img

১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত

প্রকাশিত :  ১৩:০৫, ২৭ নভেম্বর ২০২৬

১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ফ্যাসিবাদ ঠেকাতে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার উদ্যোগ হিসেবে ১১ দলীয় ঐক্যের অংশীদারদের নিয়ে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রস্তাব, সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের বদলে নিরপেক্ষ কোনো ভেন্যুতে এ আলোচনা অনুষ্ঠিত হোক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৈঠকে বিদ্যমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে সংলাপ, স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়, কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ এবং দেশে চলমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেয় দলটি। বৈঠকে দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংলাপের বিষয়ে সরকার ও বিএনপির পক্ষ থেকে যোগাযোগের পর জামায়াত জানিয়েছে- সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় নয়, নিরপেক্ষ ভেন্যুতে সংলাপের আয়োজন হতে হবে।

অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের ডাকে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিনদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম দিন বিএনপি-জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সঙ্গেও ১১ দলীয় ঐক্যের ব্যানারেই জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।

সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, নিরপেক্ষ ভেন্যুতে

সংলাপের দিনক্ষণ সম্পর্কে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের যোগাযোগ আছে। সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে কীভাবে যাবেন, সে প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ১১ দলীয় ঐক্য জোটগতভাবে সংলাপে অংশ নিবে।

গোলাম পরওয়ার বলেন, সংলাপের দিনক্ষণ ঠিক হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ১১ দলীয় ঐক্যের সঙ্গে সরকারের সংলাপ হলে সেখানে এনসিপি থাকবে বলে তাদের জানিয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সরকার ও বিএনপির পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা তাদের ১১ দলীয় ঐক্য একসঙ্গে বসার বিষয়ে জানিয়েছি। এ বিষয়ে আমরা অনড়। এ ছাড়া সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, নিরপেক্ষ ভেন্যুতে বসার বিষয়টিও জানিয়েছি।’

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, ‘যেহেতু আমাদের দাবি দাওয়া সবই এক, সেহেতু নির্বাচন কমিশনের সঙ্গেও একসঙ্গে বসতে চাই। ইসিকে জানানো হয়েছে। সব ঠিক থাকলে রবিবার একসঙ্গেই বসব।’

জুলাই সনদ বাস্তবায়ন প্রধান শর্ত

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বা সংলাপ প্রসঙ্গে জানতে চাইলে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, বৈঠক এক জিনিস, সংলাপ আরেক জিনিস। সংলাপ হলে সেটার ভেন্যু হতে হয় নিরপেক্ষ। সেখানে দাবির বিষয়ও থাকে, ঐকমত্যে আসার বিষয়ও আছে। জুলাই সনদ বাস্তবায়ন আমাদের প্রধান শর্ত। জুলাই সনদ বাস্তবায়ন হলে অধিকাংশ সমস্যার সমাধান।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘যোগাযোগ, আলাপ-আলোচনা চলছে। আমরা দলীয়ভাবে না, জোটগতভাবেই সংলাপে বসতে চাই। আশা করছি শিগগিরই সংলাপে হবে। নির্বাচন কমিশনের ডাকেও সাড়া দিয়েছি। সেখানেও আমরা ১১ দলের ব্যানারেই সংলাপে বসবো।’

এই দুই সংলাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার (২৭ নভেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা ডাকা হয়েছে বলে জোটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ এর আরও খবর

img

ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জে

প্রকাশিত :  ১২:৫৯, ২৭ নভেম্বর ২০২৬

রাজধানী ঢাকার জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। রাজধানীর পাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলাই সেকেন্ডারি সিটির মূল লক্ষ্য।

এর মাধ্যমে ঢাকার মূল নগর এলাকার বাইরে বসবাসের বিকল্প সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা রেখে নতুন আবাসিক এলাকা গড়ে উঠলে কেন্দ্রীয় এলাকার ওপর আবাসনের চাপ কিছুটা কমবে। একই সঙ্গে ঢাকার প্রান্তে অপরিকল্পিত নগরায়ণের পরিবর্তে পরিকল্পিতভাবে বসবাসের সুযোগ তৈরি হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) সচিব মনদীপ ঘরাই বলেন, কেরানীগঞ্জে প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

কলাতিয়া ও তারানগরসহ আশপাশের এলাকায় প্রকল্পের জন্য স্থান চিহ্নিত করা হয়েছে। এলাকাটি ঢাকার বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে।

তিনি বলেন, রাজধানীর সঙ্গে নতুন শহরের যোগাযোগ ব্যবস্থাকে পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের সঙ্গে সামঞ্জস্য রেখে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশ সড়ক রাখার প্রস্তাব রয়েছে।

আবাসন ও যোগাযোগ ব্যবস্থাকে সমন্বিতভাবে গড়ে তোলার মাধ্যমে এলাকাটিকে রাজধানীর বিকল্প বসতির উপযোগী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

প্রকল্পটি এখন পরিকল্পনার পর্যায়ে রয়েছে উল্লেখ করে মনদীপ ঘরাই আরো জানান, সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনার মাধ্যমে প্রকল্পের বিস্তারিত নির্ধারণ করা হবে। মোট আবাসনসংখ্যা, নির্মাণব্যয় ও বাস্তবায়নের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, ‘রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেও আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।

তিনি আরো বলেন, ‘সেকেন্ডারি সিটির পাশাপাশি নিম্ন আয়ের মানুষের আবাসনের চাহিদা মেটাতে টঙ্গীতে নেওয়া হচ্ছে পৃথক উদ্যোগ। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ রাখা হচ্ছে। ফলে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় ছাড়াই এসব পরিবারের পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ তৈরি হবে।’

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী বলেন, ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার বিপুল আবাসন চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারের ফাইভ ইয়ার স্ট্রাটেজিক প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকার সন্নিকটে কেরানীগঞ্জ উপজেলায় একটি ‘সেকেন্ডারি সিটি ’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ‘প্রস্তাবিত সম্ভাব্যতা সমীক্ষার সিদ্ধান্ত ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সম্ভাব্য সকল নাগরিক সুবিধাসহ সর্বস্তরের জনগণের জন্য নিরাপদ কমিউনিটি গড়ে তোলার প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হচ্ছে।’

জাতীয় গৃহায়ন কতৃপক্ষ (জাগৃক) থেকে পাওয়া নথি-পত্র অনুযায়ী জানা গেছে, বর্তমান সরকারের অগ্রাধিকার ভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনায় জাতীয় গৃহায়ন কতৃপক্ষের (জাগৃক) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার সড়ক ও জনপথের প্রস্তাবিত ওয়েস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় সেকেন্ডারী সিটি নির্মাণ শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই প্রকল্প গ্রহণ করা হয়েছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাইট সিলেকশন কমিটির সদস্যরা প্রস্তাবিত সাইট ও পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করে প্রতিবেদন প্রদানের জন্য পত্র জারি করে। প্রস্তাবিত স্থানটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ‘সাইট সিলেকশন কমিটি’ চলতি বছরের ১৬ এপ্রিল সরেজমিনে পরিদর্শন করে।

প্রস্তাবিত স্থানটি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি, দক্ষিণ ও উত্তর বাহেরচরে অবস্থিত। ঢাকার বসিলা সেতু হতে প্রকল্প এলাকাটি প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে, ঢাকা-আরিচা মহাসড়ক হতে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণে এবং কলাতিয়া বাজার হতে দেড় কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

স্থানটির অল্প কিছু অংশে (প্রায় ৫ থেকে ৮ শতাংশ) বসতবাড়ি থাকলেও অন্যান্য অঞ্চল এক ফসলি জমি হিসেবে ব্যবহৃত হয়। এ সকল ফসলি মাঠে বিভিন্ন আবাসন কোম্পানির বিলবোর্ড পাওয়া গেছে।

প্রকল্পের পশ্চিম ও দক্ষিণ পাশে ডিটিসিএর আওতাধীন প্রস্তাবিত এলাকা ঢাকা ওয়েস্টার্ন বাইপাস সড়কে অবস্থিত। এর মাধ্যমে মূলত সাভারের আমিন বাজার হতে ঢাকা-আরিচা মহাসড়কের সঙ্গে ঢাকা-মাওয়া মহাসড়ক এবং ঢাকা মোহাম্মদপুরের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হবে।

প্রকল্প স্থানের প্রায় আড়াই কিলোমিটার পূর্বে বুড়িগঙ্গা নদী এবং দুই কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদী প্রবাহিত হচ্ছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে প্রকল্পের দুটি প্রধান এক্সেসরোড পরিকল্পনা করা সমীচীন হবে। সেকেন্ডারী সিটির সকল সুবিধা নিশ্চিত করতে কমপক্ষে তিন হাজার একরের প্রকল্প গ্রহণ করা প্রয়োজন।

রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ হ্রাসের জন্য মোহাম্মদপুরের পাশ্ববর্তী এ স্থানটি সেকেন্ডারী সিটি প্রকল্পের জন্য অত্যন্ত উপযোগি। এর মাধ্যমে এ অঞ্চলে শুরু হওয়া অপরিকল্পিত নগরায়নের ঝুঁকিপূর্ণ বিনিয়োগের পরিবর্তে সরকারি প্লট প্রকল্পে জনসাধারণের বিনিয়োগ নিশ্চিত হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আরও জানায়, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ১৫ টি প্রকল্প চলমান রয়েছে। 

এর আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। প্রকল্পগুলোর দু’টি সরকারি ও ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। নতুন ৯টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রাজধানীর ওপর চাপ কমাতে কেরানীগঞ্জ ও ধামরাইয়ে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়াও দেশের ৮ বিভাগের ৩৮টি জেলা ও ৮টি উপজেলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৬৬টি হাউজিং এস্টেট রয়েছে। এ পর্যন্ত ৫৩টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৬ হাজার ২৪টি প্লট উন্নয়ন এবং ৬ হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। 

দেশের জেলা ও উপজেলা পর্যায়েও পরিকল্পিত আবাসন সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। জমির সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ প্রকল্প গ্রহণের সুবিধার্থে ল্যান্ড ব্যাংক তৈরির লক্ষ্যে তথ্য ও সংশ্লিষ্ট গেজেট সংগ্রহের কাজ চলছে।

জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুতল আবাসনের পাশাপাশি ভূমিকম্প সহনশীল ভবন, পরিকল্পিত ড্রেনেজ, জলাধার, সবুজ পার্ক ও উন্মুক্ত স্থানকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিকল্পিত আবাসনে খেলার মাঠ, সবুজ চত্বর, কমিউনিটি স্পেস ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হচ্ছে। লক্ষ্য হলো মানুষের সামর্থ্যরে মধ্যে নিরাপদ, স্বাস্থ্যকর ও নাগরিক সুবিধাসম্পন্ন আবাসন গড়ে তোলা।

বাংলাদেশ এর আরও খবর