img

বিয়ের একদিন পর শিক্ষকের মরদেহ উদ্ধার

প্রকাশিত :  ০৫:১৫, ২৯ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ০৫:৩১, ২৯ আগষ্ট ২০২৬

বিয়ের একদিন পর শিক্ষকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বিয়ের একদিন পর নিখোঁজ হওয়া মো. আবু সালেম নামের এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবু সালেম দরবস্ত ইউনিয়নের কালিতলা মিরাপাড়ার বাসিন্দা। তিনি কাটাখালী বালুয়াহাটের ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। 

পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার আবু সালেমের বিয়ে হয়। পরদিন বৃহস্পতিবার সকালে তিনি বালুয়া বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর আর বাসায় ফেরেননি। স্বজনেরা বিভিন্ন জায়গায় তার খোঁজ শুরু করেন।

এরই একপর্যায়ে শুক্রবার সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগান থেকে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেন গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান। তিনি ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, স্কুলশিক্ষক মো. আবু সালেমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাব।


বাংলাদেশ এর আরও খবর

img

দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে গরমও

প্রকাশিত :  ০৮:১০, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এদিকে দেশের আটটি বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী ও লক্ষ্মীপুরের রামগতিতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা রাজধানী ঢাকায় ছিল ৩৪ দশমিক ৪। আর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রংপুরে ৬৬ মিলিমিটার, রাজধানী ঢাকায় যা ছিল ১৪ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের গতকাল রোববার সন্ধ্যায় আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই অঞ্চলে আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। 

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৫ মিনিটে।

বাংলাদেশ এর আরও খবর