img

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত :  ০৬:৩৮, ১১ আগষ্ট ২০২৬

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস ও হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকাগামী আল-আরাফাহ পরিবহণের বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও সংশ্লিষ্টরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে ওভারটেক করার সময় বাস ও বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুটিই সড়কের ওপর ছিটকে পড়ে। সংঘর্ষে বাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুসময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এ বিষয়ে শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


img

মগবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত আরও একজনের মৃত্যু

প্রকাশিত :  ০৬:১৬, ১০ আগষ্ট ২০২৬

রাজধানীর রমনা থানার মগবাজার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত রিয়াদ হোসেন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজনে।

দুর্ঘটনায় গুরুতর আহত রিয়াদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে মগবাজার ওয়্যারলেস গেট এলাকার গ্র্যান্ড প্লাজার সামনে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে মোটরসাইকেল আরোহী জামান আহমেদকে (৪২) মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় পরে আহত রিয়াদ হোসেনেরও মৃত্যু হয়।

এ ঘটনায় আহত রিপন (৪০) নামের অপর একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

নিহত জামান আহমেদ ও রিয়াদ হোসেনের বাড়ি নড়াইল সদর উপজেলার মধুগাতী গ্রামে। নিহত জামান ওই এলাকার ইলিয়াস ফকিরের ছেলে। অপরদিকে আহত রিপনের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার গলতলী গ্রামে; তিনি বর্তমানে লালবাগের ইসলামবাগ এলাকায় বসবাস করতেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ হোসেনের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্র্যান্ড প্লাজার সামনে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান সামনে থাকা মোটরসাইকেল ও সিএনজিকে চাপা দিলে বাহন দুটি দুমড়ে-মুচড়ে যায়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া জানান, গ্র্যান্ড প্লাজার সামনে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেল ও সিএনজিকে চাপা দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়; তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ এর আরও খবর