img

আলোচনা চলাকালে কাপুরুষ আমেরিকানরা সবকিছু ভেস্তে দিয়েছে: পেজেশকিয়ান

প্রকাশিত :  ১৬:২৩, ২৪ অক্টোবর ২০২৬

আলোচনা চলাকালে কাপুরুষ আমেরিকানরা সবকিছু ভেস্তে দিয়েছে: পেজেশকিয়ান

ইরানের সঙ্গে অন্তর্বর্তী চুক্তি সম্পাদনের আলোচনা ব্যর্থ হওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে আলোচনা আবার শুরু করে চুক্তি চূড়ান্ত করার পক্ষে মত দিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে সম্প্রচারিত বক্তব্যে পেজেশকিয়ান বলেন, আমরা যখন আলোচনা করছিলাম, তখন কাপুরুষ আমেরিকানরা সবকিছু ভেস্তে দিয়েছে। তবু আমি মনে করি, আমাদের আবার এগিয়ে গিয়ে চুক্তিটি সম্পন্ন করা উচিত।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত গণমাধ্যমে প্রচারের উদ্দেশ্যে বারবার ইরানকে হুমকি দেন বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র। একই সঙ্গে নতুন করে সামরিক সংঘাত শুরু হলে তার জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, বর্তমান পরিস্থিতিতে কার্যকর অভিযান চালাতে পারবে না; এ বিষয়টি শত্রুপক্ষ অন্য সবার চেয়ে ভালো জানে। তারা নিজেদের লক্ষ্য অর্জনে নিশ্চিতভাবেই ব্যর্থ হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সম্ভাব্য নতুন হামলার সিদ্ধান্ত আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর নেওয়া হবে। তবে তিনি বারবার দাবি করেছেন, নতুন করে সামরিক অভিযান চালিয়ে যে কোনো সময় ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে পারেন তিনি।

মোহেব্বি বলেন, যুদ্ধসংক্রান্ত মার্কিন বিবৃতিগুলোর উদ্দেশ্য হলো, গণমাধ্যমে এসব বিষয় প্রচারণা ও ইরানের জনগণের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলা চালালে তার জবাব দিতে প্রস্তুত থাকবে ইরান। এমনকি সীমিত পরিসরে কোনো পদক্ষেপ নিলেও সশস্ত্র বাহিনীর বর্তমান প্রস্তুতি ও কার্যপরিকল্পনার কারণে ইরানের জবাব হবে কয়েক গুণ বেশি শক্তিশালী।

সূত্র : রয়টার্স


আন্তর্জাতিক এর আরও খবর

img

টাইফুন ‘চাম্পির’ তাণ্ডবে লণ্ডভণ্ড তাইওয়ান, অগ্রসর হচ্ছে চীনের দিকে

প্রকাশিত :  ০৭:৪৭, ২৪ অক্টোবর ২০২৬

তাইওয়ানের উপকূলে আঘাত হানা শক্তিশালী টাইফুন ‘চাম্পি’র তাণ্ডবে অন্তত একজন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন। ঝোড়ো বাতাসে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। বর্তমানে ঝড়টি দুর্বল হয়ে উত্তর দিকে চীনের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।

স্থানীয় সময় শনিবার (২৪ অক্টোবর) তাইওয়ানের আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, একসময়ের সুপার টাইফুন এবং প্রশান্ত মহাসাগরের এই বছরের অন্যতম শক্তিশালী এই ঝড়টি কিছুটা দুর্বল হলেও এর কেন্দ্রস্থলের কাছাকাছি এখনো প্রতি ঘণ্টায় প্রায় ১২৬ কিলোমিটার (৭৮ মাইল) বেগে দমকা হাওয়া বইছে। খবর রয়টার্সের।

শনিবার ভোরে তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলে আঘাত হানার পর ঝড়টি বর্তমানে দেশটির পূর্ব উপকূল থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দূরে অবস্থান করছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এটি এখন উত্তর দিকে মোড় নিয়ে চীনের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এবং পরবর্তীতে এটি দক্ষিণ জাপানের দিকে অগ্রসর হতে পারে।

তাইওয়ানের ফায়ার সার্ভিস জানিয়েছে, লিউকিউ দ্বীপের কাছে বিশাল ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টির কারণে দেশটিতে মোট ৫২৭ জন আহত হয়েছেন।

রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান ‘তাইপাওয়ার’ জানিয়েছে, চরম দুর্যোগের একপর্যায়ে ১ লাখ ৬৭ হাজারের বেশি ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। তবে এর মধ্যে বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়েছে।

পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ২৪২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে শুক্রবার প্রায় ১ হাজার ফ্লাইট বাতিলের তুলনায় এই সংখ্যা কিছুটা কম। রাজধানী তাইপেতে ঝড়ের কবলে পড়ে বহু গাছপালা উপড়ে গেছে এবং থেমে থেমে তীব্র দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দুর্যোগের কারণে রাজধানী তাইপেসহ উত্তর ও মধ্য তাইওয়ানের বিস্তীর্ণ অঞ্চলে শনিবার দ্বিতীয় দিনের মতো অফিস ও স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।

তাইওয়ান সাধারণত টাইফুনের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অত্যন্ত সতর্ক ও সুসজ্জিত থাকে, যার ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। গ্রীষ্মকালে টাইফুনের প্রকোপ বেশি দেখা গেলেও মাঝে মাঝে শরৎকালেও এমন শক্তিশালী ঝড়ের কবলে পড়ে দেশটি।