দফতর হারাচ্ছেন দুই মন্ত্রী!
নতুন করে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথের পর প্রধানমন্ত্রী বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যাচ্ছে তারেক রহমানের মন্ত্রিসভায়। এই রদবদলে বর্তমান দুই মন্ত্রী তাদের বিদ্যমান দফতর হারাতে পারেন। একই সঙ্গে নতুন শপথ নেওয়া ছয়জনকে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার প্রস্তুতি চলছে বলে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রিসভার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে পারে। অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতাকেও ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন শপথ নেওয়া বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা রয়েছে। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন সদ্য পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া এম. রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে চারজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নেন। শপথ নেওয়া চার মন্ত্রী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এম. রশিদুজ্জামান মিল্লাত ও সাচিং প্রু জেরী। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।



















