img

তাহিরপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়াল পাঁচ গ্রাম, আহত অর্ধশতাধিক

প্রকাশিত :  ০৫:৫৪, ০৮ অক্টোবর ২০২৬

 তাহিরপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়াল পাঁচ গ্রাম, আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ইজিবাইকে ক্রিকেট খেলার বল লাগাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও হাতাহাতির জের ধরে মসজিদের মাইকে পূর্ব ঘোষণা দিয়ে ৫ গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন।

এ সময় ২০-৩০টি বাড়িঘর ও ৪টি দোকান ভাঙচুর এবং একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাহিরপুর উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামে তাহিরপুর-জামালগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। পরে আশপাশের গ্রামের বাসিন্দা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পুণরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বীরজয় লক্ষ্মী ধুতমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গ্রামের ছেলেরা ক্রিকেট খেলছিল। এ সময় পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় মধ্য তাহিরপুর গ্রামের জালাল মিয়ার ইজিবাইকের ওপর একটি ক্রিকেট বল এসে পড়ে। এ নিয়ে মধ্য তাহিরপুর গ্রামের হাফিজ মিয়ার সঙ্গে খেলোয়াড়দের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে ওই দিন বিকেলে তাহিরপুর বাজারে ধুতমা গ্রামের জসিম উদ্দিনকে মধ্য তাহিরপুরের কয়েকজন মারধর করে। পরে মঙ্গলবার হাফিজ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারধর করে বীরনগর গ্রামের কয়েকজন।

এসব মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার রাতে বীরনগর গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বুধবার সকালে বীরনগর, জয়নগর, লক্ষ্মীপুর ও ধুতমা গ্রামের লোকজনকে যার যা অস্ত্র আছে তা-ই নিয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়। মাইকিংয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা দুপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করেন। তবে রাতে উত্তেজনা কমেনি এবং ঘটনার কোনো সুরাহা হয়নি।

বুধবার দুপুরে ওই চার গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মধ্য তাহিরপুর গ্রামে হামলা চালায় এবং বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে। একপর্যায়ে মধ্য তাহিরপুর গ্রামের আলকাছ মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করা হলে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় মধ্য তাহিরপুরের লোকজন প্রতিরোধ গড়ে তুলে পাল্টা আক্রমণ করলে উভয়পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা তানিম আহমদ লিংকন ও রহিমা বেগম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে মঙ্গলবার রাতে বীরনগর গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়েছিল বুধবার সকালে আমাদের গ্রামে হামলা করা হবে। এরপর বুধবার দুপুরে হঠাৎ চার গ্রামের হাজারো মানুষ নৌকা নিয়ে এসে আমাদের গ্রামে হামলা চালায়। তারা বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাট করে, নারীদের মারধর করে এবং একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

অভিযোগের ব্যাপারে বীরনগর গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া বলেন, শিশুদের ক্রিকেট খেলার সময় ইজিবাইকে বল পড়া নিয়ে ঘটনার সূত্রপাত। এরপর দুপক্ষের মধ্যে মারধর ও পাল্টা মারধরের ঘটনা ঘটে। আজ দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল; এলাকার লোকজন ও প্রশাসন পরিস্থিতি সামাল দিয়েছে।

জয়নগর গ্রামের বাসিন্দা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি থেকে আজকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি বর্তমানে ঢাকায় আছি, আজকের ঘটনায় আমরা লজ্জিত। সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়ি এই এলাকায় হলেও আমরা পরিস্থিতি সামাল দিতে পারিনি। উভয়পক্ষের অতিউৎসাহী কিছু লোকের কারণে এ ঘটনা ঘটেছে। তবে এলাকার মানুষ, উপজেলা প্রশাসন ও পুলিশ এটি রোখার সাধ্যমতো চেষ্টা করেছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ জানান, কয়েক দিন আগের এক তুচ্ছ ঘটনার জের ধরে দুপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।

তিনি বলেন, মাইকে ঘোষণার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয় এবং দুই পক্ষকে সংঘর্ষে না জড়ানোর জন্য বোঝানোর চেষ্টা করে। বুধবার দুই পক্ষের লোকজন ঘটনাস্থলে জড়ো হওয়ার পর একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ইটপাটকেলের আঘাতে ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন।


সিলেটের খবর এর আরও খবর

img

সুনামগঞ্জে একসঙ্গে আনসার বাহিনীতে চাকরি পেলেন চার বন্ধু

প্রকাশিত :  ০৬:১৯, ১৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:২৯, ১৪ নভেম্বর ২০২৬

একই কলেজে পড়াশোনার সুবাদে পরিচয়, এরপর বন্ধুত্ব। একসঙ্গে লেখাপড়ার পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে চাকরির সন্ধান করছিলেন চার বন্ধু। একই সঙ্গে চাকরির আবেদনও করেছিলেন তাঁরা। লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষার সব ধাপ সফলভাবে পেরিয়ে অবশেষে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার সুখবর পেয়েছেন চারজনই।

তারা হলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামের আর্শাদ মিয়ার ছেলে আকাশ মিয়া ও একই গ্রামের মিল্লাদ মিয়ার ছেলে জয় মিয়া। অন্য দুজন হলেন সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামের রমজান আলীর ছেলে মিনহাজ আলী এবং একই ইউনিয়নের বীর উত্তর গ্রামের নূরুল হকের ছেলে হিরু মিয়া।

দীর্ঘদিন একসঙ্গে লেখাপড়া, চলাফেরা ও স্বপ্ন দেখার পর এবার বাংলাদেশ আনসার বাহিনীতে চাকরি পেয়েছেন চার বন্ধু। তাদের এ সাফল্যে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

জানা যায়, বাংলাদেশ আনসার বাহিনীতে যোগদানের জন্য গত ২৭ অক্টোবর কুমিল্লার শহীদ ধীরেন্দ্র দত্ত স্টেডিয়ামে চার বন্ধু বিভিন্ন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার ফলাফল পরবর্তী সময়ে জানানো হবে বলে তাদের জানানো হয়েছিল। অবশেষে বুধবার (১১ নভেম্বর) রাতে চার বন্ধু চূড়ান্তভাবে মনোনীত হওয়ার বার্তা পান। আগামী ১৪ নভেম্বর গাজীপুরে প্রশিক্ষণে যোগ দেবেন তারা।

জানা যায়, চার বন্ধু ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে আকাশ মিয়া ও মিনহাজ আলী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অন্য দুজন একটি করে বিষয়ে অকৃতকার্য হয়েছেন। দুই বন্ধু স্নাতক পর্যায়ে ভর্তি না হয়ে এবং অন্য দুই বন্ধু অকৃতকার্য হওয়া বিষয়ে পুনরায় পরীক্ষা না দিয়েই একসঙ্গে আনসার বাহিনীতে যোগ দিতে যাচ্ছেন।

রায়পুর গ্রামের আকাশ মিয়া বলেন, আমরা কৃষিজীবী পরিবারের সন্তান। চার বন্ধু একসঙ্গে লেখাপড়ার পাশাপাশি পরিবারের সচ্ছলতার জন্য কিছু করার স্বপ্ন দেখতাম। আনসার পদে যোগদানের জন্য সব পরীক্ষায় অংশ নিয়ে আমরা উত্তীর্ণ হয়েছি। গত বুধবার রাতে আমাদের চারজনেরই যোগদানের বার্তা এসেছে। আগামী ১৪ তারিখ আমরা প্রশিক্ষণে যাব। আমরা সবার দোয়া প্রার্থী।

বীর উত্তর গ্রামের হিরু মিয়া বলেন, আমি পরিবারের সবার ছোট। আমার পরিবারের সবাই কৃষিকাজের সঙ্গে জড়িত। লেখাপড়ার শুরু থেকেই স্বপ্ন ছিল একটি চাকরি করে পরিবারের পাশে দাঁড়াব। আনসারে যোগদানের জন্য সব পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছি। তিন বন্ধুর সঙ্গে আগামী ১৪ তারিখ গাজীপুরে প্রশিক্ষণে যোগ দেব। পরে সুযোগ থাকলে লেখাপড়া করব। চার বন্ধু একসঙ্গে আনসার বাহিনীতে যোগ দিতে পারায় আমরা সবাই খুশি।

সলপ গ্রামের মিনহাজ আলীর বাবা রমজান আলী বলেন, আমরা দুই ভাই। আমি বড়। আমার চার সন্তান এবং ছোট ভাইয়ের দুই সন্তান। আমাদের পরিবারের বড় সন্তান মিনহাজ। সেই পরিবারের প্রথম চাকরি পেয়েছে। ছোট্ট একটি দোকান চালিয়ে আমার সংসার চলে। মিনহাজের চাকরি হওয়ায় এখন অন্য সন্তানদেরও ভালোভাবে লেখাপড়া করাতে পারব। মিনহাজের সঙ্গে তার আরও তিন বন্ধুর চাকরি হয়েছে।

বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তপন কান্তি তালুকদার বলেন, বাংলাদেশে চাকরির বাজার বেশ কঠিন। একটি পদের বিপরীতে অনেক প্রার্থীকে প্রতিযোগিতায় অংশ নিতে হয়। এমন পরিস্থিতিতে আমাদের চারজন শিক্ষার্থী একসঙ্গে চাকরি পেয়েছে। এ জন্য তাদের অভিনন্দন জানাই। কর্মজীবনে তারা সফলতার সঙ্গে এগিয়ে যাক, সেই আশীর্বাদ করি।

সিলেটের খবর এর আরও খবর