img

দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা

প্রকাশিত :  ০৯:১৯, ১৫ নভেম্বর ২০২৬

দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা
বাংলাদেশের সরকারি ঋণ মাত্র দুই বছরে বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা। ২০২২ সালের ৩০ জুন সরকারি ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা।
২০২৪ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকায়।

অন্যদিকে আগামী কয়েক বছরে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ আরো বাড়বে। ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হবে ৪৫০ কোটি ডলার। ২০২৯-৩০ অর্থবছরে তা বেড়ে প্রায় ৫৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

রবিবার (১৫ নভেম্বর) কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উপলক্ষে দেওয়া প্রেস ব্রিফিং নোটে এসব তথ্য তুলে ধরা হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের জন্য তৈরি করা ওই নোটে দেশের ঋণ পরিস্থিতি, ঋণ ব্যবস্থাপনার সংস্কার এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

নোট অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ দাঁড়ায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৬ শতাংশ। একই সময়ে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ছিল প্রায় ১০৪ বিলিয়ন ডলার।
২০০৯ সালে এই ঋণের পরিমাণ ছিল প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।

ঋণের পাশাপাশি সরকারের সুদ পরিশোধের ব্যয়ও বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে সরকারের সুদ পরিশোধের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ পরিশোধ বেড়েছে সাড়ে তিন গুণ। ওই অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধের পরিমাণ দাঁড়ায় ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার।

প্রেস ব্রিফিং নোটে ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার সময়কার অর্থনৈতিক পরিস্থিতির বর্ণনা দিয়ে বলা হয়, তখন বাজেট ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। ২০২২ সালের জুনে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ ছিল ৭৩০ কোটি টাকা। ২০২৪ সালের জুনে তা বেড়ে দাঁড়ায় ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায়। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২০২৪ সালের জুলাই শেষে ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে আসে।

তবে বর্তমান সরকারের সময়ে ঋণ ব্যবস্থাপনায় কিছু অগ্রগতির দাবি করা হয়েছে নোটে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের অর্থায়ন ২০২৪ সালের জুনের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা থেকে কমে ২০২৬ সালের জুনে ৪৮২ কোটি টাকায় নেমেছে। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

এ ছাড়া সরকারের ঋণ নেয়ার ব্যয়ও কমেছে বলে উল্লেখ করা হয়েছে। ৯১ দিনের ট্রেজারি বিলের সুদের হার ২০২৫ সালের জুনে প্রায় ১২ শতাংশ থাকলেও ২০২৬ সালের জুনে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। বর্তমানে এ হার ৮ থেকে ৯ শতাংশের মধ্যে রয়েছে বলে নোটে বলা হয়েছে।

ঋণ ব্যবস্থাপনার ভবিষ্যৎ পরিকল্পনায় রাজস্ব আয় বাড়ানোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে চিহ্নিত করা হয়েছে। করের আওতা সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

পাশাপাশি ব্যাংকিং খাত পুনর্গঠন, সরকারি ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণ এবং আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিকল্পনার কথা বলা হয়েছে। নোটে আরও বলা হয়েছে, ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণের পরিবর্তে কম সুদের দীর্ঘমেয়াদি ঋণকে অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি ভালোভাবে যাচাই করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম প্রকল্পে ঋণের অর্থ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেয়া হয়েছে।

দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ঋণের উৎস সম্প্রসারণে ইউরোবন্ড, সুকুক, গ্রিন বন্ড ও ব্লু বন্ডের মতো নতুন অর্থায়ন উপকরণ ব্যবহারের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে উপযুক্ত সময়ে অর্থ সংগ্রহের কথা বলা হয়েছে।

অর্থনীতি এর আরও খবর

img

রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা

প্রকাশিত :  ১১:১৮, ১৪ নভেম্বর ২০২৬

শ্রম অসন্তোষ ও সার্বিক নিরাপত্তার অভাবে আশুলিয়া, সাভার ও গাজীপুরের আংশিক এলাকার পোশাক কারখানা আগামীকাল রোববার (১৫ নভেম্বর) থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ রাখা হতে পারে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

এর আগে বেলা ১২টার পর বিজিএমইএর কার্যালয়ে জরুরি মতবিনিময় সভা শুরু হয়। এতে প্রায় ২০০টি কারখানার মালিক অংশ নেন।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, ‘বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের জরুরি মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সদস্যদের প্রায় সবাই মতামত দিয়েছেন, এই মুহূর্তে কারখানাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে মজুরি বোর্ডে আলোচনা করার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। সার্বিক পরিস্থিতি ও শিল্পের নিরাপত্তা গভীরভাবে পর্যালোচনা করে সংশ্লিষ্ট অঞ্চলের বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোর মালিকেরা কঠিন অথচ অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সামগ্রিক নিরাপত্তা এবং উৎপাদনের অনুকূল পরিবেশ বজায় না থাকায় এসব কারখানা সচল রাখা সম্ভব হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম সচল রাখতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী আগামীকাল ১৫ নভেম্বর থেকে বন্ধ রাখতে বাধ্য হবেন বলে মালিকেরা আমাদের জানিয়েছেন।’

মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘আশুলিয়া, সাভার ও গাজীপুরের আংশিক এলাকার এসব কারখানা আমাদের জাতীয় অর্থনীতি এবং রপ্তানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এই শিল্পগুলোকে রক্ষা করা এবং এর সঙ্গে জড়িত লাখো মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব।’

তিনি বলেন, ‘পোশাক খাতের উদ্যোক্তারা আন্তরিকভাবে আশা করেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে এবং আইনের সার্বিক প্রয়োগে কঠোর ও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে এই সংকট উত্তরণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’

কারখানা বন্ধের সিদ্ধান্তের বিষয়ে বিজিএমইএ সভাপতি বলেন, ‘শ্রম আইনের ১৩(১) ধারায় কোনো বাণিজ্য সংগঠন চাইলেই কোনো কারখানা বন্ধ করতে পারে না। সংশ্লিষ্ট কারখানাগুলো এই বিশৃঙ্খল পরিস্থিতিতে উৎপাদন কার্যক্রম চালাতে না পারার কারণে নিজেরাই বন্ধ করতে বাধ্য হচ্ছে।’

তিনি জানান, বিজিএমইএ ও সরকারের অনুরোধে গত ১২ থেকে ১৪ দিন ধরে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও কারখানাগুলো সর্বোচ্চ চেষ্টা করে চালু রাখা হয়েছিল। তবে পরিস্থিতির কারণে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।

কারখানা বন্ধের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘আজ পর্যন্ত ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রয়েছে। তবে আজ ৯২টি কারখানা চেষ্টা করেও উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারেনি। এদের মধ্যে কোনো কারখানা চাইলে আগামীকাল ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘আজ সব মিলিয়ে ১৪৭টি কারখানা উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারেনি। বিজিএমইএর একটি কারখানায় গড়ে ২ হাজার শ্রমিক কাজ করেন। সেই হিসাবে এসব কারখানায় প্রায় ৩ লাখ শ্রমিক কাজ করেন।’

অর্থনীতি এর আরও খবর