img

শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ০৬:৩২, ০৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:০৫, ০৬ অক্টোবর ২০২৬

শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।

এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। সভাপতিত্ব করছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আয়োজনে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের স্মারক উপহার প্রদান, স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলার কর্মসূচি রয়েছে। এছাড়া শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন তিনি। 

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে যাবেন এবং ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করার কথা রয়েছে।


জাতীয় এর আরও খবর

img

শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত :  ১১:৫২, ১৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:৫৬, ১৬ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে ভারত আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হলে সরকার তা বিবেচনা করবে। তবে গণমাধ্যমে এ বিষয়ে কী প্রকাশিত হয়েছে, সেটিকে গুরুত্ব দেওয়ার কিছু নেই।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, বর্তমানে একই ধরনের কর্মকাণ্ড করছে দলটি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা রয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জাতীয় এর আরও খবর