img

টাওয়ার হ্যামলেটসে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হোন

প্রকাশিত :  ১২:১৬, ২৫ নভেম্বর ২০২৬

টাওয়ার হ্যামলেটসে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হোন

জাতিসংঘ ঘোষিত নারীর প্রতি সহিংসতা নির্মূলে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আগামী ২৫ নভেম্বর থেকে টাওয়ার হ্যামলেটসে শুরু হয়েছে ১৬ দিনের কর্মসূচি। লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে এই আর্ন্তজাতিক প্রচারাভিযানে অংশ নিতে সকলের প্রতি আহবান জানানো হয়েছে। এই কর্মসূচি চলবে আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পর্যন্ত।

১৬ দিনের এই কর্মসূচিতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ক্ষতিকর সামাজিক মনোভাবকে চ্যালেঞ্জ জানানো এবং সহিংসতা প্রতিরোধে সবাইকে সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করা হবে।

প্রচারণার অংশ হিসেবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল হোয়াইট রিবন ইউকে-এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। এ উদ্যোগের মাধ্যমে বাসিন্দাদের ‘হোয়াইট রিবন প্রমিস’ গ্রহণের আহ্বান জানানো হয়েছে, যার মূল বার্তা হলো নারীর প্রতি সহিংসতাকে কখনো সমর্থন না করা, অজুহাত না দেওয়া এবং এ বিষয়ে নীরব না থাকা।

কাউন্সিল বারার সকল বাসিন্দাকে হোয়াইট রিবন প্রতিশ্রুতি গ্রহণের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে দৈনন্দিন জীবনে আমরা কীভাবে ইতিবাচক পরিবর্তন আনতে পারি, তা নিয়েও ভাবতে উৎসাহিত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে যৌনতাবাদী মন্তব্য ও ক্ষতিকর আচরণের প্রতিবাদ করা, নারীদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করা।

আজই অঙ্গীকার করুন:  Make the White Ribbon Promise [whiteribbon.org.uk]

এবং/অথবা টাওয়ার হ্যামলেটসের মেল অ্যালাইশিপ অঙ্গীকারপত্রে স্বাক্ষর করুন :  Male Allyship Form

১৬ দিনের এই প্রচারণার অংশ হিসেবে নারীর প্রতি সহিংসতা ও কন্যাশিশুর নিরাপত্তা  বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পেশাগত জ্ঞান উন্নয়ন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করতে বিভিন্ন প্রশিক্ষণ ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচিগুলোতে গৃহস্থালি নির্যাতন, যৌন সহিংসতা, নারীবিদ্বেষ, অনলাইন ক্ষতি, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রাপ্যতা এবং বহুসংস্থার ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।

কাউন্সিল এবং এর অংশীদার সংস্থাগুলোর আয়োজিত কার্যক্রমের পূর্ণাঙ্গ তালিকা ‘লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি’-এর ওয়েবপেজে 16 Days of Activism against Gender Based Abuse এ পাওয়া যাবে।

আপনার যদি সহায়তার প্রয়োজন হয়, তাহলে টাওয়ার হ্যামলেটস নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা সেবা ডিরেক্টরির এই link এ সেবাসমূহের পূর্ণাঙ্গ তালিকা দেখতে পারেন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ফর পাবলিক প্রোটেকশন অ্যান্ড ইন্টিগ্রেটেড এনফোর্সমেন্ট, কাউন্সিলর কবির আহমেদ বলেন, “লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের এই প্রচারাভিযান সচেতনতা বৃদ্ধি, ক্ষতিকর আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং বেঁচে ফেরা ভুক্তভোগীদের প্রতি সংহতি প্রকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যদিও এই প্রচারণা ১৬ দিনের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, আমরা জানি নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, গৃহস্থালি নির্যাতন এবং সব ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় বছরের প্রতিটি দিনই কাজ করে যেতে হবে।”

তিনি আরও বলেন, “ লোকাল অথরিটি হিসেবে আমরা এমন একটি বারা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সবাই নিজেকে নিরাপদ, সম্মানিত অনুভব করবে। বাসিন্দা, কমিউনিটি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং অংশীদারদের সঙ্গে একযোগে কাজের মাধ্যমে আমরা ইতিবাচক পরিবর্তন আনতে পারি, মানুষকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে উৎসাহিত করতে পারি এবং ক্ষতিগ্রস্তদের জানাতে পারি যে সহায়তা তাদের জন্য রয়েছে। সহিংসতা ও নির্যাতন বন্ধে সবারই ভূমিকা রয়েছে, আর ১৬ দিনের এই কর্মসূচি সেই যৌথ দায়িত্বেরই শক্তিশালী স্মারক।”

 

কমিউনিটি এর আরও খবর

img

যুক্তরাজ্যে জমকালো আয়োজনে এশিয়ান কারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত

প্রকাশিত :  ১২:২০, ২৫ নভেম্বর ২০২৬

৪৬টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান, সম্মাননা পেলেন এশীয় খাদ্য ও আতিথেয়তা শিল্পের বিশিষ্ট ব্যক্তিরা

যুক্তরাজ্যে এশীয় খাবারের বৈচিত্র্য, ঐতিহ্য ও সাফল্য উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান কারি অ্যাওয়ার্ডস। লন্ডনের অভিজাত মেফেয়ারের গ্রোসভেনর হাউসে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এশিয়ার বিভিন্ন দেশের খাদ্যশিল্প, রেস্তোরাঁ ও আতিথেয়তা খাতের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৪৬টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান কারি অ্যাওয়ার্ডস এর ফাউন্ডার্স চেয়ারম্যান বিশিষ্ট ব্যাবসায়ী ইয়াওর খান। উপস্থাপনা করেন বিবিসির সংবাদ উপস্থাপক সামান্থা সিমন্ডস এবং ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক আনিসা খান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন  যুক্তরাজ্যে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার এইচ ই দাতো ইন্দেরা,বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর  মোরশেদুর রহমান তালুকদার,ওয়ার্ক পারমিট ক্লাউডের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার মো. লুৎফুর রহমান, স্কটিশ পার্লামেন্টের সাবেক এমপি ফয়সল চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক শাহগীর বকত ফারুক, ওয়ান মিলিয়ন মিলসের প্রতিষ্ঠাতা সুলেমান রাজা এমবিই,

এছাড়াও অনুষ্ঠানে  ক্রয়ডনের মেয়র মোহাম্মদ ইসলাম। 

সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী, সাটনের মেয়র মুহাম্মদ সাদিক, শ্রীপুর ভিলেজের ট্রাস্টি সাব্বির করিম, একাউন্টেট রফিক হায়দার, আনোয়ার হোসেন, শাহ এফ আকতার, বাংলাদেশ ক্যাটারাস এসোসিয়েশন এর প্রেসিডেন্ট অলি খান এমবিই  ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে\'র প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর সহ  নানা শেণি পেশার  বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

বৃটেন থেকে শাহ শাফী, জানান, এশিয়ান ক্যাটারিং ফেডারেশনের সম্মানিত বিচারকমণ্ডলী বিজয়ীদের নির্বাচন করেন। এর আগে মসলাপ্রেমী সাধারণ মানুষের ভোটে বিভিন্ন ক্যাটাগরির চূড়ান্ত প্রতিযোগীদের তালিকা তৈরি করা হয়। ফাইন ডাইনিং, ক্যাজুয়াল ডাইনিং, টেকঅ্যাওয়ে, ভেগান ও নিরামিষ খাবারসহ এশীয় খাদ্যসংস্কৃতির বিভিন্ন শাখা এই পুরস্কারের আওতায় ছিল।

এবারের জাতীয় পর্যায়ের উল্লেখযোগ্য পুরস্কারগুলোর মধ্যে বার্মিংহামের ইতিহাদ (Itihaas) অর্জন করে বেস্ট ফাইন ডাইনিং রেস্টুরেন্টের সম্মাননা। লন্ডনের ক্ল্যাপহামের দ্য পেপার ট্রি (The Pepper Tree) জিতে নেয় থাই রেস্টুরেন্ট অব দ্য ইয়ার। ইয়র্কের এভারেস্ট গুর্খা (Everest Gurkha) নির্বাচিত হয় নেপালিজ রেস্টুরেন্ট অব দ্য ইয়ার এবং কার্ডিফের ভেজিটেরিয়ান ফুড স্টুডিও (Vegetarian Food Studio) অর্জন করে বেস্ট ভেগান/ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট অব দ্য ইয়ার পুরস্কার।

এ বছর লন্ডনের ব্রিক লেনের আন্তর্জাতিক সুপারমার্কেট দ্য তাজ স্টোরসকে দেওয়া হয় ‘লিগ্যাসি অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড’। এডিনবরার ম্যাকাও কিচেনের কেই ডি ফ্রেইটাস অর্জন করেন ‘এশিয়ান শেফ অব দ্য ইয়ার’ পুরস্কার।

আতিথেয়তা শিল্পে উদ্ভাবনী অবদানের জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছেন মো. শাকাওয়াত হোসেন। একই সঙ্গে বিশেষ সম্মাননা দেওয়া হয় সন্দীপ দেওয়ানকেও।

এবারের ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেন প্যাডিস মার্টেন ইন-এর প্রতিষ্ঠাতা প্রদীপ ও অমিতা মাশরু। একই প্রতিষ্ঠান লেস্টারের সেরা এশীয় রেস্তোরাঁ হিসেবেও পুরস্কৃত হয়েছে।

আয়োজকদের মতে, এশিয়ান কারি অ্যাওয়ার্ডস যুক্তরাজ্যের এশীয় খাদ্যশিল্পের সামগ্রিক বৈচিত্র্য ও অর্জনকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। বিভিন্ন দেশের খাবার, রন্ধনশৈলী ও আতিথেয়তা শিল্পের প্রতিনিধিদের এক মঞ্চে নিয়ে আসার মাধ্যমে অনুষ্ঠানটি এশীয় খাদ্যসংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরেছে।

কমিউনিটি এর আরও খবর