img

‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

প্রকাশিত :  ০৭:৩৫, ০৫ অক্টোবর ২০২৬

 ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

গৃহকর্মীর কাজ করতে সৌদি আরবে গিয়ে বিপাকে পড়া হবিগঞ্জের মাধবপুরের গৃহবধূ রেহেনা খাতুন দেশে ফিরতে সরকারের সহযোগিতা চেয়েছেন। তাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আকুতি জানিয়ে একটি ভিডিওবার্তা পরিবারের কাছে পাঠিয়েছেন।

ভিডিওবার্তাটি রেহেনার বোন হেনা বেগম পাঠিয়েছেন। হেনা বেগমও বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

রেহেনা খাতুন মাধবপুর উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের কোনাবাড়ী মহল্লার বাসিন্দা। পরিবারের অভিযোগ, অভাব-অনটনের কারণে প্রায় দুই মাস আগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগয় উপজেলার লালপুর গ্রামের গিয়াস উদ্দিন নামে এক দালালের মাধ্যমে গৃহকর্মীর ভিসায় সৌদি আরবে যান রেহেনা। বর্তমানে তিনি জেদ্দার আলহাদা এলাকায় একটি বাসায় গৃহকর্মী হিসেবে আছেন।

হেনা বেগমের দাবি, সৌদি আরবে অবস্থানরত একটি এজেন্সির মাধ্যমে ১৬ হাজার রিয়ালের বিনিময়ে রেহেনাকে একটি বাসায় দেওয়া হয়েছে। সেখানে তাকে অতিরিক্ত কাজ করানো হচ্ছে, সময়মতো খাবার দেওয়া হচ্ছে না। পরিবারের সঙ্গে যোগাযোগ না করার জন্য তাকে ইন্টারনেট সংযোগও দেওয়া হয়নি।

ভিডিওবার্তায় রেহেনা বলেন, তিনি সৌদি আরবের এজেন্সি অফিসের সঙ্গে যোগাযোগ করেছেন। দেশে পাঠানোর জন্য তারা তার কাছে সাড়ে তিন লাখ টাকা দাবি করেছে। ওই টাকা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। রেহেনার ভাষ্য, এজেন্সির পক্ষ থেকে তাকে বলা হয়েছে, ‘আমি তোমাকে বিক্রি করে দিয়েছি। এরপর দায়দায়িত্ব আর আমি তোমাকে নিতে পারব না।’

ভিডিওতে রেহেনা আরও বলেন, আমি জীবন-মরণের সন্ধিক্ষণে রয়েছি। আমাকে নানামুখী চাপ ও কষ্ট দেওয়া হচ্ছে। আমি খুবই অসুস্থ, মনে হয় বাঁচব না। বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। আমি সরকারের কাছে আকুতি জানাই, আমাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।

রেহেনার স্বামী আলী আহমদ বললেন, বাংলাদেশের সৌদি দূতাবাসের কাছে আমার আকুল আবেদন, আমার স্ত্রীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। রেহেনাকে সৌদি আরবে পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট দালাল হিসেবে পরিবারের পক্ষ থেকে গিয়াস উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মোকন্দপুরের বামুটিয়া গ্রামে।

অভিযোগের বিষয়ে গিয়াস উদ্দিন বললেন, কিছু খরচাপাতি দিলে তাকে আনিয়ে দেব। সৌদি আরব গেলেই তো আসা যায় না।

ঢাকার ফকিরাপুলের সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি জেনিয়া ওভারসিসের কর্মকর্তা হাসান মিয়া রেহেনা নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই নারী কোনো নির্যাতনের শিকার নন। দেশে ফিরতে হলে আমাদের খরচ দিতে হবে। শারীরিক অবস্থা খারাপ হলে আমাদের কিছু করার নেই।

রেহেনাকে দেশে ফিরিয়ে আনা ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তার স্বামী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপসহকারী পরিচালক মালেকা বেগম বললেন, যেহেতু আমাদের কাছে আবেদন এসেছে, আমরা সেটি বাংলাদেশ দূতাবাসে পাঠিয়ে খোঁজখবর নিয়ে দেখব। উদ্ধারের জন্য প্রয়োজনীয় চেষ্টা করব।

সিলেটের খবর এর আরও খবর

img

সুনামগঞ্জে একসঙ্গে আনসার বাহিনীতে চাকরি পেলেন চার বন্ধু

প্রকাশিত :  ০৬:১৯, ১৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:২৯, ১৪ নভেম্বর ২০২৬

একই কলেজে পড়াশোনার সুবাদে পরিচয়, এরপর বন্ধুত্ব। একসঙ্গে লেখাপড়ার পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে চাকরির সন্ধান করছিলেন চার বন্ধু। একই সঙ্গে চাকরির আবেদনও করেছিলেন তাঁরা। লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষার সব ধাপ সফলভাবে পেরিয়ে অবশেষে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার সুখবর পেয়েছেন চারজনই।

তারা হলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামের আর্শাদ মিয়ার ছেলে আকাশ মিয়া ও একই গ্রামের মিল্লাদ মিয়ার ছেলে জয় মিয়া। অন্য দুজন হলেন সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামের রমজান আলীর ছেলে মিনহাজ আলী এবং একই ইউনিয়নের বীর উত্তর গ্রামের নূরুল হকের ছেলে হিরু মিয়া।

দীর্ঘদিন একসঙ্গে লেখাপড়া, চলাফেরা ও স্বপ্ন দেখার পর এবার বাংলাদেশ আনসার বাহিনীতে চাকরি পেয়েছেন চার বন্ধু। তাদের এ সাফল্যে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

জানা যায়, বাংলাদেশ আনসার বাহিনীতে যোগদানের জন্য গত ২৭ অক্টোবর কুমিল্লার শহীদ ধীরেন্দ্র দত্ত স্টেডিয়ামে চার বন্ধু বিভিন্ন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার ফলাফল পরবর্তী সময়ে জানানো হবে বলে তাদের জানানো হয়েছিল। অবশেষে বুধবার (১১ নভেম্বর) রাতে চার বন্ধু চূড়ান্তভাবে মনোনীত হওয়ার বার্তা পান। আগামী ১৪ নভেম্বর গাজীপুরে প্রশিক্ষণে যোগ দেবেন তারা।

জানা যায়, চার বন্ধু ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে আকাশ মিয়া ও মিনহাজ আলী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অন্য দুজন একটি করে বিষয়ে অকৃতকার্য হয়েছেন। দুই বন্ধু স্নাতক পর্যায়ে ভর্তি না হয়ে এবং অন্য দুই বন্ধু অকৃতকার্য হওয়া বিষয়ে পুনরায় পরীক্ষা না দিয়েই একসঙ্গে আনসার বাহিনীতে যোগ দিতে যাচ্ছেন।

রায়পুর গ্রামের আকাশ মিয়া বলেন, আমরা কৃষিজীবী পরিবারের সন্তান। চার বন্ধু একসঙ্গে লেখাপড়ার পাশাপাশি পরিবারের সচ্ছলতার জন্য কিছু করার স্বপ্ন দেখতাম। আনসার পদে যোগদানের জন্য সব পরীক্ষায় অংশ নিয়ে আমরা উত্তীর্ণ হয়েছি। গত বুধবার রাতে আমাদের চারজনেরই যোগদানের বার্তা এসেছে। আগামী ১৪ তারিখ আমরা প্রশিক্ষণে যাব। আমরা সবার দোয়া প্রার্থী।

বীর উত্তর গ্রামের হিরু মিয়া বলেন, আমি পরিবারের সবার ছোট। আমার পরিবারের সবাই কৃষিকাজের সঙ্গে জড়িত। লেখাপড়ার শুরু থেকেই স্বপ্ন ছিল একটি চাকরি করে পরিবারের পাশে দাঁড়াব। আনসারে যোগদানের জন্য সব পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছি। তিন বন্ধুর সঙ্গে আগামী ১৪ তারিখ গাজীপুরে প্রশিক্ষণে যোগ দেব। পরে সুযোগ থাকলে লেখাপড়া করব। চার বন্ধু একসঙ্গে আনসার বাহিনীতে যোগ দিতে পারায় আমরা সবাই খুশি।

সলপ গ্রামের মিনহাজ আলীর বাবা রমজান আলী বলেন, আমরা দুই ভাই। আমি বড়। আমার চার সন্তান এবং ছোট ভাইয়ের দুই সন্তান। আমাদের পরিবারের বড় সন্তান মিনহাজ। সেই পরিবারের প্রথম চাকরি পেয়েছে। ছোট্ট একটি দোকান চালিয়ে আমার সংসার চলে। মিনহাজের চাকরি হওয়ায় এখন অন্য সন্তানদেরও ভালোভাবে লেখাপড়া করাতে পারব। মিনহাজের সঙ্গে তার আরও তিন বন্ধুর চাকরি হয়েছে।

বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তপন কান্তি তালুকদার বলেন, বাংলাদেশে চাকরির বাজার বেশ কঠিন। একটি পদের বিপরীতে অনেক প্রার্থীকে প্রতিযোগিতায় অংশ নিতে হয়। এমন পরিস্থিতিতে আমাদের চারজন শিক্ষার্থী একসঙ্গে চাকরি পেয়েছে। এ জন্য তাদের অভিনন্দন জানাই। কর্মজীবনে তারা সফলতার সঙ্গে এগিয়ে যাক, সেই আশীর্বাদ করি।

সিলেটের খবর এর আরও খবর