কমলগঞ্জে লাউয়াছড়া গাংয়ের বাঁধ ভেঙে সড়কে পানি, পানিবন্দী ৫ শতাধিক মানুষ
প্রকাশিত :
০৬:১৯, ০৪ অক্টোবর ২০২৬
সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে লাউয়াছড়া গাংয়ের বাঁধ ভেঙে ছনগাঁও–ভানুবিল সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। এতে সড়কটির যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়ে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় এলাকার প্রায় ৫ শতাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেক বাড়ির আঙিনা ও আশপাশের নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে।
শনিবার দিবাগত রাতে উপজেলার ৭ নম্বর আদমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে লাউয়াছড়া গাংয়ের বাঁধের একটি অংশ ভেঙে যায়। এরপর গাংয়ের পানি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ছনগাঁও–ভানুবিল সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ায় ওই পথে চলাচল ব্যাহত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বাঁধের অংশবিশেষ ভেঙে যাওয়ার পর পানি দ্রুত লোকালয়ের দিকে প্রবেশ করতে শুরু করে। এতে বাড়িঘরের আঙিনা ও নিচু স্থানগুলোতে পানি জমে যায়। একই সঙ্গে সড়কের বিভিন্ন অংশ ডুবে যাওয়ায় স্থানীয়দের চলাচলে দুর্ভোগ বেড়েছে।
পানিবন্দী হয়ে পড়া পরিবারগুলো দৈনন্দিন প্রয়োজনীয় কাজেও সমস্যার মুখে পড়েছেন। সড়কটির বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ায় এলাকার মানুষের স্বাভাবিক যোগাযোগব্যবস্থাও ব্যাহত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত বাঁধের ভাঙা অংশ মেরামত করে পানি প্রবেশ বন্ধ করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে বাহুবল উন্নয়ন ফোরাম ঢাকার নির্বাচন
প্রকাশিত :
১৯:১০, ০৪ অক্টোবর ২০২৬ সর্বশেষ আপডেট: ২০:২৫, ০৪ অক্টোবর ২০২৬
বাহুবল উপজেলার আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা প্রসার ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে বাহুবল উন্নয়ন ফোরাম ঢাকা-এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের নির্বাহী কমিটির নির্বাচন ও সাধারণ সভা আগামী ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর হোটেল উসমানী ইন্টারন্যাশনালে সংগঠনের নির্বাহী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কর্নেল (অব.) ডা. শাহ আবিদুর রহমান। সভা সঞ্চালনা করেন এডভোকেট আবুল কালাম আজাদ।
সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, সংগঠনের ব্যাংক হিসাব, সদস্য সংগ্রহ ও ভোটার তালিকা প্রণয়ন, নির্বাহী কমিটির নির্বাচন এবং নির্বাচন পরিচালনা কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. নাজমুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম কবির, সমাজকল্যাণ সম্পাদক নেওয়াজ চৌধুরী, প্রকাশনা সম্পাদক মোশায়েদ উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ আব্দুল আজিজ এবং নির্বাহী সদস্য পারভেজ চৌধুরী, সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ ও জুবায়ের চৌধুরীসহ অন্যরা।
বক্তারা বাহুবল উপজেলার সার্বিক আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তারা ঢাকায় বসবাসরত বাহুবল উপজেলার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করে বাহুবলের সামগ্রিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে যারা সংগঠনের সদস্যপদ গ্রহণ করবেন, তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে সংগঠনের সাধারণ সভা ও নির্বাহী কমিটির নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে মোশায়েদ চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সভায় মো. মহিবুর রহমান তালুকদারের আজীবন সদস্যপদের আবেদন অনুমোদন করা হয়।
এ ছাড়া সংগঠনের প্রকাশনা সম্পাদক মোশায়েদ উদ্দিন চৌধুরীর সহধর্মিণী ডাক্তার ছাইদুননেছা এবং সমাজকল্যাণ সম্পাদক নেওয়াজ চৌধুরীর সহধর্মিণী সালেহা বেগম চৌধুরীর মৃত্যুতে সভায় শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
জালালাবাদ হেলথ ফাউন্ডেশনের পরিচালক মনোনীত হওয়ায় সংগঠনের সভাপতি কর্নেল (অব.) ডা. শাহ আবিদুর রহমানকে এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম কবিরকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
সভা থেকে ঢাকায় বসবাসরত বাহুবল উপজেলার আগ্রহী ব্যক্তিদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাহুবল উন্নয়ন ফোরাম ঢাকা-এর সদস্যপদ গ্রহণের আহ্বান জানানো হয়। সংগঠনের আজীবন সদস্য ফি ৩১০০ টাকা এবং সাধারণ সদস্য ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগ্রহীরা সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন।
সভা শেষে দোয়া পরিচালনা করেন সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ। পরে আর কোনো আলোচ্য বিষয় না থাকায় সভাপতি কর্নেল (অব.) ডা. শাহ আবিদুর রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।