img

টাওয়ার হ্যামলেটসে অ্যালকোহলজনিত অসামাজিক আচরণঃ বর্তমান পিএসপিও বহাল রাখা হবে কি না, মতামত জানাতে বাসিন্দাদের আহ্বান

প্রকাশিত :  ১৪:৩৮, ২২ সেপ্টেম্বর ২০২৬

টাওয়ার হ্যামলেটসে অ্যালকোহলজনিত অসামাজিক আচরণঃ বর্তমান পিএসপিও বহাল রাখা হবে কি না, মতামত জানাতে বাসিন্দাদের আহ্বান

টাওয়ার হ্যামলেটসে অ্যালকোহল পানকে কেন্দ্র করে সৃষ্ট অসামাজিক আচরণ মোকাবিলায় বর্তমানে যে পাবলিক স্পেসেস প্রোটেকশন ওর্ডার বা পিএসপিও কার্যকর রয়েছে, সেটি আরও চালু রাখা হবে কি না, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মতামত জানতে পরামর্শ গ্রহণ শুরু করেছে কাউন্সিল।

কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরামর্শের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা বর্তমান ব্যবস্থার বিষয়ে নিজেদের মতামত জানাতে পারবেন এবং অ্যালকোহল-সম্পর্কিত অসামাজিক আচরণ মোকাবিলায় ভবিষ্যতে কী ধরনের ব্যবস্থা প্রয়োজন, সে বিষয়ে মতামত দিতে পারবেন। 

পাবলিক স্পেসেস প্রোটেকশন ওর্ডার বা পিএসপিও হলো এমন একটি আইনি ব্যবস্থা, যার মাধ্যমে নির্দিষ্ট জনসমাগমের জায়গায় মানুষের জীবনযাত্রার মানে নেতিবাচক প্রভাব ফেলে এমন ধারাবাহিক বা গুরুতর অসামাজিক আচরণ মোকাবিলা করা যায়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের তথ্য অনুযায়ী, পিএসপিও কাউন্সিল ও পুলিশের অনুমোদিত কর্মকর্তাদের নির্দিষ্ট পরিস্থিতিতে হস্তক্ষেপ করার অতিরিক্ত ক্ষমতা দেয়।

টাওয়ার হ্যামলেটসে অ্যালকোহল-সংক্রান্ত পিএসপিও মূলত এমন পরিস্থিতিতে প্রযোজ্য, যেখানে জনসমক্ষে অ্যালকোহল পান করা কোনো ব্যক্তির আচরণ অসামাজিক আচরণের কারণ হচ্ছে বা হওয়ার আশঙ্কা রয়েছে।

কাউন্সিলের \'রেসপনসিবল ড্রিংকিং বরা\' ব্যবস্থার অধীনে, অনুমোদিত কর্মকর্তা কোনো ব্যক্তিকে জনসমক্ষে অ্যালকোহল পান বন্ধ করতে বলতে পারেন। প্রয়োজন হলে তার কাছে থাকা অ্যালকোহল বা অ্যালকোহলের পাত্রও হস্তান্তর করতে বলা যেতে পারে।

পিএসপিও-এর অধীনে অনুমোদিত কাউন্সিল কর্মকর্তা এবং পুলিশ পরিস্থিতি অনুযায়ী কোনো ব্যক্তিকে:

অ্যালকোহল পান বন্ধ করতে বলতে পারেন;

অ্যালকোহল বা অ্যালকোহল রয়েছে বলে যুক্তিসঙ্গতভাবে মনে হওয়া কোনো পাত্র হস্তান্তর করতে বলতে পারেন;

নির্দেশ না মানলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে পারেন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বর্তমান তথ্য অনুযায়ী, নির্দেশ অমান্য করলে সর্বোচ্চ ১০০ পাউন্ড পর্যন্ত ফিক্সড পেনালি্ট নোটিশ দেওয়া যেতে পারে। আদালতে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৫০০ পাউন্ড পর্যন্ত জরিমানার বিধানও রয়েছে। 

অ্যালকোহল-সম্পর্কিত অসামাজিক আচরণের ক্ষেত্রে কাউন্সিলের পদ্ধতি শুধু আইন প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়। কাউন্সিল জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী অ্যালকোহল-নির্ভরতা বা অন্যান্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সহায়তা ও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত করার ব্যবস্থাও রয়েছে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের তথ্য অনুযায়ী, বর্তমান পাবলিক স্পেসেস প্রোটেকশন ওর্ডার বা পিএসপিও ২০১৭ সালের অক্টোবরে আগের ব্যবস্থার পরিবর্তে কার্যকর হয় এবং ২০২৩ সালের অক্টোবরে এটি নবায়ন করা হয়েছিল। বর্তমান আদেশের মেয়াদ ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত। 

এখন কাউন্সিলের পরামর্শ গ্রহণের মাধ্যমে পরবর্তী মেয়াদে এই ব্যবস্থা চালু রাখা হবে কি না এবং প্রয়োজনে এতে কোনো পরিবর্তন আনা দরকার কি না, সে বিষয়ে স্থানীয় মানুষের মতামত নেওয়া হচ্ছে।

কেন আপনার মতামত গুরুত্বপূর্ণ?

টাওয়ার হ্যামলেটস একটি ঘনবসতিপূর্ণ ও বৈচিত্র্যময় বরা। অসামাজিক আচরণ স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মানের ওপর প্রভাব ফেলতে পারে এবং এ ধরনের সমস্যা মোকাবিলায় কাউন্সিল পুলিশ ও অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করে। 

নতুন পরামর্শের মাধ্যমে বাসিন্দারা বর্তমান পিএসপিও কীভাবে কাজ করছে, জনসমক্ষে অ্যালকোহল-সম্পর্কিত অসামাজিক আচরণ নিয়ে তাঁদের অভিজ্ঞতা কী এবং ভবিষ্যতে কী ধরনের ব্যবস্থা প্রয়োজন বলে তাঁরা মনে করেন, সে বিষয়ে মতামত জানাতে পারবেন।

বাসিন্দারা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেটস্ টক্ টাওয়ার হ্যামলেটস (Let’s Talk Tower Hamlets) প্ল্যাটফর্মে গিয়ে অনলাইন পরামর্শে অংশ নিতে পারবেন।

Let’s Talk Tower Hamlets-এ পরামর্শে অংশ নিন »

অ্যালকোহল-সম্পর্কিত অসামাজিক আচরণ বা অন্য কোনো এএসবি-এর ঘটনা ঘটলে পরিস্থিতি অনুযায়ী কাউন্সিল বা পুলিশের কাছেও তা রিপোর্ট করা যায়। জরুরি পরিস্থিতিতে ৯৯৯ এবং জরুরি নয় এমন পুলিশি বিষয়ে ১০১ নম্বরে যোগাযোগ করার জন্য বাসিন্দাদের প্রতি অনুরোধ করা হয়েছে।

আপনার এলাকায় অ্যালকোহল-সম্পর্কিত অসামাজিক আচরণ নিয়ে অভিজ্ঞতা বা মতামত থাকলে, এই পরামর্শে অংশ নিয়ে কাউন্সিলকে জানাতে পারেন।

কমিউনিটি এর আরও খবর

img

শিক্ষা রক্ষণাবেক্ষণ ভাতা (ইএমএ) এবং বিশ্ববিদ্যালয় বৃত্তি কর্মসূচির আবেদন শুরু

প্রকাশিত :  ১১:৩৬, ২২ সেপ্টেম্বর ২০২৬

টাওয়ার হ্যামলেটসের তরুণরা এখন ২০২৭/২৮ শিক্ষাবর্ষের জন্য কাউন্সিলের এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাউন্স (ইএমএ) এবং ইউনিভার্সিটি বার্সারি কর্মসূচিতে আবেদন করতে পারবেন, যা তাদের শিক্ষা চালিয়ে যাওয়ার খরচ মেটাতে সহায়তা করবে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলই দেশের একমাত্র স্থানীয় কর্তৃপক্ষ, যারা ইএমএ পুনরায় চালু করেছে এবং অল্প কয়েকটি স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে একটি যারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্যও আর্থিক অনুদান প্রদান করে।

ইএমএ-এর আওতায় যোগ্য সিক্সথ ফর্ম ও কলেজ শিক্ষার্থীরা ৬০০ পাউন্ড এককালীন অনুদান পাবেন, যা যাতায়াত, বই, শিক্ষা উপকরণ ও অন্যান্য পড়াশোনার খরচ মেটাতে সহায়তা করবে।

ইউনিভার্সিটি বার্সারির আওতায় যোগ্য স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) শিক্ষার্থীরা ১,৫০০ পাউন্ড অনুদান পাবেন, যা আবাসন, কোর্সের উপকরণ এবং জীবনযাত্রার ব্যয় মেটাতে ব্যবহার করা যাবে।

২০২২ সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এই কর্মসূচিগুলো পুনরায় চালু করার পর থেকে এ পর্যন্ত ৫ দশমিক ৭ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ বরার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ৬,৫০০ জন তরুণ উচ্চ ও পরবর্তী শিক্ষায় অংশগ্রহণ ও সফল হওয়ার সুযোগ পেয়েছে।

সর্বশেষ অর্থায়ন পর্বে প্রায় ২,০০০ জন তরুণকে ২ মিলিয়ন পাউন্ড প্রদান করা হয়েছে, যার মধ্যে ১,২৫০টি ইএমএ এবং ৮০০টি ইউনিভার্সিটি বার্সারি অন্তর্ভুক্ত।

আবেদন গ্রহণ শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর থেকে এবং চলবে ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “আমরা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যে আর্থিক কষ্টের কারণে কোনো তরুণ-তরুণী যেন তাদের সম্ভাবনা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত না হয়।”

তিনি বলেন, “এই কর্মসূচিগুলো পুনরায় চালু হওয়ার পর থেকে আমরা স্থানীয় শিক্ষার্থীদের সহায়তায় ৫.৭ মিলিয়ন পাউন্ডের বেশি বিনিয়োগ করেছি, যা প্রায় ৬,৫০০ জন তরুণকে তাদের শিক্ষা অব্যাহত রাখতে এবং নিজেদের লক্ষ্য অর্জনে সহায়তা করেছে। এই অনুদানগুলো আমাদের তরুণদের ভবিষ্যৎ এবং পুরো বরোর দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য একটি বাস্তব বিনিয়োগ। তাই যারা যোগ্য, তাদের সবাইকে আবেদন করার আহ্বান জানাচ্ছি।”

শিশু, তরুণ ও জীবন-সুযোগ বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর ফয়সাল আহমেদ বলেন, “আমরা জানি, অনেক শিক্ষার্থী ও পরিবার এখনও আর্থিক চাপের মধ্যে রয়েছে। তাই এই সহায়তা আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ। যাতায়াত খরচ, শিক্ষা উপকরণ বা আবাসন ব্যয় যাই হোক না কেন, এই অনুদান শিক্ষার্থীদের জন্য বাস্তব পরিবর্তন আনতে পারে এবং তাদের পড়াশোনায় মনোযোগ দিতে সহায়তা করে।”

তিনি বলেন, “আমরা চাই সকল যোগ্য তরুণ এই সহায়তার সুযোগ গ্রহণ করুক এবং এর মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করুক।”

ইউনিভার্সিটি বার্সারির সুবিধাভোগী মিলানা সেরনিসেভা বলেন, “এই বার্সারি আমার বিশ্ববিদ্যালয় জীবনে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলেছে। এটি দৈনন্দিন খরচের আর্থিক চাপ কমিয়েছে এবং আমাকে পড়াশোনায় মনোযোগ দিতে সাহায্য করেছে। এই অর্থ দিয়ে আমি খাবার, যাতায়াত, কোর্স উপকরণ, সফটওয়্যার, কম্পিউটার, বই, পোশাক এবং আমার গেমস আর্ট ডিগ্রির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জামের খরচ বহন করতে পেরেছি ।”

তিনি আরও বলেন, “এই সহায়তার ফলে মৌলিক প্রয়োজন মেটানোর চিন্তার বদলে আমি আমার সৃজনশীল ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে আরও বেশি সময় দিতে পেরেছি। আমি এ সহায়তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। এটি আমাকে আত্মবিশ্বাস গড়ে তুলতে এবং গেমস ইন্ডাস্ট্রিতে ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করেছে।”

শিশু ও তরুণদের জন্য অব্যাহত বিনিয়োগ

ইএমএ এবং ইউনিভার্সিটি বার্সারি কর্মসূচি টাওয়ার হ্যামলেটসে শিশু ও তরুণদের জন্য কাউন্সিলের বৃহত্তর বিনিয়োগ উদ্যোগের অংশ।

কাউন্সিল ১৩.৭ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে ইয়াং টাওয়ার হ্যামলেটস নামের ইয়ুথ সার্ভিস, যার মাধ্যমে বরাজুড়ে ইয়ুথ সেন্টার বা যুবকেন্দ্র ও কমিউনিটি ভেন্যুগুলোতে ১০০টিরও বেশি ফ্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

টাওয়ার হ্যামলেটস দেশের প্রথম স্থানীয় কর্তৃপক্ষ, যারা সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল মিল চালু করেছে, যা পরিবারগুলোর প্রতি শিশুর জন্য বছরে গড়ে ৫৫০ পাউন্ড সাশ্রয় করে।

গত বছর কাউন্সিল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরিবারের জন্য স্কুল ইউনিফর্ম অনুদান চালু করে। এ বছর কর্মসূচিটি সম্প্রসারণ করে তৃতীয় (ইয়ার থ্রি) এবং দশম (ইয়ার টেন) শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব পরিবারের বার্ষিক আয় ৬০ হাজার পাউন্ড বা তার কম, তারা এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন।



 

কমিউনিটি এর আরও খবর