img

হবিগঞ্জে এবার আরেক পুলিশ সদস্যের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, প্রত্যাহার

প্রকাশিত :  ০৮:২৩, ০৭ অক্টোবর ২০২৬

 হবিগঞ্জে এবার আরেক পুলিশ সদস্যের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, প্রত্যাহার

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিকের বিরুদ্ধে এক ব্যক্তিকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে এএসআই অতনু বণিকের বিরুদ্ধে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে এ নিয়ে সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, মামলা–সংক্রান্ত বিষয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন এএসআই অতনু বণিক। একপর্যায়ে ওই ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার দৃশ্য দেখা যায়। ভিডিওতে টাকা চাওয়া ও হস্তান্তরের পুরো ঘটনাটি ধারণ করা হয়েছে বলে দাবি করা হয়।

বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে মঙ্গলবার বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এর আগে সোমবার একই থানার এএসআই ইয়াসিন হোসেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকেও থানা থেকে প্রত্যাহার করা হয়। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এএসআই অতনুর বিরুদ্ধে ভাইরাল হওয়া ভিডিওটি গত মার্চ মাসের। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটের খবর এর আরও খবর

img

শ্রীমঙ্গলে দুই দিনে উদ্ধার অজগর ও সবুজ ফণিমনসা

প্রকাশিত :  ১৪:২৬, ০৭ অক্টোবর ২০২৬

সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই দিনে দুটি সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এর মধ্যে একটি অজগর এবং অন্যটি সবুজ ফণিমনসা। মঙ্গলবার ও বুধবার পৃথক দুটি স্থান থেকে সাপ দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল চারটার দিকে শ্রীমঙ্গল নতুন বাজারের একটি ক্ষুদ্র চায়ের দোকানের ক্যাশ বাক্সের ভেতর সাপ ঢুকে পড়ার খবর পেয়ে সেখানে যায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের একটি দল। দোকানটির মালিক বকুল পাল বিষয়টি ফাউন্ডেশনকে জানান।

ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে ক্যাশ বাক্সের ভেতর সাপটির অবস্থান শনাক্ত করেন। পরে সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করা সাপটি ছিল সবুজ ফণিমনসা। পরে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

এর এক দিন পর বুধবার (৭ অক্টোবর) সকালে হাইল হাওরের দুর্গম রউয়া বিলে মাছ ধরার জালে আটকা পড়ে একটি অজগর। সকাল সাতটার দিকে খবর পেয়ে সেটি উদ্ধারে ছুটে যায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের দল।

তবে দুর্গম বিলটিতে দ্রুত পৌঁছানোই ছিল বড় চ্যালেঞ্জ। এ সময় স্থানীয় মাঝি রাজু মিয়া নৌকা নিয়ে সহযোগিতার জন্য এগিয়ে আসেন। তাঁর নৌকায় করে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, অজগরটি মাছ ধরার জালে আটকা পড়ে আছে। দীর্ঘ প্রায় এক ঘণ্টার চেষ্টায় জাল থেকে অজগরটিকে জীবন্ত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পুরো প্রক্রিয়ায় স্থানীয় মাঝি রাজু মিয়ার সহযোগিতা গুরুত্বপূর্ণ ছিল বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোথাও কোনো পশুপাখি ধরা পড়লে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে নিজেরা ধরার চেষ্টা না করে দ্রুত নিকটস্থ বন বিভাগকে খবর দেওয়া উচিত। প্রয়োজনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকেও বিষয়টি জানানো যেতে পারে।


সিলেটের খবর এর আরও খবর