img

রবিবার ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

প্রকাশিত :  ১২:২২, ১৫ সেপ্টেম্বর ২০২৬

রবিবার ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

আগামী ২০ সেপ্টেম্বর রোববার পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী সড়ক ব্রিক লেনে আসছে বহুল প্রতীক্ষিত ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল। খাবার, সংগীত, নৃত্য, বর্ণিল পোশাক আর পারিবারিক বিনোদনে মেতে উঠবে বাংলাটাউন খ্যাত এই এলাকা। বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই আয়োজন, যেখানে প্রবেশ ও অংশগ্রহণ সম্পূর্ণ বিনা মূল্যে।

গত বছর ব্যাপক সাড়া ফেলে ফিরে আসা এই উৎসব এবার আরও বড় পরিসরে, আরও বর্ণাঢ্য আয়োজনে ফিরছে বলে জানিয়েছেন আয়োজকেরা। উৎসবের লক্ষ্য বাংলাদেশি ও দক্ষিণ এশীয় ঐতিহ্যকে উদ্‌যাপন করা, যে ঐতিহ্য ব্রিক লেন ও বৃহত্তর পূর্ব লন্ডনকে আজকের রূপ দিতে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি এলাকার স্থানীয় রেস্টুরেন্ট ও ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উৎসবের সূচনা হবে এক জমকালো শোভাযাত্রার মধ্য দিয়ে, যা ব্রিক লেন ধরে এগিয়ে যাবে। শোভাযাত্রায় থাকবে ঢোলবাদক, নৃত্যশিল্পী, ঐতিহ্যবাহী চীনা সিংহনৃত্য এবং খ্যাতনামা শিল্প সংগঠন ইমার্জেন্সি এক্সিট আর্টসের বিশেষভাবে তৈরি করা তিনটি বিশালাকার পুতুল।

মূল মঞ্চে সারা দিন ধরে চলবে গান বাজনা ও নৃত্য পরিবেশনা। পরিবেশন করবেন ব্রিটিশ-বাংলাদেশি শিল্পী খিয়ো, নিশ ও মামজি স্ট্রেঞ্জার, পাশাপাশি থাকবে আইএমডি লিজিয়ন, ডিজে নাজ ফিচারিং বলি ফ্লেক্স, তাল তরঙ্গ, সৌমি দাস ড্যান্স কোম্পানি, বলিউড ব্রাস ব্যান্ডসহ আরও অনেকের পরিবেশনা। এ ছাড়া পুরো ব্রিক লেনজুড়ে থাকবে ঘুরে ঘুরে পরিবেশনাকারী শিল্পী, ডিজে এবং নানা বিনোদন পরিবেশনা, যার মধ্যে থাকবে অ্যাকসেস ক্রিয়েটিভ কলেজের মেধাবী শিক্ষার্থীদের পরিবেশনাও।

পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ আয়োজন। উৎসবের পারিবারিক জোন ‘দ্য ঘাট’-এ থাকবে বিনা মূল্যের নানা কর্মসূচি - শাড়ি পরানো ও লুঙ্গি বাঁধার প্রদর্শনী, আইএমডি লিজিয়ন ও বলি ফ্লেক্সের সঙ্গে নাচের কর্মশালা, খেলাধুলা, নানা গেম এবং শিশুদের জন্য বাউন্সি ক্যাসল।

খাবার ছাড়া অবশ্য ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল অসম্পূর্ণ। উৎসবে অংশ নেওয়া রেস্তোরাঁগুলো পরিবেশন করবে আঞ্চলিক ও বিশেষ পদের খাবার, সঙ্গে থাকবে স্ট্রিট-ফুড স্টল ও শেফদের রান্নার প্রদর্শনী, যা পূর্ব লন্ডনের বাংলাদেশি কমিউনিটির সমৃদ্ধ রন্ধনশৈলীকে তুলে ধরবে।

ইভেন্টব্রাইটের মাধ্যমে বিনা মূল্যে নিবন্ধন করলে অংশগ্রহণকারীরা একটি বিশেষ কোড পাবেন, যা দিয়ে উৎসব সপ্তাহান্তে ব্রিক লেনের অংশগ্রহণকারী রেস্তোরাঁগুলোতে বিলের ওপর ২০ শতাংশ ছাড় মিলবে।

ব্রিক লেন কারি ফেস্টিভ্যালের আয়োজক টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, বাংলাটাউন বিজনেস অ্যাসোসিয়েশন (বিটিবিএ) এবং ব্রিক লেন কমিউনিটি ফোরাম (বিএলসিএফ)। এটি ‘লাভ টাওয়ার হ্যামলেটস’ প্রচারাভিযানেরও একটি অংশ।

রোববার বন্ধু ও পরিবার নিয়ে চলে আসুন এবং পূর্ব লন্ডনকে বিশেষ করে তোলা খাবার, সংস্কৃতি ও কমিউনিটির এই উৎসবে শামিল হোন।

তারিখঃ রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ 

সময়ঃ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা 

স্থানঃ ব্রিক লেন, ই১, লন্ডন

আগ্রহীরা ইভেন্টব্রাইটের ওয়েবসাইটে (www.eventbrite.co.uk/e/brick-lane-curry-festival-2026-tickets-1993902630442?aff=oddtdtcreator) গিয়ে নিবন্ধন করলে ব্রিকলেনের অংশগ্রহণকারী রেস্টুরেন্টগুলোতে ২০ শতাংশ ছাড়ের কোড ও সর্বশেষ তথ্য পাবেন। বিনোদন সূচি ও ইন্টারঅ্যাকটিভ ইভেন্ট মানচিত্র দেখতে লাভ টাওয়ার হ্যামলেটসের ওয়েবসাইট (www.lovetowerhamlets.com/whats-on/brick-lane-curry-festival-2026) ভিজিট করুন।

কমিউনিটি এর আরও খবর

img

গ্রীষ্মের ছুটি রাঙাল এইচএএফ, কৃতজ্ঞতা জানাল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

প্রকাশিত :  ০৮:২৭, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সামার বা গ্রীষ্মের ছুটিতে তরুণদের জন্য হাজার হাজার ঘণ্টার ফ্রি ছুটিকালীন কর্মকাণ্ড ও স্বাস্থ্যকর খাবার পরিবেশনকারী চ্যারিটি সংস্থা, স্কুল ও কমিউনিটি গ্রুপ গুলোকে তাদের সহায়তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

সরকারের হলিডে অ্যাক্টিভিটিজ অ্যান্ড ফুড (এইচএএফ) প্রোগ্রামের অর্থায়নে পুরো জুলাই ও আগস্ট মাস বারাজুড়ে ৪০টিরও বেশি এইচএএফ ক্লাব পরিচালিত হয়েছে, যার মাধ্যমে ৫ থেকে ১৬ বছর বয়সী শত শত শিশু বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ ও স্বাস্থ্যকর খাবার উপভোগ করার সুযোগ পেয়েছে।

ব্রাজিলিয়ান জিউ-জিৎসু ও স্কেটবোর্ডিং থেকে শুরু করে রান্নার ক্লাস, নাট্য কর্মশালা এবং সৃজনশীল শিল্পকলা পর্যন্ত - এইচএএফ ক্লাবগুলো তরুণদের সক্রিয় থাকা ও নতুন দক্ষতা শেখার উত্তেজনাপূর্ণ সুযোগ করে দিয়েছে।

এই কর্মসূচি বাস্তবায়নে সম্পৃক্ত সংস্থাগুলোকে গত ৯ সেপ্টেম্বর এক বিশেষ অনুষ্ঠানে স্বীকৃতি জানিয়ে সম্মাননা প্রদান করে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল।

টাউন হলে অনুষ্ঠিত বিশেষ এই অনুষ্ঠানে বক্তৃতাকালে ডেপুটি মেয়র এবং কাউন্সিলের বৈষম্য মোকাবেলা ও জীবনযাত্রার ব্যয় বিষয়ক কেবিনেট মেম্বার, কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন, “এইচএএফ প্রোগ্রাম শিশুদের স্কুল ছুটির সময়জুড়ে নতুন দক্ষতা শেখা, বন্ধুত্ব গড়া এবং সমৃদ্ধ অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ করে দেয়। আমাদের স্বেচ্ছাসেবী ও কমিউনিটি সেক্টরের অংশীদারদের অসাধারণ সহায়তা ছাড়া এসব কিছুই সম্ভব হতো না, যাঁদের নিষ্ঠা ও উদ্যম স্থানীয় পরিবারগুলোর জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দেয়।”

তিনি বলেন, “এই গ্রীষ্মে আমি বেশ কয়েকটি ক্লাব পরিদর্শনের সুযোগ পেয়েছি এবং সরাসরি প্রত্যক্ষ করেছি তরুণদের উৎসাহ এবং কর্মী ও স্বেচ্ছাসেবীদের নিষ্ঠা, যাঁরা স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে এত পরিশ্রম করেছেন।”

এবারই প্রথমবারের মতো এইচএএফ ক্লাব পরিচালনাকারী সংস্থা গুলোর একটি হলো দ্য পাওয়ার মুভমেন্ট, যা হোয়াইটচ্যাপেলের সেলবি কমিউনিটি সেন্টারে অবস্থিত।

এই চ্যারিটি সংস্থা আত্মরক্ষা কৌশল, রক ক্লাইম্বিং, বক্সিং, হস্তশিল্প ও গয়না তৈরির মতো কর্মকাণ্ড আয়োজন করেছিল, এবং শিগগিরই দেখা যায় চাহিদা প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।

দ্য পাওয়ার মুভমেন্টের সহপ্রতিষ্ঠাতা সুলতানা বেগম বলেন, “আমরা প্রাথমিকভাবে আত্মরক্ষা কৌশল, রক ক্লাইম্বিং, বক্সিং, হস্তশিল্প ও গয়না তৈরি সহ নানা কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য প্রায় ৩০ জন তরুণের জন্য আসন রেখেছিলাম, কিন্তু মুখে মুখে খবর ছড়িয়ে পড়ায় অভিভাবক ও তরুণেরা দলের আকার বাড়ানোর অনুরোধ জানাতে শুরু করেন, যাতে তাঁদের সন্তান ও বন্ধুরাও অংশ নিতে পারে।”

তিনি বলেন, “এটি ছিল এক অত্যন্ত আনন্দদায়ক অভিজ্ঞতা। গ্রীষ্মকালীন ক্লাবের শেষে আমরা দেখেছি, কিছু শিশু কান্নায় ভেঙে পড়েছিল, তারা চলে যেতে চায়নি এবং বলেছিল যে তারা দারুণ এক অভিজ্ঞতা পেয়েছে। পরবর্তী পর্যায়ের এইচএএফ-এ রেজিস্ট্রি বা নিবন্ধনের জন্য আমি অবশ্যই কমিউনিটি গ্রুপগুলোকে সুপারিশ করব।”

আসন্ন ক্রিসমাসে এইচএএফ কর্মসূচির অংশ হিসেবে কর্মকাণ্ড পরিচালনার জন্য আরও বেশি স্কুল, চ্যারিটি সংস্থা ও কমিউনিটি সংগঠনকে আবেদন করতে উৎসাহিত করছে কাউন্সিল।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এ প্রসঙ্গে বলেন, “পারিবারিক পরিস্থিতি নির্বিশেষে প্রতিটি শিশুরই একটি আনন্দময় ও সমৃদ্ধ ছুটি কাটানোর সুযোগ প্রাপ্য। বিনামূল্যে কর্মকাণ্ড, স্বাস্থ্যকর খাবার এবং তরুণদের জন্য সুযোগ প্রদানের মাধ্যমে এইচএএফ তা সম্ভব করে তোলে।”

তিনি বলেন, “আমরা আশা করি, আরও বেশি সংগঠন এগিয়ে আসবে, যাতে আমরা একটি উত্তেজনাপূর্ণ ক্রিসমাস এইচএএফ কর্মসূচি বাস্তবায়ন করতে পারি।”

ক্রিসমাস এইচএএফ কর্মসূচি পরিচালনার জন্য আবেদন আগামী ৪ অক্টোবর রোববার পর্যন্ত খোলা থাকবে। এই কর্মসূচি চলবে ২০২৬ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩ জানুয়ারি পর্যন্ত।

আরও তথ্য ও আবেদন সংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে www.towerhamlets.gov.uk/HAF ওয়েবসাইটে।

কমিউনিটি এর আরও খবর