ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’
স্মরণসভা, পদযাত্রা এবং দুটি বিশেষ প্রদর্শনীর মাধ্যমে উদযাপিত হলো পূর্ব লন্ডনের এক ঐতিহাসিক অধ্যায়ের ৯০তম বার্ষিকী
ফ্যাসিবাদ ও বর্ণবাদের বিরুদ্ধে পূর্ব লন্ডনের সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের ঐতিহাসিক ঘটনা ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’-এর ৯০তম বার্ষিকী পালিত হয়েছে নানা আয়োজনে। রোববার ৪ অক্টোবর টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, ক্যাবল স্ট্রিট নাইনটি (সিএস৯০) অর্গেনাইজিং কমিটি, বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও কমিউনিটি সংগঠন এবং শত শত মানুষের অংশগ্রহণে স্মরণসভা, পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯৩৬ সালের ৪ অক্টোবর ফ্যাসিস্ট নেতা স্যার অসওয়াল্ড মসলের নেতৃত্বে ব্রিটিশ ইউনিয়ন অব ফ্যাসিস্টদের পরিকল্পিত মিছিল প্রতিহত করতে স্টেপনি ও পূর্ব লন্ডনের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিলেন। শ্রমিক, ইহুদি, আইরিশ, বাঙালিসহ বিভিন্ন কমিউনিটি ও ট্রেড ইউনিয়নের মানুষ একজোট হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ইতিহাসে এই ঘটনা ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’ নামে পরিচিত। ঐতিহাসিক এই প্রতিরোধ আজও ঐক্য, সংহতি ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত।
নব্বইতম বার্ষিকী উপলক্ষে রোববার দুপুর ১২টায় হোয়াইটচ্যাপেল রোডস্থ টাওয়ার হ্যামলেটস টাউন হলের সামনে সমবেত হন অংশগ্রহণকারীরা। দুপুর ১টায় সেখান থেকে ঐতিহাসিক কেবল স্ট্রিটের উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয়। পরে সেন্ট জর্জেস গার্ডেনসে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় মূল স্মরণসমাবেশ।
পদযাত্রায় অংশ নেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, জেরিমি করবিন এমপিসহ স্থানীয় কমিউনিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, ট্রেড ইউনিয়ন প্রতিনিধি, ইতিহাসবিদ এবং বিভিন্ন প্রজন্মের বাসিন্দারা।
সেন্ট জর্জেস গার্ডেনসের সমাবেশে বক্তৃতা, সংগীত, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ঐতিহাসিক প্রতিরোধের স্মৃতি তুলে ধরা হয়। বক্তারা বলেন, \"৯০ বছর আগের সেই ঐক্যের শিক্ষা আজও প্রাসঙ্গিক। ঘৃণা, বর্ণবাদ, ফ্যাসিবাদ ও বিভাজনের বিরুদ্ধে বিভিন্ন কমিউনিটির মানুষকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।\"
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, \"কেবল স্ট্রিট আমাদের যৌথ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি মনে করিয়ে দেয়, ভিন্ন ভিন্ন কমিউনিটির মানুষ যখন ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে একত্রিত হন, তখন তাঁরা কতটা শক্তিশালী হয়ে উঠতে পারেন। ৯০ বছর পরও সেদিনের সাহসী মানুষদের স্মরণ করা এবং অন্যায়ের বিরুদ্ধে তাঁদের অবস্থান থেকে শিক্ষা নেওয়া জরুরি।\"
তিনি আরও বলেন, \"বিভিন্ন পটভূমির মানুষের অবদানে গড়ে উঠেছে আজকের টাওয়ার হ্যামলেটস। বিভিন্ন কমিউনিটির মানুষের সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতি বরোর অন্যতম শক্তি। সর্বশেষ রেসিডেন্ট সার্ভের ফলাফলের কথা উল্লেখ করে তিনি বলেন, বরোর ৯১ শতাংশ বাসিন্দা মনে করেন, বিভিন্ন পটভূমির মানুষ তাঁদের স্থানীয় এলাকায় ভালোভাবে একসঙ্গে বসবাস করছেন।\"



















