পরিবারটি নিখোঁজ হওয়ার বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছিল।

ভুক্তভোগীদের মধ্যে রঘুনাথপুরের বাসিন্দা রাসেল খান অভিযোগ করেন, তিনি আড়াই ভরি স্বর্ণালংকার বন্ধক রেখে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। পরবর্তীতে পাওনা অর্থ ফেরত দিয়ে অলংকার বুঝে নিতে চাইলে পিন্টু দাস কালক্ষেপণ করেন এবং একপর্যায়ে রাতের আঁধারে বাসা ছেড়ে সপরিবারে পালিয়ে যান। এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ২৪ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এ ছাড়া জাহিদুল ইসলাম নামের এক গ্রাহক ১২ আনা এবং শুভঙ্কর মজুমদার ১০ আনা স্বর্ণালংকার ফেরত না পাওয়ার বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন।

এর আগে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানিয়েছিলেন, স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস নিখোঁজ হননি, বরং দেনার দায়ে আত্মগোপন করেছিলেন। পরিবারের পক্ষ থেকেও কোনো নিখোঁজ ডায়েরি করা হয়নি। অভিযোগের প্রেক্ষিতে পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ এর আরও খবর

img

দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে গরমও

প্রকাশিত :  ০৮:১০, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এদিকে দেশের আটটি বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী ও লক্ষ্মীপুরের রামগতিতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা রাজধানী ঢাকায় ছিল ৩৪ দশমিক ৪। আর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রংপুরে ৬৬ মিলিমিটার, রাজধানী ঢাকায় যা ছিল ১৪ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের গতকাল রোববার সন্ধ্যায় আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই অঞ্চলে আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। 

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৫ মিনিটে।

বাংলাদেশ এর আরও খবর