img

স্টেপনি গ্রিনে ৪০৭টি ঘর নির্মাণ প্রকল্পের কাজ উদ্বোধন, প্রথম ধাপে ১০৯ কাউন্সিল হোম

প্রকাশিত :  ১৩:৪৩, ০৬ অক্টোবর ২০২৬

স্টেপনি গ্রিনে ৪০৭টি ঘর নির্মাণ প্রকল্পের কাজ উদ্বোধন, প্রথম ধাপে ১০৯ কাউন্সিল হোম

‘এটি আমাদের উচ্চাভিলাষী হাউজিং কর্মসূচির আরেকটি মাইলফলক’: মেয়র লুৎফুর

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের \"মেয়রস এক্সিলারেটেড হাউজিং প্রজেক্ট\" (এইচএপি) এর উচ্চাভিলাষী কর্মসূচির আওতায় অত্যন্ত প্রয়োজনীয় বাড়িঘর নির্মাণের লক্ষ্যে স্টেপনি গ্রিনে হ্যারিয়ট, অ্যাপসলি ও প্যাটিসন হাউস পুনর্নির্মাণ প্রকল্পের প্রথম পর্যায়ের মূল নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রকল্পের আওতায় দুই পর্যায়ে মোট ৪০৭টি নতুন বাসস্থান নির্মাণ করা হবে। আবাসনের পাশাপাশি থাকছে একটি নতুন কমিউনিটি সেন্টার, উন্নত পাবলিক রিয়াম বা জনসাধারণের ব্যবহারযোগ্য উন্মুক্ত স্থান এবং পুরো এলাকা জুড়ে যোগাযোগ ও সংযোগ ব্যবস্থার উন্নয়ন।

প্রথম পর্যায়ে নতুন কমিউনিটি সেন্টারের প্রথম ধাপও নির্মিত হবে। ইতোমধ্যে প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে, যার ফলে এখন দুটি আবাসিক ভবন নির্মাণ করা যাবে। এই দুই ভবনেই থাকবে ১০৯ টি নতুন বাসস্থান, যার মধ্যে বর্তমান বাসিন্দাদের জন্য পুণঃআবাসনের ব্যবস্থাও রয়েছে।

২৪ সেপ্টেম্বর প্রকল্পস্থলে আয়োজিত গ্রাউন্ড ব্রেকিং অর্থাৎ ‌ খননকাজের মাধ্যমে নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা হয়। ২০২৯ সালে নতুন বাসস্থানে প্রথম বাসিন্দাদের ওঠার কথা রয়েছে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং হাউজিং বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর সাঈদ আহমেদ। কাউন্সিলের হাউজিং বিষয়ক কর্পোরেট ডিরেক্টর ডেভিড জয়েস সহ ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা এবং কাউন্সিলের নির্মাণ পার্টনার প্রতিষ্ঠান ভিস্ট্রির এমডিসহ প্রতিনিধিরাও এতে যোগ দেন।

এ বছরের শুরুতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও নির্মাণকারী কোম্পানী ভিস্ট্রির মধ্যে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং প্রথম পর্যায়ের নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে প্রকল্পটির দীর্ঘমেয়াদি বাস্তবায়ন নিশ্চিত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
নির্মাণকালে স্থানীয় বাসিন্দাদের জন্য কর্মসংস্থান, শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিসশিপ), প্রশিক্ষণ ও কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে। ভিস্ট্রি স্থানীয় স্কুল, কলেজ ও কমিউনিটি সংগঠনের সঙ্গে মিলে দক্ষতা উন্নয়ন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং কাউন্সিলের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্যান্য উদ্যোগে সহায়তা করবে।

নির্বাহী মেয়র লুতফুর রহমান বলেন, “টাওয়ার হ্যামলেটস ভবিষ্যতের জন্য নির্মাণ করছে। লন্ডনে যখন প্রকৃত অর্থে সাশ্রয়ী মূল্যের বাসস্থানের তীব্র প্রয়োজন, তখন স্থানীয় পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় উচ্চমানের কাউন্সিল হাউজিং আমরা বাস্তবে রূপ দিচ্ছি।” তিনি আরও বলেন, “স্টেপনি গ্রিনে নির্মাণকাজ শুরু হওয়া আমাদের উচ্চাভিলাষী গৃহনির্মাণ কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমাদের অঙ্গীকার শুধু আরও বাসস্থান নির্মাণ নয়, বরং এমন শক্তিশালী ও প্রাণবন্ত নেইবারহুড বা পাড়া গড়ে তোলা, যেখানে আমাদের কমিউনিটির প্রাপ্য সুযোগ-সুবিধা ও পাবলিক স্পেস থাকবে।”

কাউন্সিলর সাঈদ আহমেদ বলেন, “এইচএপি পুনর্নির্মাণ কর্মসূচির জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে সেই বাসিন্দা ও কমিউনিটির জন্য, যাঁরা এর ভবিষ্যৎ গড়তে ভূমিকা রেখেছেন।” 

তিনি বলেন, “প্রথম পর্যায়ে ১০৯টি নতুন কাউন্সিল হোম নির্মিত হবে, যার মধ্যে বর্তমান বাসিন্দাদের জন্য প্রতিস্থাপন বাসস্থানও রয়েছে। সঙ্গে থাকবে নতুন কমিউনিটি সুবিধা এবং আশপাশের এলাকার উন্নয়ন। নির্মাণকাল জুড়ে বাসিন্দা ও ভিস্ট্রির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যাতে এই পুনর্নির্মাণ স্থানীয় কমিউনিটির জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনে, উন্নত বাসস্থান ও পাবলিক স্পেস থেকে শুরু করে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের সুযোগ পর্যন্ত।”


ভিস্ট্রি ইস্ট লন্ডন এর ব্যবস্থাপনা পরিচালক কেভিন ডেলভ বলেন, “প্রথম পর্যায়ের কাজ শুরু করা এই প্রকল্প গড়ে তোলার সঙ্গে জড়িত সবার জন্য গর্বের মুহূর্ত। এটি ভিস্ট্রি, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যকার অংশীদারিত্বের শক্তিরও প্রতিফলন।” তিনি জানান, “প্রস্তুতিমূলক কাজ সফলভাবে সম্পন্ন হওয়া এবং গেটওয়ে ২ অনুমোদন পাওয়ায় আমরা আত্মবিশ্বাসের সঙ্গে নির্মাণে এগোতে পেরেছি। আগামী কয়েক মাসে বাসিন্দারা নতুন বাসস্থান ও কমিউনিটি সুবিধাগুলো আকার নিতে দেখতে পাবেন।” 

তিনি আরও বলেন, “উচ্চমানের নতুন বাসস্থান দেওয়ার পাশাপাশি আমরা কর্মসংস্থান, শিক্ষানবিশ, প্রশিক্ষণের সুযোগ এবং বৃহত্তর সামাজিক মূল্য সৃষ্টির উদ্যোগের মাধ্যমে বরোজুড়ে মানুষের উপকার করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

কমিউনিটি এর আরও খবর

img

জলবায়ু নিয়ে জানতে, বুঝতে ও পদক্ষেপ নিতে ফিরে আসছে টাওয়ার হ্যামলেটস গ্রিন উইক ২০২৬

প্রকাশিত :  ১৪:৫০, ০৭ অক্টোবর ২০২৬

জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সঠিক তথ্যভিত্তিক আলোচনা গড়ে তুলতে ১৯ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে টাওয়ার হ্যামলেটস গ্রিন উইক ২০২৬। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য হলো জলবায়ু বিষয়ক ভুল তথ্য মোকাবিলা করা এবং বাসিন্দাদের জলবায়ু পরিবর্তন সম্পর্কে আরও জানার, প্রশ্ন করার ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দেওয়া।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং গণমাধ্যমে জলবায়ু পরিবর্তন নিয়ে বিপুল পরিমাণ তথ্য প্রচারিত হচ্ছে। কিন্তু কোন তথ্য সত্য, কোনটি বিভ্রান্তিকর এবং পরিবেশ রক্ষায় কোন পদক্ষেপ বাস্তব পরিবর্তন আনতে পারে, তা বোঝা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রিন উইকের নানা আয়োজনের মাধ্যমে বাসিন্দাদের নির্ভরযোগ্য তথ্য জানার এবং স্থানীয় উদ্যোগগুলোর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হবে।

সপ্তাহব্যাপী এই আয়োজনে থাকবে বিনামূল্যের নানা অনুষ্ঠান, কর্মশালা, প্রদর্শনী, বৃক্ষরোপণ কার্যক্রম, কমিউনিটি আলোচনা এবং পরিবারবান্ধব কার্যক্রম। স্থানীয় মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বাসিন্দারা পরিবেশবান্ধব জীবনধারা ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। 

গুরুত্বপূর্ণ কর্মসূচিসমূহ

১৪ অক্টোবরঃ কাপড় ও বই বিনিময় এবং মেরামত অনুষ্ঠান (ক্লোদস অ্যান্ড বুক সোয়াপ অ্যান্ড রিপেয়ার ইভেন্ট), সময়ঃ সকাল ১০:৩০টা থেকে দুপুর ১:৩০টা, স্থানঃ আইডিয়া স্টোর হোয়াইটচ্যাপেল

এই অনুষ্ঠানে বাসিন্দারা ব্যবহৃত কাপড় ও বই বিনিময় করতে পারবেন এবং কাপড় মেরামতের কর্মশালায় অংশ নিয়ে পুরোনো পোশাক নতুন করে ব্যবহারের কৌশল শিখতে পারবেন।

১৯ অক্টোবরঃ টাওয়ার হ্যামলেটস জলবায়ু জরুরি অবস্থা ব্রিফিং, সময়ঃ বিকেল ৪টা থেকে ৬টা

‘দ্য পিপলস এমার্জেন্সি ব্রিফিং’ চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে জলবায়ু ও প্রকৃতি সংকটের কারণ এবং প্রভাব তুলে ধরা হবে।

২০ অক্টোবরঃ টাওয়ার হ্যামলেটস জলবায়ু জরুরি অবস্থা ব্রিফিং (টাওয়ার হ্যামলেটস ক্লাইমেট ইমার্জেন্সি ব্রিফিং), সময়ঃ সন্ধ্যা ৬টা থেকে ৭:৩০টা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংকট নিয়ে আরেকটি বিশেষ আলোচনা ও প্রদর্শনী সেশন।

২১ অক্টোবরঃ টাওয়ার হ্যামলেটস টেকসই উন্নয়ন মেলা (টাওয়ার হ্যামলেটস সাসটেইনেবিলিটি ফেয়ার)

সময়ঃ সকাল ৯:৩০টা থেকে দুপুর ২টা

পরিবেশ সংরক্ষণ, পুনর্ব্যবহার এবং টেকসই জীবনযাপন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে বিশেষ মেলা।

২২ অক্টোবরঃ জীববৈচিত্র্য ও চাষাবাদ বিষয়ক সিম্পোজিয়াম, সময়ঃ সকাল ৯:৩০টা থেকে বিকেল ৫টা

নগর পরিবেশে জীববৈচিত্র্য বৃদ্ধি, বাগানচর্চা এবং সবুজায়ন নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা।

২৪ অক্টোবরঃ কমিউনিটি বৃক্ষরোপণ দিবস, সময়ঃ সকাল ১০টা থেকে দুপুর ১টা

পরিবারসহ সকলের জন্য উন্মুক্ত বৃক্ষরোপণ কর্মসূচি, যার লক্ষ্য স্থানীয় পরিবেশকে আরও সবুজ করে তোলা।

২৫ অক্টোবরঃ কমিউনিটি খাদ্য বাগান গড়ে তোলার কর্মশালা, সময়ঃ দুপুর ১২টা থেকে ২টা

নিজেদের খাদ্য উৎপাদন এবং স্বাস্থ্যকর বাস্তুতন্ত্র গড়ে তোলার উপায় নিয়ে ব্যবহারিক প্রশিক্ষণ।

২৬ অক্টোবরঃ পরিবেশ বিষয়ক ভুল তথ্য ও কর্মজীবন বিষয়ক ওয়েবিনার, সময়ঃ দুপুর ১২:৩০টা থেকে ১:৩০টা

পরিবেশ রক্ষার অঙ্গীকার কার্যক্রম - দুপুর ২টা থেকে বিকেল ৪টা

‘নিরিবিলি পুকুরের রহস্য’ জলবায়ুভিত্তিক ইন্টারঅ্যাকটিভ গেম - বিকেল ৩টা থেকে ৫টা

একই দিনে শিশু ও পরিবারের জন্য লেগো ভিত্তিক পরিবেশ শিক্ষামূলক কার্যক্রমও আয়োজন করা হবে।

এছাড়া গ্রিন উইকের অংশ হিসেবে অক্টোবরের শেষভাগে বিভিন্ন আইডিয়া স্টোর ও লাইব্রেরিতে পরিবেশভিত্তিক গল্পপাঠ, স্ক্যাভেঞ্জার হান্ট, লেগো পরিবেশ চ্যালেঞ্জ, সমুদ্র সংরক্ষণ কার্যক্রম এবং শিশুদের জন্য হাতে-কলমে শেখার বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সকল বাসিন্দাকে এই কর্মসূচিগুলোতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। পরিবেশ বিষয়ে অভিজ্ঞ হোন বা নতুন করে জানতে আগ্রহী হোন, গ্রিন উইক ২০২৬ সবার জন্য উন্মুক্ত।

বিস্তারিত জানতে ও নিবন্ধন করতে ভিজিট করুনঃ https://orlo.uk/F3FA9

আসুন, আমরা সবাই মিলে জলবায়ু নিয়ে জানি, প্রশ্ন করি এবং আরও সবুজ ও টেকসই টাওয়ার হ্যামলেটস গড়ে তুলতে ভূমিকা রাখি।

কমিউনিটি এর আরও খবর