img

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার প্রভাবে কমল তেলের দাম, তিন মাসের সর্বনিম্নে

প্রকাশিত :  ০৬:৫৫, ১৫ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:১৮, ১৫ জুন ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার প্রভাবে কমল তেলের দাম, তিন মাসের সর্বনিম্নে

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে, যা জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমিয়েছে।

আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টা ৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫৮ ডলার বা ৪ দশমিক ১০ শতাংশ কমে ৮৩ দশমিক ৭৫ ডলারে দাঁড়ায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৮৭ ডলারে নেমে আসে।

এর আগে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিচুক্তির মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে দুই দেশ একটি সমঝোতা স্মারকে সই করতে যাচ্ছে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কোনো ধরনের টোল ছাড়াই হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত থাকবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও প্রত্যাহার করা হবে।

এদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, খসড়া চুক্তি অনুযায়ী ইরানের তত্ত্বাবধানে আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালু করা হবে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে তেলের দামে যে অতিরিক্ত ঝুঁকি তৈরি হয়েছিল, তা দ্রুত কমতে শুরু করেছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটেরার রয়টার্সকে বলেন, ব্যবসায়ীরা এখন তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন, ফলে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাবও কমে আসছে।

উল্লেখ্য, বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের কারণে তিন মাসেরও বেশি সময় ধরে এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ থাকায় বিশ্ববাজারে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর

img

জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজক পাকিস্তান: শেহবাজ শরিফ

প্রকাশিত :  ১২:৩৪, ১৫ জুন ২০২৬

জেনেভায় হতে যাওয়া যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজক হতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুই দেশের যুদ্ধ অবসানের এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সোমবার (১৫ জুন) জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে শেহবাজ শরিফ বলেন, তিন মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে তিন পক্ষের সমঝোতায় পৌঁছানো চুক্তিটির স্বাক্ষর আগামী শুক্রবার (১৯ জুন) জেনেভায় হবে। 

তিনি আরও বলেন, এই ঐতিহাসিক চুক্তির স্বাক্ষর অনুষ্ঠান জেনেভায় অনুষ্ঠিত হবে এবং আল্লাহর রহমতে পাকিস্তান এর আয়োজন করবে।

প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করা হচ্ছে।

এর আগে একই দিন ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে দাবি করেন, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এর কিছুক্ষণ আগে মধ্যস্থতাকারী হিসেবে শেহবাজ শরিফ নিজেও উভয় পক্ষের সমঝোতার কথা ঘোষণা করেন।

এই চুক্তি সফল হলে দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আন্তর্জাতিক এর আরও খবর