শ্রীমঙ্গলে দুই দিনে উদ্ধার অজগর ও সবুজ ফণিমনসা
সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই দিনে দুটি সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এর মধ্যে একটি অজগর এবং অন্যটি সবুজ ফণিমনসা। মঙ্গলবার ও বুধবার পৃথক দুটি স্থান থেকে সাপ দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল চারটার দিকে শ্রীমঙ্গল নতুন বাজারের একটি ক্ষুদ্র চায়ের দোকানের ক্যাশ বাক্সের ভেতর সাপ ঢুকে পড়ার খবর পেয়ে সেখানে যায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের একটি দল। দোকানটির মালিক বকুল পাল বিষয়টি ফাউন্ডেশনকে জানান।
ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে ক্যাশ বাক্সের ভেতর সাপটির অবস্থান শনাক্ত করেন। পরে সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করা সাপটি ছিল সবুজ ফণিমনসা। পরে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
এর এক দিন পর বুধবার (৭ অক্টোবর) সকালে হাইল হাওরের দুর্গম রউয়া বিলে মাছ ধরার জালে আটকা পড়ে একটি অজগর। সকাল সাতটার দিকে খবর পেয়ে সেটি উদ্ধারে ছুটে যায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের দল।
তবে দুর্গম বিলটিতে দ্রুত পৌঁছানোই ছিল বড় চ্যালেঞ্জ। এ সময় স্থানীয় মাঝি রাজু মিয়া নৌকা নিয়ে সহযোগিতার জন্য এগিয়ে আসেন। তাঁর নৌকায় করে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, অজগরটি মাছ ধরার জালে আটকা পড়ে আছে। দীর্ঘ প্রায় এক ঘণ্টার চেষ্টায় জাল থেকে অজগরটিকে জীবন্ত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পুরো প্রক্রিয়ায় স্থানীয় মাঝি রাজু মিয়ার সহযোগিতা গুরুত্বপূর্ণ ছিল বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোথাও কোনো পশুপাখি ধরা পড়লে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে নিজেরা ধরার চেষ্টা না করে দ্রুত নিকটস্থ বন বিভাগকে খবর দেওয়া উচিত। প্রয়োজনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকেও বিষয়টি জানানো যেতে পারে।



















