img

শ্রীমঙ্গলে চুরির কয়েক ঘণ্টার মধ্যে ষাঁড় উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশিত :  ০৬:২১, ০৪ অক্টোবর ২০২৬

শ্রীমঙ্গলে চুরির কয়েক ঘণ্টার মধ্যে ষাঁড় উদ্ধার, গ্রেপ্তার ১

সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চুরি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একটি ষাঁড় গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গরু চোর চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবিদ আলী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে উপজেলার ২ নম্বর ভূনবীর ইউনিয়নের ভীমসী ক্লোলেন চা-বাগানের ৬ নম্বর সেকশনের ছড়ারপাড় এলাকা থেকে রনি সাওতালের একটি লাল কাজলা রঙের ষাঁড় গরু চুরি হয়। পরে এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়।

অভিযোগ পাওয়ার পর শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায় গরুটি উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।

এরই ধারাবাহিকতায় শনিবার (৩ অক্টোবর) রাতে এএসআই (নিরস্ত্র) মিয়া নাসির উদ্দিন আহম্মেদের নেতৃত্বে পুলিশ ক্লোলেন চা-বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় আবিদ আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জের বাহুবল উপজেলার ৪ নম্বর মৌরি ইউনিয়নের হরিতলা গ্রামের সিরাজ আলীর ছেলে।

পুলিশের দাবি, গ্রেপ্তার আবিদ আলীর হেফাজত থেকে চুরি হওয়া ষাঁড় গরুটি উদ্ধার করা হয়েছে। গরুটির আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। পরে জব্দ তালিকার মাধ্যমে গরুটি জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, চুরি হওয়া গরুটি উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।


সিলেটের খবর এর আরও খবর

img

ওলামাদের বাধা: দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত

প্রকাশিত :  ১৬:৫১, ০৫ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জ জেলার দিরাইয়ে স্থানীয় ওলামাদের আপত্তির মুখে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা মিনি স্টেডিয়ামে সিলেটের জারা স্পোর্টিং ক্লাব ও দিরাইয়ের স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের মেয়েদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আয়োজকদের ভাষ্য, স্থানীয় আলেম-ওলামাসহ কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে খেলাটি বন্ধের দাবি জানান। পরে পুলিশও খেলা স্থগিত করার কথা বললে বিশৃঙ্খলা এড়াতে আয়োজকেরা ম্যাচটি স্থগিত করেন।

আয়োজক সংগঠনের সভাপতি ও কোচ রাকিব আহমেদ জানান, ২০১৯ সাল থেকে এলাকায় কিশোরীদের ফুটবল খেলা আয়োজন করছে সংগঠনটি। জাতীয় পর্যায়ের টুর্নামেন্টেও নিয়মিত অংশ নিচ্ছেন এলাকার কিশোরীরা।

এরই ধারাবাহিকতায় সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও পুলিশকেও জানানো হয়েছিল।

রাকিব আহমেদ বলেন, সোমবার সকালে ইউএনও সাহেব বলেছেন, যেহেতু দুটি পক্ষই দিরাইয়ের বাসিন্দা, তাই আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা করে খেলাটি আয়োজন করা হলে ভালো হয়। পরে পুলিশের পক্ষ থেকেও খেলা স্থগিত করতে বলা হয়। তাই বাধ্য হয়ে আমরা খেলাটি স্থগিত করেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে হবে।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার বলেন, পাঁচ-ছয় দিন আগে উপজেলা স্টেডিয়ামে কিশোরীদের ম্যাচ আয়োজনের অনুমতি নেন আয়োজকরা। ম্যাচ নিয়ে এলাকায় মাইকিং করা হয়। এরপরই ওলামাদের একটি দল আমার সঙ্গে দেখা করে এলাকার শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা জানান।

তিনি বলেন, ‘আয়োজক সংগঠনটি অনেকদিন ধরে মেয়েদের ফুটবল ম্যাচ আয়োজন করে। তবে সংগঠনটি নিবন্ধিত নয়। ওলামাদের দাবির মুখে আয়োজকদের জানাই, যেহেতু দুইপক্ষই স্থানীয়, নিজেদের মধ্যে আলোচনা করে শান্তিপূর্ণ সিদ্ধান্ত নিতে। পরে আয়োজকরা ম্যাচ স্থগিত ঘোষণা করেন।’

এ ব্যাপারে ‘দিরাইয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র সভাপতি মাওলানা শরিফ উদ্দিন বলেন, আগে শুনেছিলাম কিশোরীরা ফুটবল খেলবে। পরে মাইকিং করে মহিলাদের ফুটবল খেলা। এর আগে স্থানীয় কিশোরীরা দিরাইয়ে ফুটবল খেলেছে, আমরা বাধা দিইনি।

তিনি বলেন, দিরাইয়ে এর আগে মহিলাদের ফুটবল খেলা হয়নি। মহিলাদের নিয়ে মাঠে নাচানাচি, অশ্লীলতা হবে, এটা আমরা মানতে পারি না। আমরা খেলাধুলার বিরোধী নই, আমরা অশ্লীলতার বিরোধী।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আয়োজকরা প্রীতি ম্যাচ আয়োজনের জন্য উপজেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন। আমরা নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত ছিলাম। পরে উদ্ভূত পরিস্থিতির কারণে আয়োজকরাই ম্যাচ স্থগিত করে দেন। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে।

সিলেটের খবর এর আরও খবর